[ আ লো ক পা ত ]

অর্থনৈতিক কূটনীতির ক্রান্তিকালে বাংলাদেশ

অর্থনৈতিক কূটনীতির অদক্ষতার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাসহ উত্তর আমেরিকা, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়ন, চীন ও জাপানসহ পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়া এবং সর্বোপরি সৌদী আরব, কুয়েত ও কাতারসহ আফ্রো-এশীয় আরব মুসলিম রাষ্ট্রসমূহের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কে নজিরবিহীন অবনতি ঘটিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ভয়াবহ অনিশ্চিতিতে নিক্ষিপ্ত করা হয়েছে। এ কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালের ‘উন্নয়নে বৈদেশিক সাহায্য তত্ত্ব’ প্রতিস্থাপিত করে ‘উন্নয়নে বৈদেশিক বিনিয়োগের’ যে তত্ত্ব বাংলাদেশে অনুশীলিত করার নানা উদ্যোগ ইতিমধ্যে নেয়া হয়েছে, তা বিভিন্নভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। আমাদের অভ্যন্তরীণ রাজনীতির ক্রান্তিকাল যেভাবে দেশ ও জাতিকে ভয়ংকর মৃত্যুগহ্বরে ঠেলে দিচ্ছে, একইভাবে তা পররাষ্ট্রনীতির অপার সম্ভাবনাকেও ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পররাষ্ট্রনীতির মূল অগ্রাধিকার হলো নম্র পররাষ্ট্র বিষয়গুলোতে (soft foreign policy issues) এবং সে কারণে বৈদেশিক সাহায্য, বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ, রফতানিমুখর শিল্পনীতি ও রফতানিযোগ্য শিল্পদ্রব্যের বাজার অন্বেষণ, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি প্রভৃতি বিষয় আমাদের দেশের পররাষ্ট্রনীতিতে সমধিক গুরুত্ব দেয়া হয়। আমাদের বজ্র পররাষ্ট্র উদ্দেশ্যসমূহ (hard foreign policy objectives) কোনভাবে অর্জিত হলেই আমরা নম্র পররাষ্ট্র বিষয়গুলোতে মনোযোগ দিয়ে আন্তর্জাতিক সম্পর্কে বাংলাদেশকে সম্মানজনক আসনে নিয়ে যেতে প্রয়োজনীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন করে থাকি। প্রতিদিন পত্র-পত্রিকা ও রেডিও-টিভির টক-শোগুলোতে উপর্যুপরি অভ্যন্তরীণ রাজনীতির উচ্চ রক্তচাপ উদ্রেককারী ব্যাখ্যা-বিশ্লেষণ অবলোকন করে আমরা এমন নিশ্চল শ্রোতা ও নির্বাক নাগরিকে রূপান্তরিত হয়েছি যে, আমাদের ক্ষয়িষ্ণু অর্থনৈতিক কূটনীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের যে সর্বনাশ ডেকে আনছে সেদিকে দৃষ্টি দেয়ার প্রয়োজনীয়তাটুকুও যেন আমাদের অবচেতন বা সচেতন মনবলয়ে অনুভূত হয় না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত সুদৃঢ় পররাষ্ট্রনীতি পরবর্তী সময়ে পররাষ্ট্রনীতির বহুমুখীকরণ (Diversification) প্রক্রিয়ায় প্রস্ফুটিত হয়ে বহুমুখী গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে অর্থনৈতিক কূটনীতির মূলনীতিতে গ্রন্থিত হয়ে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সুউচ্চ বহির্বিশ্ব সম্মান (high external image) অর্জন করে। পরবর্তী শাসনামলগুলোতে আমাদের পররাষ্ট্রনৈতিক অর্জনের ধারা মোটামুটি অব্যাহত থাকে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেশকিছু স্পর্শকাতর ভ্রান্তি-বিচ্যুতি আমাদের কষ্টার্জিত পররাষ্ট্রিক অর্জনগুলোকে অনেকটা নিষ্প্রভ করে দেয়। স্নায়ুযুদ্ধের অবসানের পর আন্তর্জাতিক ব্যবস্থায় আবির্ভূত একক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সর্বোত্তম কৌশলে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে বহির্বিশ্বের স্বার্থার্জনে প্রায় সব দেশই পররাষ্ট্র কাঠামো ঢেলে সাজায়। যুক্তরাষ্ট্রের অকৃত্রিম বন্ধু নোবেল বিজয়ী বাংলা মায়ের গর্বের ধন ডক্টর ইউনূসকে জড়িয়ে সরকারের সর্বোচ্চ মহলের অবমাননাকর ভূমিকা ও ঠাট্টা-মশকরা, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি, গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে সৃষ্ট জটিলতা প্রভৃতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দূরত্ব তৈরি হতে থাকে। পদ্মা সেতু দুর্নীতির সাথে যুক্ত সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের বিরুদ্ধে প্রত্যাশিত ভূমিকা না নিলে কানাডার সাথেও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। এ ইস্যুতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করে কানাডা সরকার বাংলাদেশ-কানাডা সম্পর্ক অবনতির বার্তা পৌঁছে দিয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাকে ফোনে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগকৃত অর্থ নিয়ে তাদের উদ্বিগ্নতার কথা জানিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির দ্বিতীয় ক্রান্তিকাল চলছে ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রেও। যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নসহ পাশ্চাত্যের উন্নয়ন সহযোগী দেশ ও গোষ্ঠী বাংলাদেশে তাদের ব্যবসা-বাণিজ্য নিয়ে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সাথে তাদের উদ্বেগ-উত্কণ্ঠা তুলে ধরেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিক ক্যাথরিন অ্যাস্টন সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দিপু মনিকে এ ব্যাপারে যে পত্র লিখেছেন, বেশ গুরুত্ব সহকারে তার প্রত্যুত্তর দেওয়া হয়নি। আমাদের অর্থনৈতিক কূটনীতির ক্রান্তিকালের তৃতীয় গুরুত্বপূর্ণ ক্ষতি সাধিত হয়েছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশীয় উন্নত ও ব্যাঘ্র-অথনীতির (developed and tiger ecomony) দেশগুলোর সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদাশিমা জানিয়েছেন যে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সনি ও টয়োটাসহ বেশ কয়েকটি জাপানী সংস্থা ও প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী পূর্ব এশিয়ার আরেকটি দেশ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির অধিকারী চীনও বাংলাদেশের অতিরিক্ত ভারতমুখী কূটনীতির কারণে বাংলাদেশ থেকে তার সম্ভাব্য বিনিয়োগ বাতিল করতে উদ্যত। একই কারণে চীন সোনাদিয়ার গভীর সমুদ্র বন্দরসহ প্রায় সব প্রকল্প ঝুলিয়ে রেখে বাংলাদেশের শুদ্ধ ও স্বচ্ছ পররাষ্ট্রনীতির প্রতীক্ষা করছে। অতিরিক্ত ভারত তোষণ-নীতির কারণে দক্ষিণ এশিয়ার অন্য রাষ্ট্রসমূহের সাথেও আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কূটনৈতিক ক্রান্তিকালে চতুর্থ বিপর্যয় হলো মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্রমবর্ধমান অবনতি। বঙ্গবন্ধু শেখ মুজিব ওআইসি সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কের যে যাত্রা সূচিত করেছিলেন এবং পরবর্তী সময়ে জিয়া, এরশাদ, খালেদা ও হাসিনা সব সরকারের আমলে সেই সম্পর্ক যে ঘনিষ্ঠতা অর্জন করেছিল, তা সাম্প্রতিককালে খুবই শিথিল হয়ে যাচ্ছে বলে অনুমিত হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার অন্ধকারময় সময়ে ঢাকাস্থ মুসলিম বিশ্বের কূটনীতিকগণ গভীর উদ্বেগ-উত্কণ্ঠা নিয়ে প্রধান বিরোধী নেত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাতের পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময়সূচি প্রার্থনা করে প্রতীক্ষার প্রহর গুণছেন। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে বাংলাদেশের শ্রমবাজারের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের জন্য মধ্যপ্রাচ্যের কূটনীতিকদের উদ্বেগ দূর করার সুষ্ঠু টেকসই নীতি গ্রহণ করতে ব্যর্থ হলে বাংলাদেশের প্রবৃদ্ধির যে সিংহভাগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার হতে প্রেরিত উত্স হতে আহরিত হচ্ছে, তা অচিরেই স্থবির হয়ে বাংলাদেশের অর্থনীতিতে সমূহ ক্ষতি ডেকে আনবে। উপরে বর্ণিত আমাদের অর্থনৈতিক কূটনীতির ক্রান্তিকালে সৃষ্ট বিপর্যয়সমূহের কারণে ইতিমধ্যে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেয়েছে। গত তিন-চার বছরে প্রতিনিয়ত বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) হার কমেছে আশাতীতভাবে। গত ২০০৮-০৯, ২০০৯-১০ এবং ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের হার ছিল যথাক্রমে ৪.৪১% ৩.৭৩% এবং ২.৮৫%। অর্থাত্ প্রতিবছরই এ হার কমেছে এমনভাবে যা রীতিমত আশংকাজনক। বর্তমান অর্থবছরের জুলাই-মার্চ সময়কালে আমাদের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (EPZ) প্রায় ৭.৬৬% বৈদেশিক বিনিয়োগ হ্রাসপ্রাপ্ত হয়ে রপ্তানিমুখী পোশাকশিল্পসহ অন্যান্য শিল্প-প্রতিষ্ঠানের বৈদেশিক বাণিজ্যের সম্ভাবনাকে ক্ষীণ করে দিচ্ছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত আমাদের আটটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় মাত্র ২৪৪.৪০ মিলিয়ন ডলারের বিনিয়োগ হয়েছে। অথচ গত অর্থ বছরের একই সময়ে এ হার ছিল ২৬৪.৬৮ মিলিয়ন ডলার। ঢাকা ও চট্টগ্রামে পর্যাপ্ত ভূমি সংকট ও রাজনৈতিক সংকটের কারণে গত ৬ মাসে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার কর্তৃপক্ষ (BEPZA) প্রায় ১৫০ মিলিয়ন ডলারের ১৭টি বৈদেশিক বিনিয়োগকারী ব্যবসা হারিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (DSE) বৈদেশিক বিনিয়োগও হ্রাস পেয়েছে মারাত্মকভাবে। আমরা আগেই উল্লেখ করেছি যে, পদ্মা সেতু কেলেংকারির পর থেকে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকা পদ্মা সেতুতে প্রতিশ্রুত সাহায্য দিতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশে অন্যান্য দাতা সংস্থা ও গোষ্ঠীকেও এ বার্তা দিয়েছে যে, এখানে কোন বৈদেশিক সাহায্য কার্যকর ভূমিকা পালন করবে না এবং দারিদ্র্য দূরীকরণ ও বাংলাদেশের উন্নয়নে বৈদেশিক সাহায্য সঠিকভাবে ব্যবহূত হবে না। আমাদের পররাষ্ট্রনীতির এ ক্রান্তিকালে সবচেয়ে প্রয়োজন অর্থনৈতিক কূটনীতির হারানো গৌরব ফিরিয়ে আনা। বিশ্বায়নের এ বিশ্বগ্রামে বাংলাদেশ একঘরে হয়ে বসে থাকলে উন্নয়ন সম্ভাবনার উত্সগুলো আস্তে আস্তে অবরুদ্ধ হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কে যে ফাটল বয়েছে তা অবিলম্বে দূর করার সুষ্ঠু উদ্যোগ গ্রহণ করতে হবে। পত্রিকা মারফত জেনেছি দীর্ঘ প্রায় আট মাস ধরে ঢাকাস্থ আমেরিকান রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাত্কারের আবেদন জানালেও এখনো পর্যন্ত সেই কল আসেনি। ড. ইউনূসসহ অন্যান্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সৃষ্ট ভুল বুঝাবুঝি দূর করার এটা মোক্ষম সুযোগ সৃষ্টি হতে পারে রাষ্ট্রদূতের কাঙ্ক্ষিত সাক্ষাত্ অনুষ্ঠানের মাধ্যমে। দ্বিতীয়ত. পদ্মা সেতু ইস্যুতে কানাডাসহ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশগুলোর দাবি ও প্রত্যাশা অনুযায়ী দোষী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতির প্রশ্নে বাংলাদেশের স্বচ্ছতা ও অনড় অবস্থানের প্রমাণ উপস্থাপন করতে হবে। তৃতীয়ত, বাংলাদেশের উন্নয়নের অকৃত্রিম ও ঐতিহাসিক সহযোগী চীনের বন্ধুত্ব অটুট রাখতে কূটনৈতিক তত্পরতা গ্রহণ করতে হবে। দক্ষিণ এশিয়ার বাস্তবতা এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার দায়বদ্ধতা যেন কোনক্রমে অতিরিক্ত ভারত-তোষণ ও ভারত-নির্ভরতা সৃষ্টি না করে, যাতে আমাদের পররাষ্ট্রনীতিতে অন্য উন্নয়ন অংশীদারদের সাথে অনতিক্রম্য বাধার বিন্ধ্যাচল রচিত হয়। এক্ষেত্রে যোগ্য, ফলপ্রসূ ও ক্ষুরধার কূটনীতি গ্রহণ করতে হবে, যাতে ভারতের বন্ধুত্ব ও প্রীতি বজায় রেখেও অন্যদের সাথে সুসম্পর্ক রক্ষা করা যায়। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বঙ্গবন্ধুর নীতি সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়- নীতিটি অনুসরণ করে সহজেই দক্ষিণ এশিয়ার সফল রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুদৃঢ় আঞ্চলিক সম্পর্ক তৈরি করা উচিত। সর্বোপরি, অর্থনৈতিক কূটনীতির সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হিসেবে আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, গণতান্ত্রিক মূল্যবোধ, আসন্ন সাধারণ নির্বাচনে সকলের কাছে গ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণ, যুদ্ধাপরাধের বিচারসহ সকল প্রকার বিচারিক কার্যক্রমে স্বচ্ছ, গতিশীল, নিরপেক্ষ মানদণ্ড বজায়, মানবাধিকার সংরক্ষণসহ আন্তর্জাতিক গণতান্ত্রিক সমাজের চাহিদা অনুযায়ী বৈধভাবে এবং বাংলাদেশের স্বার্থের অনুকূলে সকল পন্থা অনুসরণে সৃজনশীল, গতিময় ও জবাবদিহিমূলক কূটনৈতিক শৃংখলা নীতি ও কৌশল অনুসরণ, অনুশীলন ও বাস্তবায়নে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। তবে এ দায়িত্ব শুধু সরকারের একার নয়, বিরোধী দল, সুশীল সমাজসহ সকল নাগরিকের। প্রতিটি নাগরিককে তার নিজস্ব জায়গা থেকে শুভেচ্ছা রাষ্ট্রদূতের ভূমিকা পালন করতে হবে। যাতে আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্ট বাংলাদেশ- বিরোধী নেতিবাচক মনোভাব শীঘ্র তিরোহিত করে বিশ্বদরবারে অযুত সম্মান নিযুত মর্যাদা ও সর্বব্যাপী সুনামে বৈশিষ্ট্যমন্ডিত করে আমাদের এ দেশকে নির্মল জাতিরাষ্ট্র হিসেবে উপস্থাপিত করা যায়, যাতে অচিরেই বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির ক্রান্তিকাল অতিক্রম করে সুখী সমৃদ্ধিশালী দেশ হিসেবে বিশ্বমানচিত্রে তার যোগ্য স্থানে উপবিষ্ট হতে পারে। লেখক :সহযোগী অধ্যাপক, আন্তর্জাতিক সম্পদ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়