[ রা জ নী তি ]
বেপরোয়া সহিংসতায় দেশ গণতন্ত্রে পাগলাঘণ্টা বেজে উঠেছে!
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২১:৩৫
৫ মে। রণক্ষেত্র পল্টন ও আশেপাশের এলাকা। শত শত যানবাহন, বিভিন্ন ভবন ও ফুটপাতের দোকানে চলছে হেফাজত কর্মীদের ব্যাপক হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মহোত্সব। অবরোধকারীদের লক্ষ্য করে গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছুঁড়ছে পুলিশ। কোথাও কোথাও পুলিশের পেছনে লাঠি, রড ও বাঁশ হাতে দলীয় কর্মীরা। লাঠিসোঁটা নিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে পাল্টা জবাব দিচ্ছে হেফাজতের কর্মীরা। দফায় দফায় চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। থেমে থেমে গুলি-বোমার বিকট শব্দে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। ধোঁয়া বেরোচ্ছে ফুটপাতের ব্যবসায়ীদের ভস্মীভূত মালামাল, যানবাহন ও বিভিন্ন ভবন থেকে। আগুন নেভাতে পানি নিয়ে ছোটাছুটি করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রাস্তার দু’পাশ জুড়ে শুধু ধ্বংসের চিহ্ন— ভবন আর যানবাহনের কাঁচ, ল্যাম্প পোস্টের ভাঙা বাতি, ইটপাটকেল। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বুলেটপ্রুফ জ্যাকেট পরে ঘটনা কাভার করছেন গণমাধ্যম কর্মীরা। থমথমে পরিস্থিতিতে রাস্তায় যানবাহন নেই। সন্ধ্যার আঁধার নামতেই পুরো এলাকায় ভূতুড়ে পরিবেশ। বিদ্যুত্ নেই কোথাও। ঘুটঘুটে অন্ধকারে কোথাও কোথাও জ্বলছে আগুনের লেলিহান শিখা। থেমে থেমে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া। পুরো এলাকা যেন এক যুদ্ধক্ষেত্র। অন্ধকারাচ্ছন্ন মতিঝিলে গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে অবস্থান ত্যাগ হেফাজতের নেতাকর্মীদের। সবশেষের হিসাব হচ্ছে, পল্টন এলাকার আশেপাশে দিনব্যাপী সংঘর্ষে নিহত হয়েছেন ১০ জন। হেফাজতের দাবি: নিহতের সংখ্যা ২০। আহত হয়েছে পুলিশ, গণমাধ্যম কর্মীসহ কয়েকশ’। ধরপাকড়ও হয়েছে ব্যাপক। তবে হতাহতের প্রকৃত হিসাব কেউ জানে না।
গতমাসে দৈনিক ইত্তেফাকে একটি লেখায় উল্লেখ করেছিলাম, গত কয়েক মাস ধরে সরকার ও বিরোধী দলের মধ্যকার চলমান সহিংসতায় গণজাগরণ মঞ্চ ও হেফাজতে ইসলামের বিরোধ নতুন মাত্রা যোগ করবে। অস্থিতিশীল রাজনীতিতে নতুন নতুন পক্ষ সক্রিয়ভাবে জড়িয়ে পড়ায় দেশের পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হয়ে পড়ছে বলেও আশঙ্কা ছিল আমার। অবশেষে সেই অপ্রত্যাশিত আশঙ্কাই সত্যি হলো। ৫ মে হেফাজতে ইসলামের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে চলছিল নানা উত্তাপ ও জল্পনা-কল্পনা। সাম্প্রতিক সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে পুলিশকে যেভাবে মারমুখী ভূমিকায় দেখা গেছে, অনেকক্ষেত্রে গুলিবর্ষণ ও হতাহতের ঘটনাও ঘটেছে— ৫ মে হেফাজতের কর্মসূচি মোকাবেলায় তেমন কিছু ঘটে কি-না, তা ভেবেও উদ্বিগ্ন ছিল সকলে। এক্ষেত্রে উভয়পক্ষের কাছেই যখন সহনশীল আচরণ প্রত্যাশিত ছিল, তখন হেফাজতের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচিকে ঘিরে আবার রণক্ষেত্রে পরিণত হলো রাজধানী। হেফাজতে ইসলামের কর্মসূচিটি কেন শান্তিপূর্ণ থাকল না, এটি একটি বড় প্রশ্ন; এবং এই প্রশ্নের উত্তর বের করা প্রয়োজন। হেফাজতের নেতাদের দাবি, সরকারের আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য ও ক্ষমতাসীন দলের কর্মীরা বিনা উস্কানিতে তাদের সমাবেশ ও মিছিলে হামলা করেছেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হেফাজতের ভেতরে জামায়াতে ইসলামী ও শিবিরের কর্মীরা ঢুকে অঘটন ঘটিয়েছেন। যেকোনো বড় জনসমাবেশকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ রাজনৈতিক স্বার্থ হাসিলে নানা অপতত্পরতা চালাতে পারে— রাজনীতিতে এ ধরনের নোংরা খেলা নতুন নয়। সরকারের কাছে যদি আগাম তথ্য থাকে, হেফাজতের ব্যানারে জামায়াত-শিবির এ ধরনের নাশকতায় মেতে উঠতে পারে, সেক্ষেত্রে পুলিশের আরও সংযত ও সতর্ক থাকার প্রয়োজন ছিল। রাজনীতিতে চলমান সংঘাতময় পরিস্থিতিতে ৫ মে’র ব্যাপক সহিংসতা ‘আগুনে ঘি ঢেলে দেওয়া’র মত অবস্থা সৃষ্টি করলো। উপরন্তু, সরকারি দলের উচ্চপর্যায়ের বৈঠক থেকে দলীয় নেতাকর্মীদের রাজধানীর পাড়া-মহল্লায়, মাঠে থাকার নির্দেশ দেয়া হয়! যেখানেই হেফাজতের কর্মীরা ‘নৈরাজ্য-বিশৃঙ্খলা’ সৃষ্টি করবে, সেখানেই প্রতিরোধ করার ঘোষণা দেয় দলটির নেতারা। পুলিশের পাশাপাশি দলীয় কর্মীদের এভাবে মাঠে নামানোর সিদ্ধান্ত কোনোভাবেই বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। বলপ্রয়োগের নীতি অব্যাহত রেখে সরকার নিজেই দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কি-না, তা প্রশ্নসাপেক্ষ। জামায়াত-শিবির ও বিরোধী জোটের ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর থাকলেও আমরা দেখেছি, এ ঘটনার আগ পর্যন্ত সরকার হেফাজতে ইসলামের ব্যাপারে যথেষ্ট নমনীয় ছিল। বিরোধী জোটের সঙ্গে সংলাপ বহুল প্রত্যাশিত থাকলেও এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত মুখে মুখে আহবান জানানো ছাড়া আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নেয়া হয়নি। এমনকি বিএনপির সব নেতাকে জেলে ঢুকিয়ে, একের পর এক মামলা-হামলা করে সমঝোতার সব পথ রুদ্ধ করা হয়েছে। বিপরীতদিকে হেফাজতে ইসলামের সঙ্গে প্রথম থেকেই একের পর এক আলোচনার চেষ্টা চালিয়ে গেছে সরকার। এমনকি হেফাজতের দাবির পরিপ্রেক্ষিতে গণজাগরণ মঞ্চকে বন্ধ করার পক্ষেও মত দিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা। কয়েকজন ব্লগারকে গ্রেফতার করে মহাজোটের শরীক বামদলগুলোকেও ক্ষেপিয়ে তুলেছিল সরকার। আবার হেফাজতের ব্যাপারে এখন কঠোর অবস্থানের কারণে ঠিক বোধগম্য হচ্ছে না, আসলে সরকার চালাচ্ছে কে? এটা ঠিক যে, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সূত্রপাত হওয়া গণজাগরণ মঞ্চের আন্দোলনকে শুরুর দিকে পৃষ্ঠপোষকতা ও সমর্থন দেয়ার কারণে আওয়ামী লীগ হেফাজতের আন্দোলনের মুখে বেশ বেকায়দায় আছে। তাই সরকারের কেউ কেউ এটিকে যুদ্ধাপরাধীদের বাঁচানোর আন্দোলন বলার চেষ্টা করলেও এটা সবাই জানেন,তাদের কোনো রাজনৈতিক এজেণ্ডা নেই এবং হেফাজত প্রধান কোনো রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হচ্ছে না। বিদ্যমান শাসনব্যবস্থায় হেফাজতের ১৩ দফার কোনো কোনো দাবি বাস্তবায়নের যৌক্তিকতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে— এটা সত্য; কিন্তু এটাও বাস্তব যে, দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে আন্দোলন করায় হেফাজত ব্যাপক জনসমর্থন পাচ্ছে। অন্যথায়, শুধু হেফাজতের কর্মীদের উপস্থিতিতে গত ৬ এপ্রিলের লংমার্চ কিংবা ৫ মে’র ঢাকা অবরোধে এত লোকসমাগম হওয়ার কথা নয়। এরকম একটি পরিস্থিতিতে সরকার হেফাজতে ইসলামের সঙ্গে আলোচনার ভিত্তিতে তাদের কিছু দাবির নিষ্পত্তি করতে পারতো। গণতান্ত্রিক দেশে বিভিন্ন ইস্যুতে আন্দোলনকারীদের দফাভিত্তিক অনেক দাবি-দাওয়া থাকতে পারে। কিন্তু, খোদ দাবি উত্থাপনকারীরাও জানেন যে, তাদের সবগুলো দাবি বাস্তবায়নযোগ্য নয়; এবং তারা এটা আশাও করেন না। অনেক দাবিই শুধু দফার সংখ্যা বৃদ্ধি বা দেয়ার জন্যই দেয়া হয়। ছাত্রজীবনে ক্যাম্পাস সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলে ছাত্রী নির্যাতন বিরোধী আন্দোলনের সময় নির্যাতন বিরোধী মঞ্চের পক্ষ থেকে অনেক দাবি তোলা হয়েছিল। কিন্তু ভিসির পদত্যাগের পর গোটা আন্দোলনই স্তিমিত হয়ে যায়। তাই সরকার হেফাজতের প্রধান দু’একটি দাবি মেনে নিলেই ঘূর্ণায়মান রাজনীতিতে আকস্মিক আবির্ভূত হওয়া এ শক্তিশালী প্রতিপক্ষকে ঠাণ্ডা করতে পারতো। কিন্তু তা না করে চলমান নৈরাজ্যকর পরিস্থিতিতে হেফাজতে ইসলামকে সক্রিয় করার পর উদ্ভূত পরিস্থিতিতে ভারসাম্য আনতে পুলিশ দিয়ে ৬ মে শাহবাগের গণজাগরণ মঞ্চ ভেঙে দেয়ার ঘটনায় আওয়ামী লীগের মতো জনসম্পৃক্ত দলের রাজনৈতিক অদূরদর্শিতা, পরিস্থিতি মোকাবেলায় সিদ্ধান্তহীনতা ও প্রজ্ঞার প্রকট অভাব স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে। মনে হচ্ছে, রিমোর্ট কণ্ট্রোলের বোতাম চেপে কেউ সরকার পরিচালিত করছে; অথবা বাইরের কোনো শক্তির চাপিয়ে দেয়া সিদ্ধান্ত সরকারের বাস্তবায়ন করছে। আরেকটি বিষয় হচ্ছে, ঝঞ্ঝাবিক্ষুব্ধ দেশের রাজনৈতিক অঙ্গনে দুই নেত্রীর মুখ থেকে আকস্মিক সংলাপের আহবান উচ্চারিত হওয়ার পর পরই আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিরোধী জোট নেত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ও ঢাকা অবরোধ কর্মসূচি ঘিরে হেফাজতে ইসলাম কর্মীদের সহিংসতা পরবর্তী পরিস্থিতিতে মতিঝিলে লাগাতার অবস্থানের ঘোষণার সঙ্গে কোনো যোগসূত্র থাকাটা অমূলক নয়। সরকার ঝুঁকি নিয়ে যৌথ বাহিনী দিয়ে মতিঝিলকে হেফাজতের দখলমুক্ত করতে না পারলে এবং খালেদা জিয়ার আহবান অনুযায়ী বিরোধী জোট হেফাজতের সঙ্গে একাত্ম হয়ে গেলে পরিস্থিতি চূড়ান্ত সংঘাত ও নিয়ন্ত্রণহীন হয়ে যেত— তা সহজেই অনুমেয়। তারপরও এখন এমন এক অনিশ্চয়তা তৈরি হয়েছে যে, যুদ্ধাপরাধের বিচার বানচালে জামায়াতে ইসলামীর আন্দোলন এবং ১৮ দলীয় জোটের তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের আন্দোলন ও সরকারের স্বৈরতান্ত্রিক আচরণের কারণে সৃষ্ট বিপজ্জনক পরিস্থিতির প্রেক্ষাপটে হেফাজতকে নিয়ে নতুন করে হিংসাত্মক পরিস্থিতিতে অতি উত্সাহীরা কিংবা তৃতীয় কোনো পক্ষ এমন কিছু করে বসতে পারে, যা আরও বড় ও নিয়ন্ত্রণহীন হানাহানির জন্ম দিতে পারে। দৃশ্যত মনে হচ্ছে, দেশে গণতন্ত্রের পাগলাঘণ্টা বেজে উঠেছে। যার অবশ্যম্ভাবী পরিণাম হচ্ছে, সরকার বনাম সরকারবিরোধী সব পক্ষের মধ্যে চূড়ান্ত সংঘাত এবং এ পথ ধরে অগণতান্ত্রিক কিংবা তৃতীয় কোনো শক্তির হস্তক্ষেপ বা ক্ষমতা দখলের দুঃখজনক পরিস্থিতির উদ্ভব।
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের অনেকের কাছে গণতন্ত্রের স্বপক্ষে একটি দাবি হলো:এটি শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। গণতান্ত্রিক জীবন-যাপনের ভিত্তি হিসাবে পারস্পরিক মত বিনিময় ও আলাপ-আলোচনার ওপর নির্ভরশীলতা, বলপ্রয়োগের সুযোগ না থাকা, কোনোরকম বৈষম্যমূলক আচরণকে স্বীকার না করা ও অপরের প্রতি সম্মানজনক আচরণ বুঝায়। গণতান্ত্রিক রাজনীতি একটি দেশের সমাজ ও অর্থনীতির স্থিতিশীলতা বজায় রেখে এসব ব্যবস্থাকে গতিশীল করে তোলে। নির্বাচিত সরকার অর্পিত দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকে। কোনো ব্যত্যয় ঘটলে বা অনিয়ম দেখা দিলে বিরোধী দলগুলো সরকারের সেই দুর্বলতা ধরিয়ে দেয়, যাতে রাষ্ট্রের ও জনগণের সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়। এটাই এক কথায় গণতান্ত্রিক রাজনীতিতে সরকার ও বিরোধী দলের পারস্পরিক বোঝাপড়ার বিষয়। কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের বেলায় যেন বিধিবাম। গত কয়েক মাস ধরে সরকার ও বিরোধী দলের পরস্পরবিরোধী কঠোর অবস্থানের কারণে দেশের স্থিতিশীলতা, অর্থনীতি ও গণতন্ত্র সংকটাপন্ন হয়ে পড়েছে। চলমান ধ্বংসাত্মক রাজনীতির কারণে দেশের অর্থনীতির বেশ কিছু খাতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কমে যাচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আমদানি। যখন দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, তখনই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠছে। অর্থনীতি তথা দেশ, জাতি ও গণতন্ত্রকে ঠেলে দেয়া হচ্ছে একটি গভীর খাঁদের দিকে। এ সংকটসঙ্কুল পথ পেরিয়ে আলোকিত রাজনৈতিক অঙ্গনের দেখা কখন ও কীভাবে মিলবে; বা আদৌ মিলবে কি? যার মাধ্যমে বেরিয়ে আসবে আগামী নির্বাচন অনুষ্ঠানে সকলের কাছে গ্রহণযোগ্য কোনো পথের দিশা। সেদিনের অপেক্ষায় আছে ১৬ কোটি মানুষ।
লেখক: সহকারী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়