‘আমরা নিশ্চিত ঘুরে দাঁড়াবো’
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২১:৫৮
ম্যাচটা তো কাছ থেকে দেখলেন। কী মনে হল, কোন জায়গাটায় হেরে গেলাম আমরা?
এই যে উইকেটে খেলা হল, তাতে আমাদের ২৭০-২৭৫ রান করা উচিত ছিল। ইনিংস শুরুর কিছু পর থেকেই উইকেট খুব ফ্লাট হয়ে গিয়েছিল; এখানে একটু মানসম্পন্ন ক্রিকেট খেললেই সেই স্কোরটা করা যেত। আমরা অন্তত ২০ রান কম করেছি। আবার বোলিংয়ে প্রথম ৯ ওভারেই ৬৩ রান দিয়ে ফেলেছি। বোলাররা ভালো লাইনে, ভালো লেন্থে বল করতে পারিনি। হ্যা, ওরাও ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি, এই ম্যাচে জয়ের জন্য জিম্বাবুয়েকেও তাদের প্রাপ্য কৃতিত্বটা দিতে হবে।
ব্যাটসম্যানদের ভুলটা ঠিক কী হল? একজন সাবেক ব্যাটসম্যান হিসেবে কী মনে হল?
একটা জিনিস বলতে পারি শুরুতে যেভাবে ধৈর্য্য দেখানো উচিত ছিল; তা আমাদের টপ অর্ডার দেখাতে পারেনি। আসলে খেলা ৯টায় শুরু হওয়াতে নতুন বল বেশ একটু মুভ করছিল; খেলা ১০টা থেকে শুরু হলে আবার অন্যরকম হত। এই সময়টা উইকেট ধরে রাখতে পারলে পুরোনো বলে পরে যে অনেক রান আসে; সেটা তো দেখাই গেল। রাজ্জাকের কাছ থেকে রান পাওয়াটা তো অপ্রত্যাশিত। কিন্তু ব্যাটসম্যানরাই যদি প্লান করত যে, আমরা পরে রানরেট বাড়াবো; তাহলেই ঠিক হতো বলে মনে হয়।
তারপরও যে রান হল, বোলাররা সেটাকে যথেষ্ট বলে দাঁড় করাতে পারল না। বোলিংটা কী ভালো হয়েছে?
এই উইকেটে বল একটু স্কিড করে, টার্ন নেই; ফলে স্পিনারদের দোষ দিয়ে লাভ নেই। কন্ডিশনটা পক্ষে থাকায় সিমাররা বরং একটু ভালো বল করছে। তবে আমাদের দুই জন স্পিনার তো আছে বিশ্বসেরাদের কাতারে পড়ে—সাকিব আর রাজ্জাক। ওরা যে কোনো উইকেটেই চাইলে ভালো বল করতে পারে। আমার বিশ্বাস, পরের ম্যাচে ওদের কাছ থেকে আরও ভালো বোলিং পাবো আমরা।
আগে বুলাওয়েতে স্পিনাররা বেশ টার্ন পেত...
হ্যা, শুনেছি। বছর দুই আগে বাংলাদেশ এখানে সফরে এসেছিল। আমি ঠিক জানি না, তখন উইকেট কেমন আচরণ করেছিল। তবে এবার উইকেটে ঘাস অনেক বেশি। ফলে স্পিনাররা তেমন সাহায্য উইকেট থেকে পাচ্ছে না। সকালে কিছু মুভমেন্ট থাকলেও পরে উইকেট মূলত ব্যাটসম্যানদের পক্ষেই চলে যাচ্ছে।
এই হারটাকে সামগ্রিকভাবে আপনি কিভাবে দেখছেন?
এটাই ওয়ানডে ক্রিকেট। কখনো জিতবেন, কখনো হারবেন। এই ম্যাচটার কথা যদি বলেন, নির্মোহভাবে বলতে হবে জিম্বাবুয়ে দারুণ খেলেছে। ওরা একটা পর্যায়ে আমাদের সেরা বোলারদের অর্ডিনারি পর্যায়ে নামিয়ে এনেছিল। আমাদের বোলাররা কিন্তু টেস্ট সিরিজে এবং প্রথম ওয়ানডেতে ভালো ব্যাটিং করেছে। এই ম্যাচে সেই বোলারদের ভালোভাবে খেলায় জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে হবে।
দলকে অনুপ্রাণিত করার জন্য, শেষ ম্যাচ জেতার জন্য আপনারা কী বলছেন?
আমি একটা কথাই বলি, চলে যাওয়া ম্যাচ নিয়ে বেশি বিশ্লেষণ করার চেয়ে গুরুত্বপূর্ণ—পরের ম্যাচের জন্য ইতিবাচক ভাবনা ভাবা। আমরা সিরিজে এই হারের পরও ভালো অবস্থায় আছি। আমি নিশ্চিত আমরা ঘুরে দাঁড়াবো। পরের ম্যাচ জিতে সিরিজ জিতেই ফিরবো আমরা।
জিম্বাবুয়ের বিপক্ষে খেলোয়াড়দের ওপর কী একটু বেশি চাপ আছে?
দেখুন, চাপ সব দলের বিপক্ষে খেলার সময়ই থাকে। আর জিম্বাবুয়েকে নিয়ে যেমন কথাবার্তা হয়, ওরা তার চেয়ে অনেক ভালো দল। ওদের ওয়ানডে রেকর্ড যথেষ্ট ভালো। লড়াকু দল। ফলে বাড়তি চাপ নেই। আমাদের বরং এখানে রেকর্ড ভালো। সেটা মনে রেখে আমরা নির্ভার হয়েই পরের ম্যাচ খেলতে পারবো।