শিরোপার আরও কাছে বার্সা
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২১:৫৯
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দেখা যায়নি তার ঝলক। দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখের ৭-০ গোলের বিশাল ব্যবধানে হেরে বিদায় নিতে হয় বার্সাকে। তবে, গত রবিবার রাতে অনেক দিন পর স্বরূপে ফিরলেন মেসি। আর তার জোড়া গোলেই রিয়াল বেটিসের বিপক্ষে ৪-২ গোলে জিতলো কাতালানরা। আর এই জয়েই শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। শিরোপার জন্য আগামী চার ম্যাচে মাত্র এক পয়েন্ট দরকার মেসিদের।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বেশ কয়দিন ধরেই মাঠে নিয়মিত নন। আর মাঠে নামলেও নেই সেই চিরচেনা মোহনীয় ফুটবল। তবে নিজেদের মাঠে লিগ ম্যাচে দারুণভাবেই ফিরে আসলেন। দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে উঠে এসে দুটি গোল করে দলের জয় নিশ্চিত করলেন। এই নিয়ে মেসি সব ধরনের প্রতিযোগিতায় এই মৌসুমে মোট ৬০ গোল করলেন। লিগে এখন পর্যন্ত করেছেন ৪৬ গোল, আগের মৌসুমে নিজের করা ৫০ গোলের রেকর্ড ভাঙার পথে ভালোভাবেই আছেন এই আর্জেন্টাইন।
স্যান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে দ্বিতীয় মিনিটে ডোরলান প্যাবনের শটে গোল হজম করতে হয় বার্সাকে। সাত মিনিট পরই অ্যালেক্সিস সানচেজ সমতায় ফেরান। বিরতির আগে রুবেন পেরেজ ৪৩ মিনিটে আবারও বেটিসকে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে ডেভিড ভিয়ার গোলে সমতায় ফেরে বার্সা। এরপরই স্প্যানিশ তারকার বদলি হয়ে মাঠে নামেন মেসি। ৬০ ও ৭১ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন চারবারের ব্যালন ডি’অর জয়ী। ম্যাচ শেষে আবারও মেসির প্রশংসা স্তুতি গাইছে সবাই। বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে বলেন, ‘সবাই জানে মেসি এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় আর আগামী বেশ অনেকদিন সে নিজের স্থান ধরে রাখবে। বিশেষ করে সঠিক সময়ে সঠিক কাজ তার থেকে ভাল আর কেউ করতে পারবে না।’
জয়ে সন্তুষ্ট মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাও। আর চ্যাম্পিয়ন্স লিগের বাজে পারফরম্যান্সের পরও দলে কোন পরিবর্তন আনার বিপক্ষে মত দেন এই স্প্যানিশ, ‘আমি মনে প্রাণে বিশ্বাস করি যে, আমাদের বর্তমান দলটি দিয়েই প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব। আর এই দলটির এখনও অনেক কিছু জয়ের সুযোগ আছে। আর তাই আমি দলে এখনই কোন পরিবর্তন চাই না।’
মেসির প্রশংসা করে এই তারকা বলেন, ‘আমাদের সব সময়ই মেসির উপর কিছুটা হলেও নির্ভরশীলতা থাকবে। কারণ, সেই আমাদের মূল খেলোয়াড়। আর তার মতো একজনকে দলে পাওয়া সব সময়ই ইতিবাচক।’
চার ম্যাচ হাতে রেখে ৮৮ পয়েন্টে শীর্ষে বার্সা। ১১ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ পরের যে কোনো ম্যাচে পয়েন্ট খোয়ালেই শিরোপা নিশ্চিত হবে বার্সার। বুধবার মালাগার মুখোমুখি হচ্ছে রিয়াল। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ হারলে কিংবা ড্র করলে সেদিনই নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার শিরোপা। তবে এমনটা না ঘটলে, বার্সেলোনা তাকিয়ে থাকবে রিয়ালের শনিবারের ম্যাচের দিকে। এখানেও রিয়াল জিতলে টিটো ভিলানোভার দলকে অপেক্ষা করতে হবে আগামী রবিবার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ পর্যন্ত।
রবিবারের ম্যাচের ফলাফল
মায়োর্কা ১ লেভান্তে ১
জারাগোজা ৩ রায়ো ভ্যালেকানো ০
সেভিয়া এফসি ৩ এস্প্যানিওল ০
বার্সেলোনা ৪ রিয়াল বেটিস ২