প্রিমিয়ার ফুটবল লিগ

শেখ রাসেলের স্বপ্নের অভিযান শেষ আজ

এক ম্যাচ হাতে রেখে আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ নিয়ম রক্ষার শেষ ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেনীর সকার ক্লাবের বিপক্ষে খেলেই এই মৌসুমের ট্রেবলজয়ী ক্লাবটি। শেষ ম্যাচের ফলাফল যাই হোক না কেন তাতে লিগের পয়েন্ট তালিকায় কোন প্রভাব ফেলবে না। আর তাই বেশ জোরেসোরেই চলছে চ্যাম্পিয়নদের উত্সবের প্রস্তুতি। যদিও সাভার ট্র্যাজেডি ও চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আনন্দ উত্সবে কিছুটা ঔজ্জ্বল্য কমানো হচ্ছে বলে জানালেন ফুটবল সংশ্লিষ্ট কর্মকর্তা সালেহ জামান সেলিম। উত্সব করতে শেখ রাসেল সমর্থকরা তো থাকবেনই, সাথে শেষ ম্যাচের ব্যানার, ব্যান্ড পার্টির বাজনা সবই থাকবে আয়োজনে। ঘোড়ার গাড়িতে করে স্টেডিয়ামে আসবেন খেলোয়াড়রা, পতাকা নিয়ে করবেন মাঠ প্রদক্ষিণ। সাফল্যের জন্য সেরা দলটিই গড়েছিল শেখ রাসেল। আর নিজেদের এই সেরা তারকারাই গত এক দশকে ফুটবলে প্রবেশ করার পর এবারই প্রথম শেখ রাসেল সর্বোচ্চ সাফল্যটি এনে দিয়েছেন। আর তাই শেষ ম্যাচটিও জয় দিয়েও শেষ করতে চায় তারকাখচিত দলটি। প্রতিপক্ষ সকার ক্লাব নির্ভার। কারণ বিজেএমসির কাছে হেরে লিগ থেকে রেলিগেশন হয়েছে আরামবাগের। যে কারণে সকার ক্লাবের মাথার উপর থেকে রেলিগেশনের বোঝাটা নেমে গেছে গত শুক্রবার সন্ধ্যায়। বেঁচে গেছে ব্রাদার্সও। তাদের সামনে এখন আর কোনো দুর্ভাবনা নেই। গত দুই ম্যাচে শেখ জামালের বিরুদ্ধে জয় এবং মোহামেডানের সাথে ড্র করে ১৫ খেলায় ১২ পয়েন্ট পাওয়া সকার ক্লাব এখন নির্ভার হয়ে শেষ ম্যাচে আজ শেখ রাসেলকে মোকাবেলা করবে। জিতলেও সাত নম্বর স্থানেই থাকবে। ১৫ খেলায় ১১ পয়েন্ট পাওয়া ব্রাদার্স আগামীকাল শেখ জামালের বিরুদ্ধে জিতলেও সকার ক্লাবকে স্পর্শ করতে পারবে না।