পঁচিশে বৈশাখ :অসীমের চিরবিস্ময়

আজ পঁচিশে বৈশাখ। চিরনূতনেরে ডাক দেওয়ার দিন। আজ বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মদিন। রবীন্দ্রনাথ আমাদের কাছে এক অপার বিস্ময়! রবি, অর্থাত্ সূর্যের মতোই আমরা সকলে তাঁহার আলোর ছোঁয়ায় নিজেদের ভিতরকার অন্ধকার দূর করিতে গর্ববোধ করি, ধন্য হই। সূর্য যেমন সকলের, রবীন্দ্রনাথও কোনো দেশ-কালের গণ্ডিতে সীমাবদ্ধ নহেন। তিনি সার্বভৌম মানবতাবাদী কবি। তাঁহাকে অসংখ্যবার পড়িয়াও যেন শেষ করা যায় না। অসীম মহাসাগরের মতো, সূর্যের অফুরান আলোকশক্তির মতো তাঁহার সৃষ্টিকর্ম। আমাদের যেকোনো শোক বা শক্তি, আনন্দ বা অশ্রুর স্বরলিপি রবীন্দ্রনাথের কোনো না কোনো কবিতা বা গানের ভিতরে খুঁজিয়া পাই। প্রায় আড়াই হাজার কবিতা, এক শত’র বেশি ছোটগল্প, তেরোটি উপন্যাস, ছোট বড় মিলাইয়া প্রায় ষাটটি নাটক রচনা করিয়াছেন তিনি। গান লিখিয়াছেন প্রায় দুই হাজার, সুরও দিয়াছেন। শুধু সংখ্যার বিচারে নহে, তাহার যে কোনো সৃষ্টি আমাদের চিন্তাশীল করে, মানবিক ও পরিশীলিত করে, দিশা দেয় অন্ধকারে, এবং সার্বিকভাবে বিমোহিত করে পরম বিস্ময়ে। জীবনের শেষলগ্নে আসিয়া তিনি যে সকল চিত্রকলা সৃষ্টি করিয়াছেন, তাহাও আমাদের বিস্ময়াভিভূত করে। ‘সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম/ সে কখনো করে না বঞ্চনা’—ইহাই রবীন্দ্রনাথ ঠাকুর। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকার প্রদত্ত ‘নাইট’ উপাধি ত্যাগ করিতে দ্বিধা করেন নাই। তাঁহার সৃষ্টির বিশাল ব্যাপ্তিকে উপলব্ধি ও আবিষ্কার করিবার ভিতরে পাঠকের যে আনন্দ, তাহা অতুল্য। দেড় শত বত্সর অতিক্রম করিবার পরও এখনও তিনি আমাদের জীবনের মননশীলতার নিত্যদিনের অংশ। ফরাসি দেশের মানুষের নিকট সুদীর্ঘ চার শত বত্সর পরও যে অমিত শক্তি লইয়া জীবন্ত রহিয়াছেন ভিক্টর হুগো, কিংবা রুশ দেশের মানুষের নিকট গোর্কি-তলস্তয়-পুশকিন যেমন যুগ যুগ ধরিয়া প্রাসঙ্গিক রহিয়াছেন, চার্লস ডিকেন্স-কার্লাইল অমর হইয়া রহিয়াছেন ইংরেজিভাষীর কাছে, রবীন্দ্রনাথও তেমনি আমাদের অন্তরে বিকশিত। তাই তাঁহাকে আমরা পাই মানবিক ও মননশীল উত্তরণের সোপানে, যেখানে মহত্ত্বের অটুট ভিত্তির ওপর তিনি অবিরাম ইমারত বানাইয়াছেন। কবি সুকান্ত ভট্টাচার্য যেমনটি বলিয়াছেন তাঁহার সম্পর্কে— ‘এখনো প্রাণের স্তরে স্তরে,/ তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে।’ ইহা আমাদের জন্য আনন্দের যে, তাঁহার অপ্রতুল ছোটগল্প গড়িয়া উঠিয়াছে এই বাংলার পটভূমিতেই। এইখানেই তিনি জীবনের বহুবিচিত্র দিক প্রতিফলিত করিয়াছেন, সৃষ্টি করিয়াছেন বাংলা ছোটগল্পে নবধারা। ২০১১ সালে বাংলাদেশ ও ভারত যৌথভাবে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন করে। বাংলাদেশ সরকার সেই সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয়, যাহার চূড়ান্ত রূপরেখা আসে এই বত্সর ফেব্রুয়ারিতে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস হইবে রবীন্দ্রস্মৃতিধন্য জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অন্যতম জমিদারি ইউসুফশাহী পরগনার (ডিহি) শাহজাদপুরে। বিশ্ববিদ্যালয়ের আরও দুইটি ক্যাম্পাস হইবে—পূর্ববঙ্গের ঠাকুর জমিদারির কালিগ্রাম পরগনার নওগাঁর পতিসরে এবং কুষ্টিয়ার ইবরাহিমপুর পরগনার শিলাইদহে। বাংলাদেশ ও ভারত উভয় দেশই নিজ-নিজ জাতীয় সংগীত খুঁজিয়া লইয়াছে রবীন্দ্ররচনার অমৃত-ভাণ্ডার হইতেই। এমন-কী শ্রীলংকার জাতীয় সংগীতেও রহিয়াছে রবীন্দ্রপ্রভাব। এই ঘটনা বিরল এই বিশ্বে। অতীতে সামপ্রদায়িকতার বিষাক্ত কাঁচি চালাইয়া রবীন্দ্রনাথকে দ্বিখণ্ডিত করিবার নষ্ট ষড়যন্ত্র হইয়াছিল, তাহা সফল হয় নাই। বরং আমাদের আকাশে রবি আরও দীপ্যমান হইয়া উঠিয়াছে। তিনি মনে করিতেন, পৃথিবীর বিভিন্ন জাতির ভিতরে মানবতা প্রচ্ছন্নভাবে পরিব্যাপ্ত। তাঁহার জীবদ্দশায় সেই মানবতা যখন আক্রান্ত হইয়াছে, তখন তিনি সবচাইতে বেশি উচ্চকিত ছিলেন—যাহার প্রকাশ আমরা দেখিতে পাই তাঁহার অসংখ্য কবিতা, প্রবন্ধ, বক্তৃতা কিংবা চিঠিপত্রের ভিতরে। রবীন্দ্রনাথ তাঁহার শেষ জন্মজয়ন্তীতে লিখিয়াছিলেন, ‘হে নূতন,/ দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’। প্রকাশের আহ্বান জানাইয়াছিলেন ‘অসীমের চিরবিস্ময়’কে। এইভাবেই রবীন্দ্রনাথ জীবদ্দশায় শেষ ‘পঁচিশে বৈশাখ’-এ ডাক দিয়াছিলেন ‘চিরনূতনেরে’। এই চিরনূতনেরা দিকে দিকে রাষ্ট্র হইতেছে, আমাদের শক্তি ও ভরসা সেইখানেই।