আলোকপাত

গন্তব্য বহুদূর

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বহুদূর শব্দটা প্রতিনিয়তই ব্যবহূত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, আন্দোলনের নামে অযৌক্তিক হরতাল, আর হরতালের নামে গাড়ি পোড়ানো, আগুন দিয়ে জনগণের সম্পদ ধ্বংস করা, নিরীহ মানুষকে পুড়িয়ে মারা, সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্তে লিপ্ত আছে বিএনপি। আর এসব অপকর্মের ফলে বিরোধী নেত্রী খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সুতরাং ক্ষমতায় বসার স্বপ্নটা বহুদূর। তিনি এও বলেছেন, সুশীল সমাজ মিডিয়ার মাধ্যমে নির্বাচনের যে সকল ফর্মুলা দিয়ে যাচ্ছেন এতে যে শুধু গণতন্ত্র ব্যাহত হবে তাই নয়, বিরোধী নেত্রীর জনপ্রিয়তাকে শূন্যের কোঠায় নামিয়ে দিয়ে এবার আমাকে ধরেও টান দিতে যাচ্ছে। এদেশের রাজনীতিতে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, যে রাজনৈতিক দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, সেই দলটির দেশ এবং দেশের মানুষের প্রতি তাদের দরদ একশগুণ বেড়ে যাবে। প্রতিটি ধূলিকণা রক্ষার দায়িত্বও যেন তাদের। উদাহারণস্বরূপ বলা যায়, হরতাল ডাকলে যখন রাস্তায় গাড়ি পোড়ানো হয়, দোকানপাট, অফিস-আদাল, কলকারখানা বন্ধ থাকে, তখন মন্ত্রীদের দরদমিশ্রিত গলার বিবৃতির যেন শেষ থাকে না। আহ্হা! বিরোধী দল অযৌতিক হরতাল ডেকে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। একদম অংক হিসাব করে বলে আজ এতো কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠা খুব কঠিন। সুতরাং আইন করে হরতাল বন্ধ করে দেয়া উচিত। কিন্তু কোনো দল কোনোকালেই তা করবে না। কারণ ক্ষমতায় আরোহণ করার সবচেয়ে বড় হাতিয়ার হলো হরতাল। যে দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তাদের শীর্ষ পর্যায়ের নেতারা কেন জানি দলটির জনপ্রিয়তা কোন পর্যায়ে আছে তা যাচাই করার ক্ষমতা হারিয়ে ফেলেন। তার সম্ভবত কারণ আপনজন ও চাটুকাররা তাদের চারদিক ঘিরে থাকে। এলাকার উন্নয়ন বা কোনো একটা পদক্ষেপ নিতে গিয়ে দেখা যায় হিতে বিপরীত হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার মানুষ। এই সঠিক সংবাদটা কেউ নেতার কানে দেবে না। উল্টো আরো প্রশংসা করতে থাকবে। এই করেই অধিকাংশ ক্ষেত্রে জনপ্রিয়তার ধস নামে। আর নির্বাচন এলেই এর পরিণতি ভোগ করতে হয় তাদেরকে। আজব এই দেশে একটা কথা চরম সত্য, যে দলই ক্ষমতায় আসুক তারা দেশ ও জাতির উন্নয়নে যতটুকু না চেষ্টা করে তারচেয়ে দ্বিগুণ চেষ্টা করে বিরোধী দলকে দমনে, এমনকি নির্মূল করে দেয়ার জন্য। এটা যে শুধু বর্তমান সরকার করেছে তা নয়, বিএনপিও করেছিল। তারা নেতৃত্ব শূন্য করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়ার সবরকম চেষ্টাই করেছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যখন নির্বাচন এলো সব অপচেষ্টা হিতে বিপরীতকেই ডেকে এনেছে। ক্ষমতা চিরস্থায়ী নয়। তাছাড়া আমাদের দেশে একটা রীতি দাঁড়িয়ে গেছে। এক দল পরপর দুইবার ক্ষমতায় আসে না। ক্ষমতা ও যত রকম কলাকৌশল আছে সবটুকু প্রয়োগ করেও পারে না। বরং দলটি আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। নির্বাচনে আসন সংখ্যাও একদম কমে যায়। বিএনপি আন্দোলন করে যাচ্ছে। হরতাল দিচ্ছে। গাড়ি পোড়ানো হচ্ছে। মানুষও হতাহত হচ্ছে। রাজনৈতিক সহিংসতা বেড়ে গিয়ে দেশ ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। ধ্বংস হয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। বিএনপির ধারণা সরকারি দল আওয়ামী লীগের জনপ্রিয়তায় ধস নেমে একদম শূন্যের কোঠায় নেমে এসেছে। তাদের ফের ক্ষমতায় আসার স্বপ্ন দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এই গঙ্গাটা বহুদূর। জনগণের বৃহত্তর আন্দোলন অতীতে কখনো বৃথা যায়নি। এবারও যাবে না। তবে দেশ অর্থনৈতিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। দেশের বৃহত্তর স্বার্থে এই ক্ষতি মেনে নেয়াটাই স্বাভাবিক। বিএনপি এতদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে। এখন বিএনপি ও তাদের মিত্ররা সরকার পতনের এক দফা আন্দোলন ঘোষণা করেছে। সেটাও সফর হবে বলে মনে হয় না। এর আগে তিন মেয়াদে কোনো সরকারকেই মেয়াদপূর্তির আগে সরানো যায়নি। বিএনপির এক দফাটা আসলে এক কৌশল হিসাবে ঘোষণা করেছে। আর সরকারও এই তালগাছটা ছাড়তে চায় না। কিন্তু এই ভয়াবহ সংঘাতের ফলে সবচেয়ে বেশি মাশুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে, দেশের অর্থনীতিকে। এত এত মানুষ মারা যাচ্ছে, এত এত যানবাহন ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গেল; কিন্তু এসব ব্যাপারে সরকারের কোনো বিকার আছে বলে মনে হয় না। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। তা পুলিশি ব্যবস্থার মাধ্যমে কোনোকালেই সম্ভব নয়। তবে আলোচনার টেবিলে তা সমাধান হবে। গোটা জাতি ওইদিকেই তাকিয়ে আছে। তাহলে ক্ষমতার পালাবাদলের গঙ্গাটা বহুদূর হবে না। লেখক : শিশুসাহিত্যিক