[ রা জ নী তি ]
রাজনীতিতে আবার উত্তাপ সংলাপের পরিবর্তে সহিংসতা
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২১:২৭
খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে গ্রিক সভ্যতার স্টয়সিজম বা নিস্পৃহতামূলক এক দর্শন তত্ত্বের উদ্ভব ঘটে। একই সময় আর একটি বিপরীত দর্শনেরও বিকাশ ঘটে। এটির নাম এপিকিউরিয়ানইজম। এপিকিউরিয়ানদের মূল কথা ‘সুখবাদ’। এ উভয় দর্শন বিকাশের পটভূমি হচ্ছে এককালের সৃষ্ট গণতান্ত্রিক এথেন্স এবং অন্যান্য গ্রিক নগর রাষ্ট্রের ক্ষয়গ্রস্ত সংকটাপন্ন অবস্থা। গ্রিক নগররাষ্ট্র ব্যবস্থা তখন আত্মবিনাশী যুদ্ধ, দুর্নীতি, ষড়যন্ত্র এবং দেশদ্রোহিতায় ধ্বংসের প্রান্তসীমায় পৌঁছে ছিল। রাষ্ট্রীয় জীবনে সক্রিয় অংশগ্রহণের যে গৌরবময় ইতিহাস আমরা জানি তখন তা ক্ষয়িষ্ণু। গণতন্ত্রের বেহাল দশা দেখে নাগরিকগণ রাষ্ট্রীয় জীবন সম্পর্কে মোহমুক্ত। সংখ্যাগরিষ্ঠ নাগরিকগণ জীবন ও সমাজ সম্পর্কে নিস্পৃহ দৃষ্টিভঙ্গি পোষণ করছে। অপরদিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত এলিট শ্রেণি ‘ক্ষয়িষ্ণু এবং নিস্পৃহ’ বৈশিষ্ট্যের কারণে সুখের আকাঙ্ক্ষায় বিভোর। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কাকতালীয়ভাবে কমবেশি ঐ অবস্থা বিরাজমান করছে বলে এ অবতরনিকা। অবশেষে এই নিস্পৃহতা এবং নীরবতার অবসান হয়েছে দেখে নাগরিক সমাজ আশান্বিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে সুন্দর শোভন ভাষায় বিরোধীদলকে সংলাপে আশার আহ্বান জানান। বিরোধী নেত্রী এবং তার দল সেই সংলাপে অংশগ্রহণের জন্য তাত্ক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দেয়। কিন্তু উভয় দলের পারিষদরা শতগুণ শর্তজুড়ে সংলাপকে সুদূরপরাহত করে তুলছেন। বিরোধী নেত্রী বিগত মহাসমাবেশে অত্যন্ত খোলামনে প্রধানমন্ত্রীকে তার বাসায় চায়ের আমন্ত্রণ জানান। কিন্তু বাংলাদেশ সমাজের গভীরে প্রথিত অবিশ্বাস এবং জেদের কালো ছায়া সংলাপ সম্ভাবনাকে অনেকটাই ম্লান করবে কিনা সেটাই সাধারণ মানুষের ভাবনা।
গণতন্ত্রের অনেক ত্রুটি থাকা সত্ত্বেও আমাদের জনগণ তাদের শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রকেই পছন্দ করেছে। ব্যক্তিতান্ত্রিকতা, স্বৈরাচার, সামরিক শাসন অতিক্রম করে বিগত নব্বই দশকের প্রথম দিকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। টমাস গ্রিনের সেই কথা ‘Democracy may lose many battles but it wins the last’-কে সার্থক করে আমরা ফিরে যাই কাঙ্ক্ষিত সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায়। আস্থার সংকট সৃষ্টি হলে নির্বাচন ব্যবস্থা পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। জনসাধারণ নিজস্ব ‘রাজনৈতিক সংস্কৃতিকে’ উপলদ্ধি করে এ ব্যবস্থাকে মেনে নেয়। ভুল ক্রুটি ‘Trail and Error’-এর মধ্য দিয়ে এগিয়ে চলছিল আমাদের গণতান্ত্রিক চর্চা। জীবন ব্যবস্থা:Way of life অথবা আইনের শাসন: Rule of law না থাকলেও রক্তপাতহীনভাবে ভোটের মাধ্যমে সরকার বদলের ন্যূনতম গণতন্ত্রটুকু টিকে ছিল। বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্র নয় নির্বাচনতন্ত্র: Not democracy but Electocracy। কেউ বলছেন একদিনের গণতন্ত্র। বর্তমান সময় আমরা সেই ‘নির্বাচনতন্ত্র’ বা একদিনের রাজার রাজত্বও হারাতে বসেছি। শুরুতে যারা তত্ত্বাবধায়ক ব্যবস্থার গুরুতর বিরোধিতা করেছিল তারা অবশেষে তা মেনে নিয়েছিল। এখন তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বের আবিষ্কারক, আন্দোলনকারীরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো। বাতিলকারীরা তাই বলছে যা তাদের বিরোধীরা প্রথমে বলেছিল। প্রতিপক্ষ পুরনো কথা ভুলে তাই বলছে যা তাদের বিরোধিরা বলেছিল। সত্যিই সেলুকাস কি বিচিত্র এই দেশ!
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্দলীয় গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য বিগত দুবছর ধরে বিরোধী শক্তি আন্দোলন করছে। কখনো নিরুত্তাপ কখনো উত্তাপ ছড়িয়ে আন্দোলন তার গতি সঞ্চার করেছে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত এ ব্যবস্থা ১৫ সংশোধনীতে যখন বাতিল হয় তা সকল সুস্থ নাগরিকদের বিচলিত করেছিল। পক্ষ-পাতহীন নিরপেক্ষ বিরাট জনগোষ্ঠী নীরবে যে সংঘাতের আশঙ্কা করেছিল তাই এখন বাস্তবতা। হরতালের পর হরতাল চলছে। আগুনের পর আগুন জ্বলছে। মানুষের পর মানুষ মৃত্যুবরণ করছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে। সরকার শক্তি প্রয়োগ করে, কোন কোন ক্ষেত্রে নির্মমভাবে আন্দোলন দমনের চেষ্টা করছে। অথচ তাদের একটু সদিচ্ছা, একটু সমঝোতার মনোভাব সঙ্কট সমাধান করতে পারে। নিরাশার মধ্যে এখন যে আশার আলো জেগে উঠেছে সে সম্ভাবনাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়ার জন্য বাধা-বিঘ্ন সৃষ্টি না করে সকল রাজনৈতিক দলসমূহের উচিত দেশের শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করা।
যারা দেশের চিন্তাশীল মানুষ তারা তাদের বিবেকবোধ থেকে দেশপ্রেমের প্রেরণা থেকে প্রস্তাব দিয়েছেন সংলাপের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নানা ফর্মুলা উপস্থাপন করছেন তারা। প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের প্রস্তাবকে উপহাস করা হয়েছে। আকবর আলী খানের প্রস্তাবকে অযোগ্যতার বয়ান বলে বর্ণনা করা হয়েছে। এমাজউদ্দিনের প্রস্তাবকে অগ্রাহ্য করা হয়েছে। অবশেষে টিআইবির প্রস্তাবকে ‘মাইনাস ফর্মুলা’ বলা হয়েছে। আপনি একাই সিরাজউদ্দৌল্লা আর বাকি সবাই মীরজাফর এ ধারণাটি কি ঠিক? তারা হয়তো দেয়ালের লিখন পড়েন না। তারা হয়তো পত্র-পত্রিকায় প্রকাশিত জনমত জরিপ প্রত্যক্ষ করেন না। তাদের উভয়পক্ষের প্রকাশিত সদিচ্ছা সত্ত্বেও অপ্রকাশিত বিষয় সম্ভাব্য সংলাপকে ধোঁয়াশে করে তুলতে পারে। এরা হ্চ্ছে দেশি-বিদেশি কুচক্রী মহল যারা বাংলাদেশের ভাল চায় না। প্রধানমন্ত্রীর এই আকস্মিক প্রস্তাবকে তার স্বঘরানার লোকেরা মহত্ত্বর বলে দাবি করছেন। অপরদিকে তার বিরোধীরা এর মধ্যে ষড়যন্ত্র আবিষ্কার করছেন। আর সাধারণ মানুষ অব্যাহত উদ্বেগ-উত্কণ্ঠা থেকে মুক্তির জন্য ইতিবাচক দৃষ্টিতে প্রহর গুনছেন।
আমরা মনে করি, যেকোন সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে আলাপ-আলোচনা। অনেক দেরিতে হলেও যে আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে তা অবশ্যই ইতিবাচক। বিএনপি আনুষ্ঠানিক প্রস্তাবের কথা বলেছে। আগের মত আর আকাশের ঠিকানায় চিঠি দেয়ার বিষয়টি নেই। সরকারি দলের দায়িত্বশীলরা নিশ্চিত করেছেন আনুষ্ঠানিক চিঠি দেয়া হবে। বেগম খালেদা জিয়ার ৪৮ ঘণ্টার কৌশলগত আল্টিমেটামের পরও জেদ না ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার প্রস্তাবটি পুনর্ব্যক্ত করেছেন এটি শুভ লক্ষণ। আমাদের জাতীয় জীবনের বড় এক সঙ্কট সন্ধিক্ষণে উভয় নেত্রী দায়িত্বশীল আচরণ করবেন এটা সকলেরই প্রত্যাশা।
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি গত দুবছরে বেশি জটিল এবং কুটিল হয়ে পড়েছে। পঞ্চদশ সংশোধনীর পর সরকারি দল প্রত্যক্ষ দৃঢ়তার সাথে বলছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আর সংবিধানে সন্নিবেশের সুযোগ নেই। অপরদিকে বিএনপি তথা বিরোধীপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজিত না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে বিরত হবে না। তারা আরো বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যতীত কোন নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না বা নির্বাচন হতে দেয়া হবে না। বিষয়টির গুরুত্ব এবং জটিলতার কারণে সংলাপ বা আলোচনাটিও দুরূহ এবং কঠিন হয়ে উঠেছে। সেক্ষেত্রে রাজনৈতিক পক্ষদ্বয়ের ধৈর্য, সহ্য, উদারতা, সহনশীলতা এবং দূরদৃষ্টি অপরিহার্য। সেক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষ, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক—সব ধরনের উপায়-উপকরণই তারা ব্যবহার করবেন বলে জনগণ আশা করে।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা যা বিএনপি সরকার সংবিধানে সংযোজন করেছে সে ফর্মুলার বাইরেও অনেক প্রস্তাব এসেছে। সরকার এক সময় অন্তর্বর্তীকালীন ব্যবস্থার কথা বলেছিল। বিএনপি চেয়ারপার্সন এক সময় সে নামের ব্যাপারেও দ্বিমত করেননি। নামেই যাই হোক, উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সমঝোতা প্রস্তাবে অনতিবিলম্বে পৌঁছা জাতীয় স্বার্থেই প্রয়োজন। রাজনৈতিক অরাজকতা, অর্থনেতিক ধস, সামাজিক বিপর্যয়, শিক্ষার অচলাবস্থা আমাদের গোটা জাতিকে সর্বনাশের প্রান্তসীমায় নিয়ে গেছে। সরকার তত্ত্বাবধায়কের মূলদাবির প্রতি দৃষ্টি না দিয়ে সবসময় এটাকে পাশ কাটিয়ে গিয়েছে। তারা বলেছে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিএনপি আন্দোলন করছে। আসলে তারাও জানে বিএনপির মৌলিক দাবি কি? বিএনপি এখন এক দফার অর্থাত্ সরকার পতনের আন্দোলন করছে বললেও তত্ত্বাবধায়ক সরকারের একটা ফয়সালা হলে আন্দোলন স্তিমিত হয়ে আসবে বলে রাজনৈতিক মহলের দৃঢ় বিশ্বাস।
সবাই একটি বিষয়ে একমত যে সংলাপ অনুষ্ঠানের জন্য প্রত্যাশিত পরিবেশ তৈরি করতে হবে। সরকার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে ছেড়ে দিয়ে সেই প্রত্যাশিত পরিবেশের দিকে এগিয়েছে। হামলা মামলা বন্ধ, শান্তিপূর্ণ সভা-সমাবেশের নিশ্চয়তা দান সংলাপের পরিবেশকে আরো জোরালো করবে। বন্ধ করতে হবে সরকারি মন্ত্রীদের শক্তি প্রয়োগের পক্ষে এবং আরো গ্রেফতারের আস্ফাালন। কিন্তু বাস্তবে তার কোন লক্ষণ এখনো প্রতিয়মান হচ্ছে না। ফলে সংলাপ সহিংসতার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মন্ত্রীদের এসব আবোল-তাবোল বক্তব্য সরকারের ভাবমূর্তিকে আরো খারাপ করে তুলছে। রাজনৈতিক উত্তাপের আগুন গোটা জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার আগে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট গোটা জাতির সামনে একটি আশার আলো। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সকলকে অবাক করার বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন হয়তো বা রাজনৈতিক চাপে, তারপরও স্বকীয় সত্তায় অধিষ্ঠানের পর জাতির বিবেকের ভাষায় তিনি কথা বলবেন, জাতির অভিভাবকের ন্যায় তিনি উদ্যোগ নেবেন নাগরিক সাধারণ এ আশায় অপেক্ষমাণ। শপথগ্রহণের পর রাষ্ট্রপতি জাতির এই ক্রান্তিকালে সকলের সহযোগিতা কামনা করেন। ক্রান্তিকাল অতিক্রমণে প্রত্যাশিত ভূমিকার জন্য গোটা জাতি অপেক্ষমাণ থাকলো।
শুরু করেছিলাম গ্রিক নগর রাষ্ট্রগুলোর ক্ষয়িষ্ণু অবস্থা দিয়ে। তখনকার অবস্থা ছিল এমন যে, নাগরিকরা যারা রাষ্ট্রের ব্যাপারে ছিল অধিকতর সচেতন, অংশগ্রহণকারী, মঙ্গল আকাঙ্ক্ষী তারা সরকারের ঐ বেহাল অবস্থা দেখে নিজেদের গুটিয়ে নিল। ঐ সচেতন নাগরিকরা কোন কাজেই এগিয়ে এলো না। উত্সাহ বোধ করলো না। তখন শাসকশ্রেণি নির্বিবাদে রাষ্ট্রের আইনকে পদদলিত করল, সম্পদকে কুক্ষিগত করলো, শক্তি মদমত্ততা দ্বারা দেশকে শ্মশানে পরিণত করলো। আমাদের দেশে বৃহত্তর জনগোষ্ঠী নীরবে এবং সচেতন গোষ্ঠী ভীত-বিহ্বলতায় রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছে—শাসক এবং বিরোধী এলিটরা তা কি অনুধাবন করতে পারছেন? শাসক এলিটদের দুর্নীতি, সন্ত্রাস, স্বজনপ্রীতি, লুটপাট, রাহাজানি সাধারণ মানুষকে খোদ রাজনীতি সম্পর্কেই বীতশ্রদ্ধ করে তুলছে সে খবর কি তারা রাখেন? শাসকদের কর্মকাণ্ডের কারণেই আমাদের ব্যর্থ রাষ্ট্রের, জঙ্গিরাষ্ট্রের, দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের আপত্তিকর অভিধায় অভিযুক্ত হতে হচ্ছে। রাজনীতির যোগ-বিয়োগ পূরণ-ভাগের মধ্য দিয়ে প্রত্যাশিত সংলাপ বাস্তবতা অর্জন করবে এটাই জনগণের প্রত্যাশা। রাজনীতিবিদদের গাঁও-গ্রামে কথিত সেই পুরনো প্রবাদটি মনে করিয়ে দিতে চাই:সালিশ মানেই কিন্তু তাল গাছটা আমার। আকবর আলী খান যথার্থভাবেই বলেছেন আত্মসমর্পণের মানসিকতা নিয়ে সংলাপ সফল হবে না। আত্মবিশ্বাস দিয়েই সংকট অতিক্রম করতে হবে।
লেখক :অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়