ক্রিকেট খেলার খবর অনলাইনে
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২১:৪৮
আমাদের দেশে এখন আর ক্রিকেট খেলার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বরং ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ বাড়াচ্ছে। জাতীয় দলের ক্রিকেট ছাড়াও আইপিএল, বিপিএল, বিগব্যাশ, টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের আবির্ভাব ক্রিকেটের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলছে। আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেট লিগগুলো চলছে সারা বছর জুড়েই। ফলে সারা বছরই ক্রিকেটের খবর নিতে ব্যস্ত ক্রিকেটপ্রেমীরা। আর ক্রিকেটের খবর নিতে এখন অনলাইনে উপরেই নির্ভর করে থাকেন বেশিরভাগ তরুণ। স্মার্টফোন, ট্যাবলেট পিসি কিংবা ডেস্কটপে অনলাইনেই খেলার খবর, লাইভ কমেন্ট্রি দেখতে ব্যস্ত সকলেই। ক্রিকেটের সার্বক্ষণিক খবর পেতে চান যারা, তাদের জন্য কয়েকটি ওয়েবসাইটের খবর দেওয়া হলো এই লেখায়।
ক্রিক ইনফো
ক্রিকেট নিয়ে যে কয়েকটি ওয়েব-সাইট রয়েছে, তার মধ্যে অন্যতম সেরা একটি সাইট হচ্ছে ক্রিকইনফো। এতে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিটি খেলার বল-টু-বল স্কোর দেয়ার পাশাপাশি সরাসরি ধারাভাষ্য পড়া যায়। টেস্ট, একদিনের ম্যাচ বা টি-২০; সব খেলার খবরই পাওয়া যায় এখানে। পাশাপাশি বিভিন্ন দেশের জাতীয় পর্যায়ের লিগের খেলার খবরও রয়েছে এতে। ক্রিক ইনফোতে রয়েছে বিশ্ববিখ্যাত সব ক্রিকেট বিশেষজ্ঞদের লেখা বিভিন্ন ম্যাচ পরবর্তী বিশ্লেষণ, আলোচনা। রয়েছে প্রতিটি দেশের খেলোয়াড়ের বিস্তারিত বিবরণ। আর ক্রিকেট ইতিহাসের সবগুলো খেলার স্কোরকার্ড একে পরিণত করেছে সমৃদ্ধতম একটি ওয়েব সাইটে। ঠিকানা :www.cricinfo.com
ক্রিকেট নেক্সট
ক্রিকেটের খবরাখবর নিয়ে চমত্কার আর একটি ওয়েবসাইট হচ্ছে ক্রিকেট নেক্সট। এখানেও রয়েছে অনুষ্ঠিতব্য ক্রিকেট ম্যাচের খবর, ক্রিকেট দুনিয়ার নিত্য নতুন সংবাদ, মতামত, ছবির সংগ্রহ, আইসিসি’র র্যাংকিং ইত্যাদি। নিয়মিত স্কোরকার্ডের পাশাপাশি ক্রিকেট নেক্সটে রয়েছে বিশেষ ছবি আর ভিডিও গ্যালারি। এখান থেকে ক্রিকেটপ্রেমীরা দুর্লভ সব ক্রিকেটিয় মুহূর্তগুলো পেতে পারেন সহজেই। এখানে রয়েছে গুরুত্বপূর্ণ সব খেলোয়াড়দের সাক্ষাত্কার। আর বিভিন্ন ক্রিকেটিয় ইস্যুতে বিতর্ক ও আলোচনার জন্য অত্যন্ত উপযুক্ত একটি সাইট ক্রিকেট নেক্সট। ঠিকানা :www.cricketnext.com
ক্রিকবাজ
হালনাগাদ সঠিক তথ্যাবলী, ক্রিকেট সূচী, লাইভ স্কোর এবং লাইভ ধারাভাষ্য নিয়ে ক্রিকবাজ চাহিদা পূরণ করতে পারে যেকোনো ক্রিকেটপ্রেমীর। নিত্যনতুন তথ্যের পাশাপাশি পুরোনো সব তথ্য আর পরিসংখ্যানের বেশ বিশাল একটি সংগ্রহ রয়েছে ক্রিকবাজে। পরিসংখ্যান আর তথ্যগুলো সাজানোও হয়েছে চমত্কার শ্রেণীতে। ব্যতিক্রমী একটি ফিচারের মধ্যে রয়েছে এর চ্যাট উইন্ডো। সাইটে নিবন্ধন করে সাইটের অনলাইন যে কারো সাথে চ্যাট করা যায় এখান থেকে। ক্রিকেটপ্রেমীরা ভিজিট করে দেখতে পারেন এই ওয়েবসাইটটি। ঠিকানা :www.cricbuzz.com
ভিক্রিকেট
খুব সহজ, সাধারণ কিন্তু চমত্কার আরেকটি ক্রিকেটের ওয়েবসাইট ভিক্রিকেট। ক্রিকটের বিভিন্ন ম্যাচের স্কোর, ম্যাচ শিডিউল, বিভিন্ন খবর আর ক্রিকেট নিয়ে আলোচনা নির্ভর প্রবন্ধের সংগ্রহে এটি বেশ সমৃদ্ধ। বিভিন্ন টুর্নামেন্টের বিস্তারিত সব তথ্য রয়েছে এখানে। এর হোম পেজটি বেশ সাজানো গোছানো এবং হোম পেজ থেকে এক ক্লিকেই ক্রিকেট খেলুড়ে যেকোনো দেশের বিস্তারিত সব তথ্য পাওয়া যাবে। আর সাম্প্রতিক অব সিরিজ ও ম্যাচের খবরাখবরও মিলবে হোম পেজেই। এর অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফেসবুকেও লাইভ স্কোর দেখার ব্যবস্থা রয়েছে। চমত্কার এই সাইটের ঠিকানা :www.vcric ket.com