অ্যান্ড্রয়েডে বাংলা অভিধান সম্ভার
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২১:৪৯
স্মার্টফোন আর ট্যাবলেট পিসি যখন বিশ্ববাজারে রাজত্ব করে যাচ্ছে, তখন আমাদের দেশেও স্মার্টফোনের বাজার বাড়তে শুরু করেছে। সিম্ফনি আর ওয়ালটনের বদৌলতে বিশ্বকাঁপানো সব স্মার্টফোনের মতো দেশি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনও বাজার দখল করতে শুরু করেছে। সকলের হাতে হাতে যখন অ্যান্ড্রয়েড ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন স্মার্টফোনের জন্য আমাদের দেশিয় অ্যাপ্লিকেশন খুঁজে পেতে অনেকেই ব্যস্ত সময় কাটাচ্ছে। অ্যান্ড্রয়েডের জন্য অবশ্য দেশিয় অ্যাপ্লিকেশন তৈরিও থেমে নেই। নানা ধরনের অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে বেশকিছু বাংলা অভিধানও। গুগল প্লে স্টোর থেকে এরকম কয়েকটি বাংলা অভিধানের কথা তুলে ধরা হলো এই লেখায়।
বাংলা ২ ইংলিশ ডিকশনারি
বাংলা শব্দের ইংরেজি অর্থের জন্য গুগল প্লে স্টোরে রয়েছে বাংলা ২ ইংলিশ ডিকশনারি। নামে বাংলা ২ ইংলিশ ডিকশনারি হলেও এতে ইংরেজি শব্দের বাংলা অর্থও পাওয়া যাবে। ইংরেজি থেকে বাংলা অংশটিই মূলত পাওয়া যাবে বিনামূল্যে। আর বাংলা ফোনেটিক থেকে ইংরেজি অর্থ খুঁজতে গেলে এর লাইসেন্স কিনতে হবে। মোবাইল ব্যাংকিং বিকাশ ব্যবহার করেই কেনা যাবে এটি। এতে ফোনেটিক বাংলা টাইপিং ব্যবহার করে শব্দ খোঁজা যাবে। এর একটি বড় সুবিধা হচ্ছে এতে অফলাইন ডিকশনারিও রয়েছে। ফলে ইন্টারনেট না থাকলেও এটি ব্যবহার করা যাবে। প্রায় ৩০ হাজার বাংলা শব্দের ইংরেজি অর্থ পাওয়া যাবে। আবার ১৮ হাজার ইংরেজি শব্দের বাংলা অর্থ পাওয়া যাবে এতে। http://goo.gl/Gc9je লিংকে গেলে পাওয়া যাবে এই অভিধানটি।
ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি
ইংরেজি শব্দের বাংলা অর্থ পাওয়ার জন্য অ্যান্ড্রয়েডের একটি অ্যাপ্লিকেশন ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। ইংরেজি ভাষার প্রায় যেকোনো শব্দ পাওয়া যাবে এই ডিকশনারিতে। বিনামূল্যের এই ডিকশনারিও মূলতই অফলাইন ডিকশনারি হিসেবে কাজ করবে। নির্দিষ্ট বক্সে ইংরেজি শব্দ লিখলেই পাওয়া এর বাংলা অর্থ। এখানে অবশ্য শব্দের অর্থের পাশাপাশি শব্দের ব্যাখ্যাও পাওয়া যাবে। http://goo.gl/B31eA লিংকে গেলে পাওয়া যাবে এই অ্যান্ড্রয়েড ডিকশনারি।
বাংলা ডিকশনারি
অ্যান্ড্রয়েডের জন্য আরেকটি বাংলা অভিধানের নাম বাংলা ডিকশনারি। এই অভিধানটিতেও মিলবে ইংরেজি শব্দের বাংলা অর্থ। একইসাথে বাংলা শব্দের ইংরেজি অর্থও পাওয়া যাবে এই অভিধানে। এটিও অফলাইন ডিকশনারি হিসেবে কাজ করবে। প্রায় ২০ হাজার শব্দের ভাণ্ডা রয়েছে এতে। এর ব্যবহারকারীরা মোটামুটি সন্তুষ্ট এর শব্দ ভাণ্ডারে। খুব সহজেই শব্দ খুঁজে পাওয়া যায় এতে। আবার শব্দ খোঁজার জন্য টাইপ শুরু করলে স্বয়ংক্রিয়ভাবেই এতে শব্দের সাজেশন চলে আসে। ফলে কয়েকটি অক্ষর টাইপ করেই শব্দ খুঁজে পাওয়া যায় এতে। http://goo.gl/PhlOv লিংকে গিয়ে ডাউনলোড করে নেওয়া যাবে বিনামূল্যের এই ডিকশনারি।
অভিধান যারা খুঁজছেন অ্যান্ড্রয়েডে, তারা এই তিনটি অ্যাপ্লিকেশনের মধ্য থেকে বেছে নিতে পারেন।