দুই সাবেক অধিনায়কের আশাবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে পাকিস্তান

সাবেক দুই অধিনায়ক জাভেদ মিয়াদাদ ও ওয়াসিম আকরাম মনে করেন জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে পারে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেদেশের অ্যাবোটাবাদে জাতীয় দলের চলমান অনুশীলন ক্যাম্পে ব্যাটসম্যানদের সহায়তার জন্য মিয়াদাদকে এবং পেস বোলারদের সাহায্য করতে আকরামকে নিয়োগ দেয়। দুদিন আগে অ্যাবোটাবাদে পৌঁছার পর থেকে দুজনই ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছেন ক্রিকেটারদের সঙ্গে। দলের সকলকে সহায়তা দিলেও বিশেষ করে মিসবাহ উল হক, আসাদ শফিক এবং উমর আকমলকে নিয়ে বেশি সময় ব্যয় করছেন মিয়াদাদ। অপরদিকে মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, এহসান আদিল, আসাদ আলী এবং ওয়াহাব রিয়াজদের মত বোলারদের প্রশিক্ষণ দিচ্ছেন আকরাম। দুই কিংবদন্তি খেলোয়াড়ের সাথে কাজ করলেও দলের প্রধান কোচ ডেভ হোয়াটমোর ও বোলিং কোচ মোহাম্মদ আকরাম আড়ালে থেকে তা পর্যবেক্ষণের পাশাপাশি দুজনকেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছেন। ওয়াসিম আকরাম সাংবাদিকদের বলেন, ‘বড় কোন টুর্নামেন্টের আগে আমি সব সময়ই বলেছি আমাদের দলে যে মেধাবী খেলোয়াড়রা আছে তাতে কোন শিরোপা জয়ের ক্ষেত্রে পাকিস্তান সব সময়ই ফেভারিটদের মধ্যে থাকে।’ তিনি বলেন, ‘ফুটবলে ব্রাজিলের মতই আমাদের দেশে প্রকৃতিগতভাবেই অনেক মেধাবী ক্রিকেটার রয়েছে। নিজেদের দিনে যেকোন দলকে হারানোর ক্ষমতা পাকিস্তানের সব সময়ই আছে বলে আমি বিশ্বাস করি। আমি আত্মবিশ্বাসী যে আমাদের দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা রয়েছে ।’ তিনি আরো বলেন, আমাদের ব্যাটসম্যানরা ভাল রান করতে পারলে টুর্নামেন্টে যেকোন দলকে আটকে দিতে সক্ষম বোলাররা। এটা একটি কঠিন টুর্নামেন্ট হবে। তবে দল নিয়ে আমি আশাবাদী এ কারণে যে, এ সময় কিংবা সারা বছরই ইংল্যান্ডের অধিকাংশ উইকেট থাকে নিষ্প্রাণ এবং আমাদের ব্যাটসম্যানরা বড় সংগ্রহ দাঁড় করাতে পারে। তারা যদি ভাল রান করতে পারে তাহলে ম্যাচ জেতার সক্ষমতা আছে আমাদের বোলারদের।’ সাবেক এই ফাস্ট বোলার উল্লেখ করেন অভিজ্ঞ পেসার উমর গুলের অনুপস্থিতি সত্ত্বেও অনেক মেধাবী পেসার ও স্পিনার আছে দলে যারা যেকোন ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে অপ্রত্যাশিত কিছু করতে পারে। মিয়াদাদ অবশ্য ইংল্যান্ডগামী ব্যাটসম্যানদের কোন চাপ না নিতে পরামর্শ দেন। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেন, ‘আমি অন্য কোন ইভেন্টের মতই তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বলেছি। একটা বড় টুর্নামেন্ট বিবেচনা করে তোমরা যদি চাপ অনুভব কর এবং বেশি চিন্তা কর তাহলে এর প্রভাব পড়তে পারে তোমাদের পারফরমেন্সে।’ তিনি আরো বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কারণ অংশ নেয়া সবদলই খুব ভাল খেলছে। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সবদলই খুব ভারসাম্যপূর্ণ এবং সবকিছুই নির্ভর করছে একটা নির্দিষ্ট দিনে দলগুলো কেমন খেলে। দলগুলোর শক্তি এবং দুর্বলতা তুলনা করলে পার্থক্য খুবই সামান্য।’ —বাসস