স্টামফোর্ড ব্রিজে ফিরছেন আজ ভিলাস বোয়াস
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২২:০২
আন্দ্রে ভিলাস বোয়াস চেলসি থেকে বরখাস্ত হবার পর আজ বুধবার প্রথমবারের মত স্টামফোর্ড ব্রিজে আসছেন। দিনটি তার জন্য রোমাঞ্চকর। শত্রু শিবিরের ম্যানেজার হয়ে এই ফেরায় টটেনহ্যাম হটস্পারের এই পর্তুগীজ কোচটির রয়েছে স্মৃতিকাতরতাও। তিনি সেটা গোপনও করেননি।
গত মৌসুমে চেলসির ম্যানেজার পদ থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি। ভিলাস বোয়াসের জন্য চেলসির বিরুদ্ধে খেলাটি আরো এক কারণে গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে মরিয়া দলটি ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে নিতে হলে চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করতে হবে।
চেলসি ও টটেনহ্যাম প্রিমিয়ার লিগে সমান ৩৫ ম্যাচ খেলেছে। স্বাগতিক চেলসি ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে। তাদের চাইতে তিন পয়েন্টে পিছিয়ে রয়েছে টটেনহ্যাম (৬৫)। ম্যানচেস্টার সিটি ৭২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। চেলসি জিতলে দ্বিতীয় স্থান দখল করার সম্ভাবনা জোরালো হবে। অন্যদিকে টটেনহ্যাম জয় পেলে চতুর্থ স্থানে থাকা আর্সেনালকে টপকে যাবে। আর্সেনাল ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে।
ভিলাস বোয়াস একটি সাক্ষাত্কারে জানান, চেলসিতে থাকার সময় তিনি অনেক কিছু শিখেছেন। যেসব ভুল তিনি করেছেন বা যে পথে চলেছেন, সেসব থেকে নিজেকে বের করে এনেছেন। ব্লুজদের মালিক রাশিয়ার ধনকুবের রোমান আব্রামোভিচ ভিলাস বোয়াসকে নয় মাসের মাথায় চাকরিচ্যুত করেন। অথচ তার চুক্তি ছিল তিন বছরের। ভিলাস বোয়াস নিজের কোচিং অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘অভিজ্ঞতা অন্যরকম (চেলসি ও টটেনহ্যামের দায়িত্ব পালন) এবং আমি গত বছর অসাধারণ শিক্ষা পেয়েছি। এখানে কিছু ব্যাপার রয়েছে যা আমি করেছি নাটকীয়ভাবে তবে সেটা ভিন্ন ক্ষেত্রে এবং আমি একই রকম ঠিক সেটাই করেছি কারণ আপনাকে সত্যের ওপর থাকতে হবে নীতির সাথে সামঞ্জস্য করে। চেলসির অভিজ্ঞতা আমাকে দেখিয়েছে ভিন্ন পথ। সেই সাথে সাহায্য করেছে আমি যে ভুল করেছি তা ধরিয়ে দিতে। এটা সব সময় আপনাকে ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নে সহায়তা করবে।’
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বুধ্বার
চেলসি-টটেনহ্যাম