মালাগার বিরুদ্ধে আজ সতর্ক রিয়াল

হারলেই লা লিগা শিরোপা চলে যাবে বার্সেলোনার দখলে। এমনই এক সমীকরণ সামনে রেখে চোটজর্জর রিয়াল মাদ্রিদ আজ সান্তিয়াগো বার্নাবূ্যূতে মালাগার মুখোমুখি হচ্ছে। তবে রিয়াল কোচ হোসে মরিনহো বলছেন, মালাগাকে হারাতে সম্ভাব্য সেরা একাদশটাই বেছে নেবেন তিনি। লিগ শিরোপা আশা বহু আগেই শেষ হয়েছে রিয়ালের। চার ম্যাচ হাতে নিয়ে বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে আছে ১১ পয়েন্ট। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকোর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান সাত। তবে এতেও স্বস্তিতে নেই হোসে মরিনহোর দল। তাই পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা মালাগার বিরুদ্ধে সম্ভাব্য সেরা দলটাই নামাবেন তিনি। এ মৌসুমে ঘরের মাঠে নিজেদের অসাধারণ রেকর্ডকে অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর মরিনহোর বিশ্বাস, মৌসুমের শেষ দুটি হোম ম্যাচই পরের মৌসুমে দলকে আত্মবিশ্বাস যোগাবে। স্বঘোষিত স্পেশাল ওয়ান ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন,‘ঘরের মাঠে মৌসুমের শেষ দুটি ম্যাচ জেতার জন্য লড়াই করার ব্যাপারটা মোটেই তুচ্ছ নয়। নিজেদের মাঠে অপরাজিত থাকার ব্যাপারটাও দারুন গুরুত্বপূর্ণ। আগামী মৌসুমে আত্মবিশ্বাস নিয়ে লীগ শুরু করার জন্য এই জয়দুটো খুবই গুরুত্বপূর্ন।’ তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মরিনহো মাঠে পাচ্ছেন না সার্জিও রামোস, আলভেরো আরবিলোয়া এবং মার্সেলোকে। ইনজুরি আক্রান্ত এই তিন তারকাকে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের লড়াইয়ে বরুশিয়ার বিরুদ্ধে অনেকটা বাধ্য হয়েই মাঠে নামাতে হয়েছিল মরিনহোকে।