হাইতির সনি সবার নজর কেড়েছে

বাংলাদেশের ফুটবলে বিদেশি খেলোয়াড়দের বাছ বিচারহীন আগমন নিয়ে সমালোচনা অনেক। এর অন্যতম কারণ ভালো মানের বিদেশি খেলোয়াড়ের দেখাই পাচ্ছেন না ফুটবল দর্শকরা। বিদেশিদের অনেকের পায়ে কোনো কাজ নেই। তাদের দিয়ে দর্শক টানা কঠিন। ভালো মানের বিদেশি ফুটবলার না থাকায় দর্শকও মাঠে আসতে চায় না। মানহীন বিদেশি ফুটবলাদের মধ্যেও এবার সবার নজর কেড়েছে শেখ রাসেলের হাইতির উইঙ্গার সনি নরডে। শেখ রাসেলের শিরোপা জয়ে পেছনে তার অবদান অনেকখানি। লেফট উইং দিয়ে অনেক আক্রমণের জোগান দিয়েছেন খর্বাকৃতির এই ফুটবলার। গোলের উত্স গড়ে দিয়েছেন অনেক। গোলও করেছেন। লিগে ৬ গোল করেছেন তিনি। মাঠে সনি অপ্রতিরোধ্য, তাকে ধরে রাখা যে কোনো দলের জন্য ছিল কঠিন এবং প্রতিপক্ষের জন্য সনি এক মহাবিপদের নাম। এই ফুটবলার সবার নজর কেড়েছেন। কাড়বেনই না কেন। কারণ এই ফুটবলার আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের একাডেমিতে খেলা শিখেছেন। যে দলটিতে খেলেছে ফুটবল তারকা দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। প্রতিভাবান এই ফুটবলারকে রাখতে পারছে না শেখ রাসেল। গতকাল ম্যাচ শেষে কথা হয় তার সাথে, তিনি নিজেই জানালেন শেখ রাসেলে থাকছেন না। তাহলে কোথায় যাবেন? জানতে চাইলে সনি বলেন ইংল্যান্ডে। সেখানে দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ক্লাব ব্ল্যাকব্লুম। তার ডাক পড়েছে। সেখানে গিয়ে তিনি ট্রায়াল দিবেন। টিকে গেলে থাকবেন না হয় দেশে ফিরবেন। কিন্তু ঢাকায় আসবেন না কেন জানতে চাইলে বলেন, ‘আমার আমন্ত্রণ আছে মোহামেডান এবং শেখ জামালে। আসতেও পারি।’ তিনি না বললেও আগেই জানা গিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব আগামি মৌসুমের জন্য মাসে ১০ হাজার মার্কিন ডলার দিয়ে তাকে খেলাতে চায়। এমনও শোনা গেছে পাঁচ মাসের বেতন ৫০ হাজার ডলার আগাম দেয়া হবে।