অনানুষ্ঠানিক শিক্ষা আইনের খসড়া অনুমোদন
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২২:১৩
সবার জন্য শিক্ষা নিশ্চিত এবং ঝরে পড়াদের দ্বিতীয়বারের মত সুযোগদানের বিধান রেখে মন্ত্রিসভা অনানুষ্ঠানিক শিক্ষা আইন-২০১৩’র খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মুশাররফ হোসেন ভূঞা ব্রিফিংয়ে বলেন, এই আইনে পাঠক্রম উন্নয়ন, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষার মধ্যে সমতা বিধান, পরীক্ষাগ্রহণ এবং সনদপত্র দেয়ার জন্য একটি অনানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠন করা হবে। ৮ থেকে ১৪ বছর এবং ১৫ থেকে ৪৫ বছর বয়স্ক লোক এই অনানুষ্ঠানিক শিক্ষা সুবিধা পাবে। তাদের শিক্ষা, পরিবেশ, দুগ্ধ খামার, তথ্যপ্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষা দেয়া হবে। এই শিক্ষার টার্গেট গ্রুপ হবে হাওর, চর, পার্বত্য এলাকা, পথশিশু, বস্তিবাসী এবং নিম্নআয়ের বিশেষ করে মহিলা, প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তি।
তিনি বলেন, বৈশ্বিক প্রতিশ্রুতি, দেশের প্রেক্ষাপট, সকল নাগরিকের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার সাংবিধানিক বাধ্যবাধকতা এবং জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি)সহ শিক্ষা ক্ষেত্রে লক্ষ্য অর্জনে অনানুষ্ঠানিক শিক্ষার প্রয়োজন রয়েছে। সুনির্দিষ্টভাবে দারিদ্র্যসীমার মধ্যে বসবাসকারী বয়স্ক ব্যক্তি এবং আনুষ্ঠানিক শিক্ষাবঞ্চিত ও মূলধারার শিক্ষা থেকে ঝরে পড়াদের শিক্ষার আওতায় আনতে এ ধরনের শিক্ষা গুরুত্বপূর্ণ।
এছাড়া মন্ত্রিসভার বৈঠকে গার্মেন্টস কারখানা পরিদর্শনের পর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং শ্রমিক-কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের বিষয়ে গত বৈঠকের সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এ কমিটির নেতৃত্ব দেবেন।