আলাদা মন্ত্রণালয় চায় বিজিএমইএ
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২২:১৪
গার্মেন্টস শিল্পের জন্য আবারো আলাদা মন্ত্রণালয়ের দাবি জানিয়েছে এ খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ। ‘রানা প্লাজা’ ধসের পর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ দাবি পুনর্ব্যক্ত করে সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম বলেন, পোশাক শিল্পে এমন অনেক ইস্যু আছে, যেগুলোর দায়িত্ব বাণিজ্য, শিল্প, শ্রম বা অন্য কোন মন্ত্রণালয় নিতে চায় না। পোশাক শিল্পের জন্য একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন আজ সময়েরই দাবি। পোশাক শিল্পের জন্য এরকম একটি মন্ত্রণালয় গঠন করে মন্ত্রণালয়টি প্রধানমন্ত্রীর অধীনে রাখার অনুরোধ করা হয়। সোমবার এক ব্রিফিংয়ে জানানো হয়, ‘রানা প্লাজা’য় ৫টি কারখানার মধ্যে ২টি কারখানার শ্রমিকদের তালিকা তৈরি করা সম্ভব হয়েছে। ওই ভবনে স্থাপিত বাকি ৩টি কারখানার শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি না হওয়ায় বেতনসহ অন্যান্য পাওনাদি দেয়া যাচ্ছে না। দুই দিনের মধ্যে অবশিষ্ট তিনটি কারখানা ইথারটেক্স, ফ্যানটম অ্যাপারেলস ও ফ্যানটম ট্যাক লিমিটেডের শ্রমিকদের তালিকা তৈরি করা সম্ভব হবে। এরপর বেতন দেয়া হবে।