মনের ভাব জানাবে স্মার্টফোন অ্যাপ্লিকেশন

সময়ের অন্যতম জনপ্রিয় পণ্য স্মার্টফোন। দিন দিন সাধারণ মোবাইলের পরিবর্তে স্মার্টফোনের ব্যবহার বেড়েই চলেছে। আর কাজের দিক থেকেও বৈচিত্র্যময় কাজের কাজি স্মার্টফোন। স্মার্টফোনের অন্যতম আকর্ষণীয় ফিচার হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন স্বাস্থ্য বিষয়ক অনেক ধরনের মনিটরিংও করা সম্ভব হচ্ছে। তবে এবারে এই প্রথমবারের মতো মানসিক অবস্থা সনাক্ত করার জন্য তৈরি হয়েছে স্মার্টফোন অ্যাপ্লিকেশন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। এই অ্যাপ্লিকেশনটি ফোনের নানা ধরনের ডাটা বিশ্লেষণ করে ব্যবহারকারীর মানসিক অবস্থা বা মনের ভাব জানিয়ে দিতে পারবে। এই অ্যাপ্লিকেশনের নাম দেওয়া হয়েছে ‘ইমোশন সেন্স’। নির্দিষ্ট সময়ে ব্যবহারকারী কোথায় রয়েছে, তার চারপাশের পরিবেশে কোলাহলের পরিমাণ কত এবং ওই সময়ে ব্যবহারকারী কার কার সাথে যোগাযোগ করছে এসব তথ্য সংগ্রহ করে। এরপর এই অ্যাপ্লিকেশনের ‘ইমোশন গ্রিডে’র মাধ্যমে এটি ব্যবহারকারীর মানসিক অবস্থা সম্পর্কে তার নিজের রিপোর্ট সংগ্রহ করে। আগের সংগ্রহ করা তথ্যগুলোর সাথে এই তথ্যের সমন্বয় করেই অ্যাপ্লিকেশনটি বুঝতে পারবে ফোন ব্যবহারকারী কোন ধরনের মানসিক অবস্থায় রয়েছে। যারা মানসিক সমস্যায় ভুগে থাকেন, তাদের চিকিত্সায় এই অ্যাপ্লিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই জানিয়েছেন এর নির্মাতারা। এর আগে এই গবেষক দলই ফোন ব্যবহারকারীর কথপোকথনের রেকর্ড থেকে মানসিক অবস্থা সনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করেছেন। এবারে অবশ্য এই অ্যাপ্লিকেশনে আরও অনেক তথ্যই তারা বিশ্লেষণ করবেন। তাতে করে মানসিক অবস্থাকে যথাযথভাবে নিরূপণ করা যাবে বলেই জানিয়েছেন তারা। আপাতত অ্যান্ড্রয়েডের জন্য তৈরি হয়েছে এটি। ভবিষ্যতে অন্যান্য প্ল্যাটফর্মের জন্যও এটি তৈরি করবেন বলে জানিয়েছেন তারা।