সিরিয়ায় ইসরায়েলি হামলার তাত্পর্য
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:২৩
হঠাত্ করিয়া সিরিয়ার উপরে হামলা চালাইতে শুরু করিয়াছে ইসরায়েল। ইরান হইতে সিরিয়া হইয়া লেবাননের ধর্মবাদী গ্রুপ হিজবুল্লাহের হাতে মিসাইল হস্তান্তর ঠেকাইয়া দিবার অজুহাত আনিয়া হামলা চালানো হইতেছে। সিরিয়া হামলার ঘটনাকে তাহার বিরুদ্ধে ‘‘যুদ্ধ ঘোষণা’’ হিসাবে চিহ্নিত করিয়াছে এবং পাল্টা জবাব দিবার হুমকি দিয়াছে। সন্দেহ নাই যে, ইসরায়েলি হামলার পাল্টা জবাব শুরু হইয়া গেলে বিষয়টি কেবলমাত্র দ্বিপাক্ষিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ হইয়া থাকিবে না। বিশ্লেষকদের আশঙ্কা, ইসরায়েল-সিরিয়ার মধ্যে আনুষ্ঠানিক সংঘাত শুরু হইয়া গেলে তাহা গোটা উপসাগরীয় অঞ্চলকে নূতন করিয়া যুদ্ধের ঝুঁকির মধ্যে ফেলিয়া দিবে।
ইসরায়েলি হামলায় রাজধানী দামাস্কাস ও আশেপাশের এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও প্রাণহানির দাবি উত্থাপন করিয়াছে সিরিয়া। লক্ষণীয় বিষয় এই যে, ইসরায়েলি হামলার ব্যাপারে সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীদের দিক হইতে এখন অবধি তেমন কোন প্রতিবাদ দেখিতে পাওয়া যাইতেছে না। সিরিয়ায় ইসরায়েলী হামলাকে সরকারবিরোধী বিদ্রোহীরা রাষ্ট্রের উপরে হামলা না ধরিয়া ক্ষমতাসীন সরকারের উপরে হামলা হিসাবে ধরিয়া লইতেছে কি? যদি তাহা হইয়া থাকে তাহা হইলে রাজনৈতিক সমীকরণটি সাংঘাতিক এক জটিল জায়গায় চলিয়া যাইবে। প্রশ্ন উঠিবে, শিয়া নিয়ন্ত্রিত সরকারের বিরুদ্ধে অবস্থান শক্ত করিবার জন্য সুন্নি বিদ্রোহীরা জায়নবাদী ইসরায়েল কর্তৃক সিরিয়ার উপরে হামলার ব্যাপারে নমনীয় অবস্থান গ্রহণ করিতেছে কি? এখন অবধি পুরা বিষয়টি স্পষ্ট নহে; কিন্তু কিছুদিন যাবত্ সিরিয়া কর্তৃপক্ষ বিদ্রোহীদের বিরুদ্ধে ঠিক এই অভিযোগটিই তুলিতেছে। তাহারা বলিতেছে যে, বাসার আল আসাদের সরকারকে হঠাইবার জন্য আল কায়েদা ও ইসরায়েলের সঙ্গে ঘোট বাঁধিয়াছে বিদ্রোহীরা। ইহা সম্ভব কি? অবশ্য ক্ষমতার লড়াইয়ে নীতি-আদর্শের প্রশ্ন অনাদিকাল হইতেই বিসর্জিত হইতেছে; সিরিয়াতেও একই ঘটনা ঘটিলে কিছু বলিবার থাকিবে না।
তবে দুঃখের বিষয় ইহাই যে, সিরিয়ায় অভ্যন্তরীণ হানাহানির সুযোগে জায়নবাদী ইসরায়েল দেশটির উপরে সরাসরি সামরিক হামলা চালাইয়াও পার পাইয়া যাইবার পথ পাইবে। সিরিয়ায় হামলার মধ্য দিয়া ইসরায়েল সম্ভবত অন্যতম শত্রু ইরানকেও একটি কঠোর বার্তা দিতে চাহিতেছে। উল্লেখ্য, শিয়া ধর্মগুরু শাসিত ইরান হইতেছে সিরিয়ার প্রধান মিত্র। দেশটি ইতিমধ্যে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সিরিয়া কর্তৃপক্ষের পক্ষে দাঁড়াইবার ঘোষণা দিয়াছে। কিন্তু লক্ষণীয় বিষয় এই যে, সিরিয়ায় ইসরায়েলি হামলার ব্যাপারে অন্যান্য উপসাগরীয় দেশগুলির দিক হইতে তেমন কোন প্রতিবাদ লক্ষ্য করা যাইতেছে না। সন্দেহ নাই যে, আসাদ একজন স্বৈরাচার; তিনি বিরোধী পক্ষ দমনের নামে নারী ও শিশু হত্যাকারী।
কিন্তু প্রশ্ন হইতেছে, সিরিয়া যখন আক্রান্ত তখন ক্ষমতায় আসাদের থাকা বা না থাকার প্রশ্নটি কোনভাবেই প্রধান হইয়া উঠিতে পারে কি? একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র আক্রান্ত হইয়াছে এই বিবেচনাটিই প্রধান হওয়া উচিত ছিল প্রতিবেশীদের জন্য; দেখা যাইতেছে যে তাহা ঘটে নাই। অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কের ভূমিকাটিও আশ্চর্যজনক। গত রবিবার প্রথম দফা ইসরায়েলি হামলার কয়েক ঘন্টা পরে দেয়া এক ভাষণে দেশটির ইসলামপন্থি প্রেসিডেন্ট এ যাবত্কালের কঠোরতম ভাষায় আক্রমণ করিয়াছেন সিরিয়ার প্রেসিডেন্টকে; আসাদ সরকারের পতন ঘটাইবার ব্যাপারেও নূতন করিয়া অঙ্গীকার ব্যক্ত করেছেন তুর্কি কর্তৃপক্ষ। ইসরায়েলি হামলার ঠিক পরপরই তুর্কি প্রেসিডেন্টের এহেন হুমকি নেহাত্ কাকতালীয় কি? এই সমস্ত ধাঁধাগুলির অবসান না হওয়া অবধি সিরিয়া তথা মধ্যপ্রাচ্যে শান্তি নামিবার কোন আশা আছে কি?