স্মরণ
স্মৃতিতে ভাস্বর আবদুল ওয়াজেদ মিয়া
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:২৫
আজ ৯ মে। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. মোহাম্মদ আবদুল ওয়াজেদ মিয়ার চতুর্থ মৃত্যুবাষির্কী। ২০০৯-এর এই দিনে ঢাকার স্কয়ার হাসপাতালে ওয়াজেদ মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি ছিলাম ১৯৫৬-৫৮ সময়কালে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে আবদুল ওয়াজেদের সহপাঠী। সৃজনশীল মেধাসম্পন্ন এক সহপাঠীর প্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়ি। আমরা দু’জনই বিজ্ঞানের ছাত্র। ওয়াজেদ সাহেব পড়তেন ‘বি’ সেকশনে। আমি ‘এ’ সেকশনে। তিনি থাকতেন কলেজ হোস্টেলের ‘এ’ ব্লকে। আমি ‘ই’ ব্লকে। দু’জনই উত্তরবাংলার বাসিন্দা। তার বাড়ি রংপুরে। আমার নওগাঁয়।
আজো চোখে ভাসছে, ছিপছিপে গড়নের লম্বা শ্যামবর্ণের এক ছেলে। স্বল্পভাষী। শান্ত স্বভাবের মানুষ। ক্লাসে যাচ্ছেন। ক্লাস থেকে হেঁটে হোস্টেলে ফিরছেন। ওই বয়সেই তার মধ্যে এক উজ্জ্বল ব্যক্তিত্ব লক্ষ্য করা যায়। বন্ধু-বান্ধব নিয়ে হৈচৈ করতেও দেখিনি তাকে। পোশাক-পরিচ্ছদ ছিল তার সাদামাটা। পাজামা পড়তেন। ফুলপ্যান্টের ধারে-কাছেও ঘেঁষেননি। আমারও অভ্যাস ছিল তেমনটি। শীতকালে ক্লাসে আসা-যাওয়ার সময় তার পরনে দেখতাম গরম কাপড়ের ফুলহাতা শার্ট। কোট, জ্যাকেট তো দূরের কথা সোয়েটারও পড়তেন না তিনি। হোস্টেলে গায়ে গরম চাদর জড়িয়ে থাকতেন। বলা যেতে পারে, ওয়াজেদ মিয়া ছিলেন সহজ, সরল এক আদর্শ শিক্ষার্থী।
পঞ্চাশের দশকের রাজশাহী কলেজ শিক্ষকদের ক’জনইবা বেঁচে আছেন। মনে জাগে এ মুহূর্তে, শ্রদ্ধাভাজন নিবেদিতপ্রাণ তিনজন শিক্ষকের স্মৃতি। জাতীয় অধ্যাপক কবীর চোধুরী, অধ্যাপক আবদুস সাত্তার ও অধ্যাপক আশরাফ সিদ্দিকী। কবীর চৌধুরী স্যার আমাদের পড়াতেন ড্রামা ‘আব্রাহাম লিংকন’। সাত্তার স্যার ত্রিকোণমিতি’। ড. আশরাফ সিদ্দিকী স্যার ‘জমিদার দর্পণ’। প্রথম দু’জনই লোকান্তরিত হয়েছেন।
ইন্টারমিডিয়েটের পর ওয়াজেদ সাহেব অনার্স পড়ার উদ্দেশ্যে ঢাকায় আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের ছাত্র হলেন। আমি গণিতে অনার্স নিয়ে রাজশাহীতেই থেকে গেলাম। উচ্চতর শিক্ষাগ্রহণের ক্ষেত্রে আমরা আবার আলাদা হয়ে পড়লাম। ওয়াজেদ সাহেব বিদেশে পাড়ি জমালেন। আমিও ইংল্যান্ডে এলাম। এ যাবত্ অধ্যাপনা করলাম রাজশাহী, ইসলামাবাদ (পাকিস্তান), ঢাকা, জাহাঙ্গীরনগর, ইস্ট-ওয়েস্ট ও আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এ। ড. ওয়াজেদ ঢাকার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগ দেন। কশিমনের চেয়ারম্যান হলেন। দেখতাম ঘন ঘন র’ চা পান করছেন। একসময় বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি পদেও অধিষ্ঠিত ছিলেন তিনি। আমিও হলাম বাংলাদেশ গণিত সমিতির সভাপতি (২০০৮, ২০০৯ কার্যকাল)। নোবেল বিজয়ী বিজ্ঞানী প্রফেসর আবদুস সালাম প্রতিষ্ঠিত ও পরিচালিত ইতালির ত্রিয়েস্তের আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান কেন্দ্রের সম্মানজনক এসোসিয়েট মেম্বর হয়েছিলেন ড. ওয়াজেদ। আমারও সৌভাগ্য হয়েছে ওই আন্তর্জাতিক কেন্দ্রের এসোসিয়েট মেম্বর হওয়ার (১৯৯০-৯৫)। ত্রিয়েস্তে আমাদের শেষ সাক্ষাত্ হয়েছে ১৯৮৩-এর আগস্টে। ওয়াজেদ সাহেব বঙ্গবন্ধুর জামাতা এই সূত্র ছাড়াও আওয়ামী লীগ পরিবারের সাথে আমার এক বন্ধন গড়ে ওঠার অন্যতম কারণ- শেখ হাসিনা ও আমার স্ত্রী ঢাকায় আজিমপুর গার্লস হাইস্কুল ও (বদরুন্নেসা) গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট কলেজে পড়ালেখা করতেন। শেখ হাসিনা ছিলেন তার এক বছরের সিনিয়র। এই নেত্রীর প্রতি, দেখেছি, এক অকৃত্রিম শ্রদ্ধাবোধ তাকে আবেগপ্রবণ করে তোলে। অপরদিকে সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (প্রয়াত) আবদুল জলিল ও আমি নওগাঁ কে ডি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। বিদ্যালয়ে আবদুল জলিলের এক বছরের সিনিয়র আমি। ১৯৬৬-৬৯-এর দিকে লন্ডনে তার অকৃপণ আতিথেয়তা ভোলা সহজ নয়। আবদুল জলিল একজন মহানুভব ব্যক্তি বললে অত্যুক্তি হবে না।
বন্ধুবর সহপাঠী ড. এম এ ওয়াজেদ মিয়ার আত্মার পারলৌকিক শান্তি কামনা করছি। শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি জানাই গভীর সমবেদনা।
জীবনমাত্রেরই মৃত্যু বিশ্বস্রষ্টার এক অমোঘ বিধান। কবির ভাষায়, ‘জন্মিলে মরিতে হবে/ অমর কে কোথা কবে’। তাই মহত্ কীর্তির ঔত্কর্ষেই বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে আমাদের স্মৃতিতে ভাস্বর রইবে, মরণকে বরণ করে রংপুর পীরগঞ্জের ফতেপুর গ্রামে চিরনিদ্রায় শায়িত সর্বজনপ্রিয় ‘সুধা মিয়া’।
লেখক:সাবেক গণিত প্রফেসর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়