নাসির-রিয়াদের ঝলকানির পরও...
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:৫০
অভিষেকের পর থেকে খেলতেন আট নম্বরে। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো ফিফটি করার পুরস্কার হিসেবে পাকিস্তানের বিপক্ষে ছয় নম্বরে প্রমোশন মিলেছিল। সুযোগ পেয়েই সেঞ্চুরি করে ফেললেন। সেঞ্চুরি করে মুখভর্তি স্বভাবসুলভ হাসি নিয়ে এসেছিলেন সংবাদ সম্মেলনে। কিন্তু হাসিটা মিলিয়ে গেল একটা প্রশ্ন শুনে—সেঞ্চুরি করে ব্যাট তুললেন না কেন?
প্রশ্নটা শুনে মুখ কালো করে একটুও ইতস্তত না করে বলে ফেললেন, ‘ব্যাট তুলে কী হবে! ম্যাচই তো জিততে পারলাম না। হারা ম্যাচে এই সেঞ্চুরির কোনো দাম নেই।’
সেই সেঞ্চুরির পর আরও অনেক ম্যাচ কেটে গেছে। সেদিনের চমক নাসির হোসেন গত এক বছরে বাংলাদেশের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন। বাংলাদেশের রেকর্ড দ্রুততার সঙ্গে রান করছেন ওয়ানডেতে। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটি ফিফটি করে নিজের রেকর্ডটা আরও উপরে তুলে নিয়ে গেলেন। কিন্তু নিশ্চিত করে বলা যায়, নাসির আজও ভাবছেন—এই রেকর্ডের দাম নেই।
শুধু নাসিরের নয়; সত্যি কথা বললে বলতে হয় সবচেয়ে বেশি বিফলে গেছে মাহমুদউল্লাহর ইনিংসটা। ঝড়ো ফিফটি দিয়ে ফর্মে ফিরেছেন। শেষ বেলায় খানিকটা স্বভাববিরোধী ব্যাটিং করেই বাংলাদেশকে লড়াই করার মতো একটু পুঁজি এনে দিয়েছেন ‘রিয়াদ’। কিন্তু শেষ পর্যন্ত ওই যে সেই হারা ম্যাচের রান!
নাসির আর রিয়াদের ফিফটি দুটো একেবারেই বিপরীত অর্থে তাত্পর্যময় ইনিংস ছিল দু’জনের জন্য। নাসিরের জন্য ব্যাপারটা ছিল বাংলাদেশের ‘মিস্টার কনসিসটেন্ট’ বলে আরও একবার নিজের প্রমাণ দেয়া।
শুধু পরিসংখ্যানই আপনাকে বুঝিয়ে দিতে পারবে যে, নাসির কতোটা ধারাবাহিক। ২৫ ওয়ানডের ক্যারিয়ারে গতকালকেরটিসহ নাসিরের ফিফটি ৬টি, সেঞ্চুরি ১টি। এ পর্যন্ত ৭৭১ রান করেছেন তিনি ৪৫.৩৫ গড়ে। টেস্টের পরিসংখ্যানটা দেখতে আরও সুন্দর— ১০ টেস্টে ৪৬.৭০ গড়ে ৭৯৪ রান!
এই জিম্বাবুয়ে সফরেই এই নিয়ে ৭ ইনিংসে ৪টি ফিফটির দেখা পেলেন নাসির!
গতকাল ক্যারিয়ারের ২৫তম ওয়ানডে খেলে ফেললেন নাসির। ফলে এখন অন্তত ওয়ানডেতে তার পারফরম্যান্স মূল্যায়নও করা যেতে পারে। সে মূল্যায়ন করতে গিয়ে তাকে বিশ্বসেরাদের কাতারে আপনি রাখতে পারবেন না। এর চেয়ে অনেক কম ওয়ানডে খেলে দুনিয়ার ঢের ঢের ব্যাটসম্যান এক হাজার রানের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় নাসির অবশ্যই সেরাদের একজন।
বলা ভালো, প্রথম ২৫ ওয়ানডের বিবেচনায় বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান নাসির হোসেন। এ বিবেচনায় এখনও ‘সেরা’ জায়গাটায় আছেন শাহরিয়ার নাফিস। ক্যারিয়ারের প্রথম ২৫ ওয়ানডেতে শাহরিয়ার ৭৮৭ রান করেছিলেন; নাসিরের চেয়ে ১৬ রান বেশি। উল্লেখ করা ভালো শাহরিয়ারের ক্যারিয়ারের উজ্জ্বলতম সময়টা এসেছিল ২৫ ম্যাচের পরেই; ফলে বাংলাদেশের সর্বনিম্ন ২৯ ম্যাচে হাজার রান করে ফেলেছিলেন তিনি।
নাসিরের সামনে সুযোগ আছে এখনও শাহরিয়ারকে পেছনে ফেলে দেয়ার।
সহ-অধিনায়ক মাহমুদউল্লাহর সামনে এই রকম কোনো রেকর্ড ছিল না। তার জন্য চ্যালেঞ্জ ছিল ফর্মে ফেরা। ইন-ফর্ম মাহমুদউল্লাহকে নিয়ে কারো প্রশ্ন করার সুযোগই নেই। অভিষেকের পর থেকে একটা রেকর্ড সঙ্গে নিয়েই চলছেন এখনও—২০০৭ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে ৭ নম্বরে তার রান ১৩০২; এই সময়ে বিশ্বের আর কোনো ৭ নম্বর ব্যাটসম্যানের এতো রান নেই। এ ছাড়া পঞ্চম বোলার হিসেবেও এই সময়ের অন্যতম সেরা উইকেট শিকারী মাহমুদউল্লাহ।
কিন্তু বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থেকেই যেন নিজেকে খুঁজে পাচ্ছিলেন না এই দারুণ পারফরমারটি। শ্রীলঙ্কা সফরের বাজে পারফরম্যান্স ও প্রথম হারারে টেস্টের ব্যর্থতার ফলে সহঅধিনায়ক হয়েও দ্বিতীয় হারারে টেস্টের একাদশ থেকে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ। ফলে ওয়ানডে সিরিজে তার নিজেকে প্রমাণ করাটা খুব জরুরি হয়ে উঠেছিল।
অসাধারণ ভঙ্গিতে কাল নিজের সেই প্রয়োজন মেটালেন মাহমুদউল্লাহ। কিন্তু সতীর্থরা তার এই ইনিংসকে মর্যাদা দিতে পারলেন কই!
স্কোর কার্ড
বাংলাদেশ ব্যাটিং:
তামিম ক টেইলর ব চাতারা ৩২
আশরাফুল ক সিবান্দা ব ভিটোরি ৫
জহুরুল ব ভিটোরি ০
মুশফিকুর ক চাতারা ব উতসেয়া ৩২
সাকিব ক সিবান্দা ব উইলিয়াসম ১৮
নাসির ক টেইলর ব জার্ভিস ৬৩
মাহমুদুল্লাহ অপরাজিত ৭৫
জিয়াউর ক মাসাকাদজা ব চাতারা ৫
রাজ্জাক ক টেইলর ব জার্ভিস ৪
সফিউল রান আউট(সিবান্দা/টেইলর) ১
অতিরিক্ত(লেগ বাই ১, ওয়াইড ৯,
নো বল ২) ১২
মোট ( ৯ উইকেট, ৫০ ওভার) ২৪৭
উইকেট পতন
১-১৫(আশরাফুল), ২-১৫(জহুরুল), ৩-৭৭(মুশফিক), ৪-৮৪(তামিম), ৫-১১০(সাকিব), ৬-১৮৯(নাসির), ৭-১৯৪(জিয়াউর), ৮-২১১(রাজ্জাক),৯-২৪৭(শফিউল)।
বোলিং:
জার্ভিস: ১০-০-৬৩-২, ভিটোরি: ৯-০-৪৩-২, চিগাম্বুরা: ০.৫-০-২-০, মাসাকাদজা: ৫.১-০-১৬-০, উতসেয়া: ৯-১-৩৪-১, চাতারা: ১০-০-৫৯-২, উইলিয়ামস: ৬-০-২৯-১।
জিম্বাবুয়ে ব্যাটিং:
সিবান্দা অপরাজিত ১০৩
মাসাকাদজা ক মুশফিক ব রবিউল ৪১
রাজা ক নাসির ব জিয়া ৩৭
টেইলর ক মুশফিক ব মাহমুদুল্লাহ ২
উইলিয়ামস অপরাজিত ৫৫
অতিরিক্ত (লেগ বাই ৭,ওয়াইড ৫,
নো বল ১) ১৩
মোট (তিন উইকেট, ৪৭.১ ওভার) ২৫১
উইকেট পতন ১-৭৯(মাসাকাদজা), ২-১৩৫(রাজা), ৩-১৪২(টেইলর)।
বোলিং: সফিউল: ১০-০-৫৮-০, রাজ্জাক: ১০-১-৪৪-০, রবিউল: ৭.১-০-৪৫-১, জিয়াউর: ৫-০-২৫-১, সাকিব: ৯-১-৪৩-০, মাহমুদুল্লাহ: ৬-০-২৯-১।
ফল: জিম্বাবুয়ে সাত উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে ২-১ এ জয়ী।
ম্যাচ সেরা : মাহমুদুল্লাহ রিয়াদ ও ভুসিমুজি সিবান্দা।
সিরিজ সেরা : ভুসিমুজি সিবান্দা।