ফার্গি যুগের অবসান

ভাবলেশহীন চাহনী; অবিরাম চিবিয়ে যাচ্ছেন চুইঙ্গাম; শরীরে কালো ওভারকোট চাপানো। গোল হলেও হাত তালি দিয়ে উঠে দাঁড়াচ্ছেন, শিশুদের মতো দু’হাত শূন্যে ছড়িয়ে দিয়ে উল্লাস করছেন; আবার কখনও বা রেফারির সাথে মেতে উঠছেন উত্তপ্ত বাক্য বিনিময়ে। ২৭ বছরের পরিচিত এ দৃশ্যগুলো আর দেখা যাবে না, সেগুলো এখন ইতিহাসের পথে। কেননা এই মৌসুমেই শেষবারের মতো দেখা যাবে ফুটবলামোদীদের চিরচেনা ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে। গতকাল বুধবার স্যার অ্যালেক্স নিজেই জানিয়ে দিলেন এই মৌসুম শেষে আর রেড ডেভিলদের কোচ হিসেবে দেখা যাবে না তাকে। প্রায় ২৭ বছর আর ৪৯টি শিরোপা জয়ের পর গতকাল বুধবার জাতে স্কটিশ ফার্গুসন জানালেন নিজের বিদায়ের কথা, ‘অবসর নেয়া এমন একটা বিষয় যার জন্য আমাকে অনেক সময় নিয়ে ভাবতে হয়েছে। আর এই বিষয়টিকে হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। তাই সব শেষে আমি সিদ্ধান্তে পৌঁছেছি। আমার মনে হয় বিদায় নেয়ার জন্য এটাই সঠিক সময়।’ ফার্গুসন কোচের দায়িত্ব ছাড়লেও এখনই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাচ্ছেন না। চলতি মৌসুম শেষে বোর্ডের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ৭১ বছর বয়সী এই কিংবদন্তী। এর মধ্যেই নিজেদের নতুন কোচ নির্বাচনের পথে এগিয়ে গেছে ইংল্যান্ডের এই জায়ান্ট ক্লাবটি। ইংলিশ মিডিয়ায় জোর গুঞ্জন, এভারটনের কোচ ডেভিড মোয়েস কিংবা রিয়াল মাদ্রিদের হোসে মরিনহোকে দেখা যাবে ইউনাইটেডের খালি পদে। বায়ার্ন মিউনিখের ৬৭ বছর বয়সী বিদায়ী কোচ ইয়াপ হেইঙ্কেসের কথাও শোনা যাচ্ছে। তালিকায় আছে আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের কোচ জার্গেন ক্লপের নামও। বিদায় বেলায় ফার্গুসন কারণ হিসেবে বললেন, ‘আমার মতে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর পরই কোন প্রতিষ্ঠান থেকে বিদায় জানানো উচিত। আর আমার বিশ্বাস আমি সেটা বেশ সফলতার সাথেই করতে পেরেছি। লিগ শিরোপা জয় করা এই দলটি এখন অনেক বেশি ছন্দে আছে; একদিকে অভিজ্ঞতা আর অন্যদিকে দারুণ কিছু তরুণ খেলোয়াড়। সব মিলিয়ে আমি ক্লাবের বেশ উজ্জ্বল ভবিষ্যত্ দেখতে পাচ্ছি।’ ১৯৮৬ সালের নভেম্বর থেকেই ইউনাইটেডের দায়িত্ব পালন করছেন ফার্গুসন। তাকে, ইংলিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ২৭ বছরের দায়িত্ব পালনকালে তিনি ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের ক্লাবটিকে ১৩ বার প্রিমিয়ার লিগ শিরোপা, পাঁচবার এফএ কাপ, চারবার লিগ কাপ এবং দুই বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দিয়েছেন। আর দিন শেষে তাই ইউনাইটেডের হয়ে তার রেকর্ডটাও দেখার মতো। ২৭ বছরে ৩৮ টি শিরোপা; আর সব মিলিয়ে ৪৯টি! এই ফার্গুসনের অধীনেই ম্যানচেস্টার ইউনাইটেড গত মাসে নিশ্চিত করে নিজেদের ২০তম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। বর্ষীয়ান এই কোচের আমলেই বিশ্বব্যাপী দোর্দণ্ড প্রতাপশালী দল হিসেবে পরিচিতি পায় ইউনাইটেড। মার্কিন বিজনেজ ম্যাগাজিন ফোর্বসের রিপোর্ট অনুযায়ী দলটির সম্পদের পরিমাণ এখন ৩১৭ কোটি মার্কিন ডলার। স্কটিশ ক্লার সেন্ট মিরেনের হয়ে এর আগে কোচ হিসেবে ফার্গুসনের ক্যারিয়ার শুরু হয়। ১৯৭৬ সালে প্রথম বিভাগের শিরোপা জয় করে আসেন এবারডিন। সেখানে তিনবার প্রিমিয়ার ডিভিশন, চারবার স্কটিশ কাপ ও একবার স্কটিশ লিগ কাপ জয় করেন তিনি। এছাড়াও ক্লাবটির হয়ে তার ঝুলিতে আছে ইউরোপিয়ান কাপ-উইনার্স কাপ ও ইউরোপিয়ান সুপার কাপের একটি করে শিরোপা। এরপর ১৯৮৬ সালে আসেন ওল্ড ট্র্যাফোর্ডে। ১৯৯২-৯৩ মৌসুমে জয় করেন লিগ শিরোপা। এরপরই একের পর শিরোপা জিতেছেন ফার্গুসন। বিদায় বেলায়ও জিতে গেলেন আরেকটি প্রিমিয়ারশিপ। রচনা করলেন টানা ২৭ বছরের ধারাবাহিক পারফরম্যান্সের এক অনন্য ইতিহাস। ফার্গুসনের যত শিরোপা... সেন্ট মিরেন স্কটিশ ফার্স্ট ডিভিশন (১) : ১৯৭৬-৭৭ এবারডিন স্কটিশ প্রিমিয়ার ডিভিশন (৩) : ১৯৭৯-৮০, ১৯৮৩-৮৪, ১৯৮৪-৮৫. স্কটিশ কাপ (৪) : ১৯৮১-৮২, ১৯৮২-৮৩, ১৯৮৩-৮৪, ১৯৮৫-৮৬. স্কটিশ লিগ কাপ (১) : ১৯৮৫-৮৬. ইউরোপিয়ান কাপ-উইনার্স কাপ (১) : ১৯৮২-৮৩. ইউরোপিয়ান সুপার কাপ (১) : ১৯৮৩. ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ (১৩) : ১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭, ১৯৯৮-৯৯, ১৯৯৯-২০০০, ২০০০-০১, ২০০২-০৩, ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯, ২০১০-১১, ২০১২-১৩. এফএ কাপ (৫): ১৯৮৯-৯০, ১৯৯৩-৯৪, ১৯৯৫-৯৬, ১৯৯৮-৯৯, ২০০৩-০৪. লিগ কাপ (৪): ১৯৯১-৯২, ২০০৫-০৬, ২০০৮-০৯, ২০০৯-১০. কমিউনিটি শিল্ড (১০): ১৯৯০ (যৌথ ভাবে), ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৬, ১৯৯৭, ২০০৩, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১. উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (২): ১৯৯৮-৯৯, ২০০৭-০৮. ইউরোপিয়ান কাপ-উইনার্স কাপ (১): ১৯৯০-৯১. ইউরোপিয়ান সুপার কাপ (১): ১৯৯১. ইন্টারন্যাশনাল কাপ (১): ১৯৯৯. ফিফা ক্লাব বিশ্বকাপ (১): ২০০৮.