তাদের চোখেও সেরা
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:৫১
সেপ ব্ল্যাটার থেকে মিশেল প্লাতিনি। ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে রুদ ফন নিস্টলরয়। সহকর্মী-প্রতিপক্ষ। ফার্গুসনের বিদায়ের খবরে শ্রদ্ধাবনত সবাই। একবাক্যে তারা সবাই স্যার অ্যালেক্স ফার্গুসনকে সেরা বলে মত দিলেন। এই মৌসুম শেষেই ছাড়ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব। বিদায়ের এই ঘোষণার পরেই সমগ্র ফুটবল বিশ্ব মেতেছে ফার্গুসন স্তুতিতে। স্কটিশ এই কোচের বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিদায়লগ্নে সবাই স্মরণ করছেন ক্লাবটির হয়ে ২৭ বছরের ক্যারিয়ারের অনন্য সব অর্জনকেও।
ফিফা প্রেসিডেন্ট ব্ল্যাটার তার তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, ‘এইমাত্র শুনলাম মৌসুম শেষেই বিদায় নিচ্ছেন স্যার অ্যালেক্স। ফুটবলে তার কীর্তিগুলোই বলে দিচ্ছে খেলাটির সর্বকালের সেরাদের কাতারেই তিনি থাকবেন।’
শুধু স্কটল্যান্ড কিংবা ইংল্যান্ড নয়, ফুটবলে ফার্গুসনের অবদানের জন্য গোটা ইউরোপই তার কাছে ঋণী। দামি খেলোয়াড় কিনে তাকে ব্যবহার করা নয় বরং উঠতি খেলোয়াড়দের পরিণত করেছেন সুপারস্টারে। ফার্গির চরিত্রের এই দিকটিকে মহিমান্বিত করে উয়েফা সভাপতি এবং ফুটবল কিংবদন্তী প্লাতিনি এক দীর্ঘ বার্তায় বলেন, ‘ফুটবলে স্যার অ্যালেক্সের অবদান অনন্য। খেলাটির প্রতি তার নিবেদন, তার একাগ্রতা এবং প্রতিভা খুঁজে বের করার সুতীক্ষ দৃষ্টি; ম্যানইউ এবং এবারডিনের ম্যানেজার হিসাবে ৩০ বছরের ক্যারিয়ারে এই গুণগুলোই তাকে পুরস্কৃত করেছে। ফলাফল হিসাব করলে তার কোচিং ক্যারিয়ারকে অনন্যই বলতে হবে।’
ফুটবল সংগঠকদের পাশাপাশি ফার্গির অনন্য রেকর্ডের প্রতি সম্মান জানিয়েছেন এ যুুগের তারকারাও। যাদের অনেকেই তারকা হয়ে উঠেছেন এই স্কটিশের হাত ধরেই। তাদেরই একজন মাইকেল ওয়েন। ২০০৯ সালে ওল্ড ট্রাফোর্ডে যোগ দেয়া ৩৩ বছর বয়সী এই তারকা বলেন, ‘এটা অদ্ভুত একটা ব্যাপার। ইউনাইটেড থাকবে অথচ স্যার অ্যালেক্স থাকবেন না, ভাবাই যায় না। দুর্দান্ত একজন মানুষ এবং নিজের ইচ্ছামতোই তিনি ব্যাপারটা শেষ করছেন।’ ফার্গুসনের কোচিংয়ের গুণমুগ্ধ ভক্ত এই তারকা আরো বলেন, ‘তার অধীনে খেলতে পারাটা আসলেই অনন্য একটা অভিজ্ঞতা। তার রেকর্ড কখনোই মুছে যাবে না।’ ইউনাইটেডের ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার নিস্টলরয়ের অনুভূতিও প্রায় একই রকম। ক্লাবটির হয়ে ২১৯ ম্যাচে ১৫০ গোল করা এই ডাচ তারকা বলেন, ‘এটা ছিল (তার অধীনে খেলা) অদ্ভুত এক অভিজ্ঞতা।’ ফার্গুসনের হাত ধরেই পাদপ্রদীপের আলোতে আসা ক্রিশ্চিয়ানো রোনালদো টুইটারে বলেছেন, ‘থ্যাংক ইউ, বস।’
ফুটবল মাঠ ছেড়ে ফার্গুসনের খ্যাতি বহু আগেই পৌঁছে অনেক দূরে। তার বিদায়ের ঘোষণার প্রতি সম্মান জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও। কৌতুক করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ম্যান ইউর হয়ে ফার্গুসনের অর্জন অসাধারণ। আশা করি তার বিদায়ের পরে আমার দল অ্যাস্টন ভিলার পথটা কিছুটা হলেও মসৃণ হবে!’ শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটেনের ক্রীড়ামন্ত্রী হিউ রবার্টসনও। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড স্কুয়াডামোর ফার্গুসনের বিদায়কে ‘বড় আঘাত’ উল্লেখ করে বলেন, ‘আমাদের যুগে সেই সবচেয়ে বড় তারকা। স্যার অ্যালেক্স ফার্গুসনকে বাদ দিয়ে আপনি প্রিমিয়ার লিগের কথা বলতে পারেন না।’ ৭১ বছর বয়সী এই কোচের বিদায়ে বিষণ্ন তার প্রতিপক্ষরাও। গত মৌসুমে ফার্গিকে প্রিমিয়ার লিগ শিরোপা বঞ্চিত করা ম্যানচেস্টার সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি এই টুইটার বার্তায় বলেছেন, ‘স্যার অ্যালেক্স ফার্গুসন। সর্বকালের অন্যতম সেরা ম্যানেজার তিনি। খেলাটিতে গত ২৬ বছরে তার যে অর্জন, সবার কাছ থেকেই শ্রদ্ধা দাবি করেন তিনি।’