চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

টিকেটের জন্য জার্মানদের হাহাকার

দুই জার্মান প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড এবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে যোগ দেয়ায় ক্লাব দুটির সমর্থকরা এখন টিকেট যোগাড়ে মরিয়া। কিন্তু জার্মান সমর্থকদের এখন খেলাটি দেখার জন্য ড্র ভাগ্যের উপর নির্ভর করতে হবে। কেননা ২৫ মে অনুষ্ঠেয় ফাইনালটির ভেন্যু লন্ডনের ৮৬ হাজার আসনের ওয়েম্বলিতে শুধু বায়ার্ন ও বরুশিয়ার সমর্থকরাই চেয়েছেন সাড়ে সাত লাখ টিকেট। বরুশিয়া কেবল সমর্থকদের জন্য নির্দিষ্ট করা আবেদনপত্র পেয়েছে ৫০২,৫৬৭টি। বায়ার্ন পেয়েছে ২৫০০০ আবেদন। অথচ ফাইনালে ওঠা দল দুটির জন্য ইউরোপীয় ফুটবলের নিয়ামক উয়েফার তরফে বরাদ্দ হলো প্রায় ২৫ হাজার করে টিকেট। ওয়েম্বলির টিকেটের দাম হলো ৭২ থেকে ৩৯৬ ইউরোর মধ্যে। জার্মান সমর্থকদের জন্য আরো দুশ্চিন্তার বিষয় হলো বুন্দেশলিগায় তারা আরো কম মূল্যে খেলা দেখে থাকেন। এমনকি ওয়েম্বলিতে তাদের টিকেট কাটতে হলে জার্মান লিগে পুরো মৌসুমের চাইতেও বেশি অর্থ দিতে হবে। তারপরও যে কোন মূল্যে টিকেট পেতে মরিয়া জার্মান সমর্থকরা। কারণ এই প্রথম দুই জার্মান ফাইনালে খেলছে। বায়ার্ন অনেকবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছে। এমনকি গেলবারও তারা ছিল ফাইনালিস্ট। সে তুলনায় বরুশিয়া ডর্টমুন্ড ১৯৯৭ সালের পর প্রথম বারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠায় সমর্থকদের মধ্যে এখন টিকেটের জন্য পাগলাটে প্রতিক্রিয়া চলছে। যদিও ডর্টমুন্ড এর আগে ১৯৯৭ সালে ক্লাবের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ৩-১ গোলে জুভেন্তাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। দর্শক ধারণ ক্ষমতার দিক থেকে জার্মানির সবচেয়ে বড় স্টেডিয়ামের মালিক ডর্টমুন্ডই। তাদের সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচপ্রতি গড়ে খেলা দেখেন প্রায় ৮০,০০০ দর্শক। তবে ওয়েম্বলির ফাইনালে সরাসরি লেভানডস্কি-রোবেনদের লড়াই দেখতে পারবেন এর চেয়ে অনেক কমসংখ্যক ডর্টমুন্ড সমর্থক। তবে সমর্থকদের এই আবেদন যে ক্লাবের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ সেটা বুঝতে পারছে ক্লাব কর্তৃপক্ষও। ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা অবিশ্বাস্য।’ পাশাপাশি ক্লাবটি এও জানিয়েছে যে, সৌভাগ্যবান ২৪,০৪২ জন দর্শক বেছে নিতে লটারির আয়োজন করা হবে। বায়ার্নের স্টেডিয়াম অ্যালিয়েঞ্জ এরিনার মোট ধারণ ক্ষমতা প্রায় ৮৬,০০০। কাজেই তাদেরও অনেক দর্শকের ওয়েম্বলিতে খেলা দেখা হবে না। সেজন্য ডর্টমুন্ড শহরের কর্তৃপক্ষ লন্ডনে যেতে না পারা দর্শকদের জন্য তিনটি উন্মুুক্ত স্থানে খেলা দেখানোর ব্যবস্থা করবে। অপরদিকে বার্লিন কর্তৃপক্ষ ২০০৬ ও ২০১০ বিশ্বকাপের জন্য নির্বাচিত ‘ফ্যান জোন’ খুলে দিতে পারে।