ঝুঁকিপূর্ণ ১৮ গার্মেন্টস বন্ধ করে দিয়েছে সরকার
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:৫৬
ঝুঁকিপূর্ণ হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের ১৮টি তৈরি পোশাক শিল্পকারখানা বন্ধ করে দিয়েছে সরকার। বিল্ডিং কোড না মেনে যেসব ভবনে এ কারখানা করা হয়েছে তাও পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি গার্মেন্টস পল্লী করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তৈরি পোশাক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গতকাল বুধবার এসব সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সভাপতি শ্রমমন্ত্রী রাজিউদ্দিন রাজু সভাপতিত্ব করেন। একই বৈঠকে উপস্থিত ছিলেন গার্মেন্টস শিল্প তদারকি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। অন্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, নৌ-পরিবহনমন্ত্রী শাহাজান খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠক শেষে বস্ত্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, কোনও ঝুঁকিপূর্ণ ভবনে শিল্পপ্রতিষ্ঠান করতে দেয়া হবে না। তিনি বলেন, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ঢাকার ১৬ ও চট্টগ্রামের ২টি কারখানা সীল করে দেয়া হয়েছে। পরিদর্শন কাজ অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক ভাল নামি-দামি প্রতিষ্ঠান পরিদর্শনকালে দেখা গেছে সেসব জায়গায়ও অনেক ত্রুটি-বিচ্যুতি রয়েছে। সেগুলো সংশোধন করতে সময় দেয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করা না হলে সেগুলো বন্ধ করে দেয়া হবে।
বৈঠকে জানানো হয়, শিল্প কারখানা পরিদর্শন করতে শ্রম পরিদর্শক পদে জনবল শূন্যতা দূর করার উদ্যোগ নেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুটি পৃথক টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স সকল তৈরি পোশাক শিল্পকারখানা পরিদর্শন করে ভবনের অবকাঠামোগত অবস্থা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পরিবেশ ও কাজের উপযুক্তমান সম্পর্কে পর্যবেক্ষণসহ প্রতিবেদন দেবে। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
প্রসঙ্গত. তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ড এবং সর্বশেষ সাভারের রানা প্লাজা ধসের ঘটনার পর সরকার এ নিয়ে বেশ সরব হয়েছে। বস্ত্রমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি গঠন করে তদারকির ব্যবস্থা করেছে। এ কমিটি দুটি টাস্কফোর্স গঠন করার পাশাপাশি জনগণকে সচেতন করার নানা উদ্যোগও নিয়েছে।