হকার্স ফেডারেশনের
ক্ষতিপূরণ দাবি
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:৫৬
ক্ষতিগ্রস্ত হকার্স ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদানসহ পুনর্বাসনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ফেডারেশন। একই সঙ্গে মিছিল থেকে উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি এ সহিংসতার উস্কানিদাতা হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিচার দাবি করেন দরিদ্র হকাররা।
বুধবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম, জিপিও, পল্টন ও দৈনিক বাংলা মোড় এলাকায় বাংলাদেশ হকার্স ফেডারেশনের ব্যানারে বিক্ষোভ মিছিল করে তারা। বিক্ষোভ মিছিল শেষে বায়তুল মোকাররম মসজিদের পশ্চিম পাশে জুয়েলার্স মার্কেটের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সংগঠনের নেতা কামাল সিদ্দিকী, তোতা মিয়া, আবুল বাশার, শেখ মোফাজ্জল, আবুল হোসাইন, শাহাদত হোসেন হামজা, শেখ মোফাজ্জল হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
সামাবেশে বক্তারা বলেন, আমরা রাজনীতি বুঝি না, বুঝি পেটনীতি। পেটের দায়ে পরিবার চালাতে সামান্য ব্যবসা করছি। কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিএনপি-জামায়াত, হেফাজতের সহিংসতাকারীরা পুড়িয়ে ছাই করে দিয়েছে। এই সহিংসতা তাণ্ডবের উস্কানিদাতা হিসেবে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিচার চাই।
তারা বলেন, বিরোধী দলীয় নেত্রীর উস্কানিমূলক বক্তব্যের কারণেই হেফাজতের কর্মীরা পল্টন-বায়তুল মোকাররম-মতিঝিল এলাকার রাস্তার দু’পাশের হাকার্স-ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট করেছে। হেফাজতে ইসলামের এই তাণ্ডব একাত্তরের বর্বরতাকেও হার মানিয়েছে।
তারা বলেন, ক্ষতিগ্রস্ত হকার্স ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি সমবেদনা না জানিয়ে বিরোধী দলীয় নেত্রী এই ক্ষতকে আরো জ্বালা ধরানোর জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দু্ই দিন হরতাল দিয়েছে। আগামীতে এ ধরনের অযৌক্তিক হরতালও সহিংসতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।