রানা প্লাজার উদ্ধারকর্মী বাবুর রহস্যজনক মৃত্যু
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:৫৭
সাভারে ধসে পড়া রানা প্লাজায় উদ্ধারকর্মী হিসেবে কাজ করা এক যুবক চিকিত্সাধীন অবস্থায় নিখোঁজের দুইদিন পর মঙ্গলবার হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ওমর ফারুক বাবু (২৬)। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। মঙ্গলবার সকালে হাসপাতালের তৃতীয় তলায় ডেন্টাল ইউনিটের একটি ট্রলি থেকে তার লাশ পাওয়া যায়। তার লাশ উদ্ধারের বিষয়টি রহস্যের সৃষ্টি হয়েছে বলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
মৃতের স্ত্রী আইরিন আক্তার জানান, সাভারের রাজাসন এলাকায় তার স্বামী থাকতেন। পেশায় ছিলেন ওয়েল্ডিং মিস্ত্রি। রানা প্লাজা ধসের পর তিনি আরও অনেকের মতো সেখানে উদ্ধারকর্মী হিসেবে কাজ করেন। এরপর থেকে তার মধ্যে মানসিক সমস্যা দেখা দেয়। তিনি আতঙ্কে ঘুমাতে পারতেন না। মাঝে-মধ্যে ভয়ে শিউরে উঠতেন। বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রবিবার বিকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তিনি বিষয়টি তার স্বামীর আত্মীয়দের জানান। খবর পেয়ে বাবুর বড় বোন হেনা ঢাকায় ভাইকে খুঁজতে আসেন। কিন্তু সন্ধান মেলেনি।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৭টায় হাসপাতালের ডেন্টাল বিভাগের পাশের করিডোরে একটি ট্রলিতে বাবুর লাশ পাওয়া যায়। তার গলায় কালো দাগ দেখে চিকিত্সকরা ধারণা করছেন শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে। কিন্তু ঐ করিডোরের কলাপসিবল গেট সাধারণত বন্ধ থাকে। তাই কে গেট খুলে লাশ সেখানে নিয়ে গেল, কিভাবে তার মৃত্যু হলো—এসব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কর্তব্যরত আনসার সদস্যও এর কোন ব্যাখ্যা দিতে পারেননি। এ ব্যাপারে শাহবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে মৃতের বড় বোন হেনা বেগম অভিযোগ করেন, তার ভাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।