মূল্যস্ফীতির ধারা ঊর্ধ্বমুখী
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:৫৭
বাড়ছে মূল্যস্ফীতি। এপ্রিল মাসেও মূল্যস্ফীতির ধারা ছিল ঊর্ধ্বমুখী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে দেখা যায়, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ। মার্চে এ হার ছিল ৭ দশমিক ৭১ শতাংশ। এসময়কালে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ছিল সবচেয়ে বেশি। আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়। এসময় বিবিএস মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল জানান, প্রধানত চাল, মাছ, ফল, দুধ ও অন্যান্য খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণেই সার্বিক মূল্যস্ফীতি ঘটেছে। এছাড়া খাদ্য বহির্ভূত খাতে পরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালির সামগ্রী, পরিবহন ব্যয়, শিক্ষা উপকরণসহ বিভিন্ন দ্রব্য ও সেবার দাম বেড়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৬৮ শতাংশ। মার্চে এ হার ছিল ৭ দশমিক ৫০ শতাংশ।
এপ্রিলে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৯১ শতাংশ, যা মার্চে ছিল ৮ দশমিক শূন্য ৪ শতাংশ।
তথ্যে দেখা যায়, গ্রামীণ এলাকার চেয়ে দেশের শহর এলাকার মূল্যস্ফীতির হার তুলনামূলক বেশি। এপ্রিলে দেশের গ্রামীণ অঞ্চলে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৮০ শতাংশ। যা মার্চে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ।
অন্যদিকে শহর অঞ্চল জুড়ে সার্বিক মূল্যস্ফীতির হার এপ্রিলে ৯ দশমিক ৪৬ শতাংশে দাঁড়িয়েছে। যা মার্চে ছিল ৮ দশমিক ৮০ শতাংশ। এপ্রিল মাসে গ্রামীণ অঞ্চলে খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৭ দশমিক ৯৬ ও ৭ দশমিক ৫২ শতাংশ, যা মার্চে ছিল যথাক্রমে ৬ দশমিক ৮৮ ও ৭ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে এপ্রিলে শহর অঞ্চলে খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ১০ দশমিক ৪২ ও ৮ দশমিক ৪৭ শতাংশ, যা মার্চে ছিল ৯ দশমিক শূন্য ২ ও ৮ দশমিক ৫৮ শতাংশ।