আইএসআইয়ের টাকায় তাণ্ডব চালাচ্ছে হেফাজতে ইসলাম : কামরুল
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:৫৮
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের টাকায় এবং বিএনপি-জামায়াতের মদদে হেফাজতে ইসলাম দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে। গত রবিবার ঢাকায় এবং পরে দেশের বিভিন্ন স্থানে হেফাজতের সহিংসতার ঘটনায় জড়িত সকলকে ফৌজদারি আইনে বিচার করা হবে বলে জানান তিনি।
গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী সমাবেশ ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে গতকাল রাজধানীর শতাধিক স্থানে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতালবিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে কামরুল ইসলাম আরো বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার চাপেই গত রবিবার মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তভাবে, গণতান্ত্রিক উপায়ে হেফাজত কর্মীদের শাপলা চত্বর থেকে সরিয়ে দিয়েছে। শত শত লাশ গুমের অভিযোগ সত্য নয়। ইসলামের নামে পবিত্র কোরআন পোড়ানোর মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড সরকার বরদাশত করবে না উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, প্রয়োজনে সরকার কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাবে। ইসলাম হেফাজতের কথা বলে কোরআন পোড়াবেন তা হতে পারে না।