[ আ লো ক পা ত ]
একটি সমাবেশ, কয়েকটি মৃত্যু এবং বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যত্
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:৫৯
উপরের শিরোনামটি দেখে কারো মনে হতে পারে এটি হয়তো ভুল। এখানে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যত্ হবে না, হবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যত্। কিন্তু না, আমি ইচ্ছে করেই এই শিরোনামটি দিয়েছি, কারণ ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে দেশের অর্থনীতি আজ বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন।
প্রতিটি সরকারের শেষ বছরটিতে এসে কেন দেশে চরম রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে? স্বাধীনতার ৪২ বছর পার হয়ে গেলেও কেন আমরা একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল করতে পারছি না? দেশের এত সমস্যার মধ্যেও গেল বছরগুলোতে আমাদের অর্থনৈতিক অর্জন কিন্তু কম নয়। ১৯৯৪ থেকে ২০১২, এই ১৮ বছরে আমাদের জিডিপি বৃদ্ধির গড় হার ৫.৬ শতাংশ (জিডিপি বৃদ্ধির সর্বোচ্চ হার ৬.৭%, জুন, ২০১১), আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, বার্ষিক প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সও প্রায় ১৫ বিলিয়ন ছুঁই ছুঁই।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রকল্পের সংখ্যা প্রায় ১৫ শতাংশ কমে যাওয়া সত্ত্বেও ২০১২ সালে বাংলাদেশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট)-এর অন্তঃপ্রবাহ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।
গত এপ্রিলে প্রকাশিত এফ.ডি.আই প্রতিবেদন, ২০১৩ অনুযায়ী বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ উদ্যোগের প্রকল্প ৬৭ শতাংশ বৃদ্ধি পায়।
কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারী কিংবা এ দেশের ব্যবসায়ীরা নতুন কোন বিনিয়োগে কি আগ্রহী হবেন? গেল কিছুদিন যাবত্ ভাবছি হেফাজতে ইসলামকে সমাবেশ করার অনুমতি দেয়া কি খুবই প্রয়োজন ছিল? আর প্রয়োজন থাকলে আমরা কিছুতেই কি ৫০টি (বিভিন্ন পত্রিকা মারফত জানতে পারা সর্বনিম্ন সংখ্যা) মৃত্যু এড়িয়ে যেতে পারতাম না? এই যে সরকারগুলো ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জনগণের কাছ থেকে এটা কেন হচ্ছে?
৮০’র দশকের শেষ ভাগ কিংবা ৯০ দশকের শুরু থেকে অর্থনৈতিক উন্নতির যে ধারা শুরু হয়েছে সেই ধারা কি আমরা সবার মধ্যে ভাগ করে দিতে পেরেছি? এই যে কওমি মাদ্রাসার/এতিমখানার ছেলেগুলো আজ ঢাকা শহরে এসে একটি গোষ্ঠীর বিত্তবৈভব দেখে ক্রোধের আগুনে জ্বলেছে, নিজেদের পরিষ্কার ভিন্ন শ্রেণিভুক্ত করে ফেলছে এটা কি ঠিক হচ্ছে? কতটাই বা এদের দোষ দেয়া যায়? এদের অনেকেরই বয়স ১৩-১৪ বছরের বেশি নয়। এই বয়সের একটি ছেলে কি পুলিশ মেরে ফেলার ক্ষমতা রাখে? তারা কি ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারা কি হত্যাকাণ্ড করেছে? যদি করে থাকে, প্রশ্ন হচ্ছে কেন?
কারণ প্রথমত আমাদের একটি বিরাট জনগোষ্ঠী উন্নয়নের অংশীদার হতে পারছে না। এরা উন্নয়নের ফল তো পাচ্ছেই না, আবার সম্পদের বিতরণ ব্যবস্থারও (ডিস্ট্রিবিউশন চ্যানেল) ন্যূনতম বিচার পাচ্ছে না।
দ্বিতীয়ত আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করতে ব্যর্থ হয়েছি। যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদের একটি বিরাট অংশ (প্রায় ৮০ শতাংশ) এখনো বিজ্ঞান, বাংলা, ইংরেজি কিংবা কম্পিউটার শিক্ষাকে তাদের পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেনি কিংবা এখনো অপ্রয়োজনীয় মনে করছে। অথচ আমরা জানি বিজ্ঞানের যে অগ্রগতি, সমাজের যে অগ্রগতি, অর্থনৈতিক প্রগতি, প্রবৃদ্ধি বা সমৃদ্ধি এগুলো মানুষের প্রয়োজনে, মানবকল্যাণে ব্যবহূত হওয়া উচিত। যেহেতু তারা এখনো বিজ্ঞানকে গ্রহণ করতে পারছে না, বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা হতে সুফল ভোগ করতে বা লাভবান হতে পারছে না; সুতরাং তারা মানবকল্যাণের লক্ষ্যে কোন অবদানও রাখতে পারছে না। যে কারণে আমরা দেখতে পাই, তারা নারীকে উন্নয়নের প্রতিশব্দ ভাবতে পারছে না। তারা মুক্তিযুদ্ধকে ধর্মের প্রতিপক্ষ ভাবছে। এর কারণ তারা স্বাধীনতার তেমন সুফল পায়নি। স্বাধীনতা কিংবা মহান মুক্তিযুদ্ধ হয়তো অনেক সচিব তৈরি করেছে, অনেক মন্ত্রী তৈরি করেছে, অনেক ব্যবসায়ী-উদ্যোক্তা তৈরি করেছে কিন্তু তাদের জীবনে তেমন কোন পরিবর্তন বা উন্নতি ঘটাতে পারেনি। সেটি দুর্বল বিতরণ ব্যবস্থার কারণে হোক কিংবা উন্নয়ন পরিকল্পকদের অদূরদর্শীতার কারণে হোক কিংবা গ্রামগুলো বা গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠী উন্নয়ন ধারা হতে বিচ্ছিন্ন হয়ে থাকার কারণে হোক। মোদ্দা কথা হচ্ছে, তারা উন্নয়নের ভাগিদার নয়, তারা সমাজ প্রগতিরও ভাগিদার নয়।
তিন. এতগুলো মৃত্যু কি অত্যাবশ্যকীয় ছিল?
আমাদের কেন জানি মনে হয়েছে, পুলিশ প্রশাসন বিকাল ৪টার দিকে ঘোষণা দিত সন্ধ্যে ৬টার পর গণজাগরণ মঞ্চ কিংবা শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ দুটোই নিষিদ্ধ বা কোনটাই থাকবে না, সেক্ষেত্রে হয়তো আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে এড়াতে পারতাম।
এদিকে তাজরীন ফ্যাশন, সাভারের ঘটনার পর দেশের রাজধানীর প্রধান বাণিজ্যিক এলাকায় হেফাজতের লক্ষাধিক মানুষের মহাসমাবেশ এবং তার ফলে ধ্বংসযজ্ঞ, হানাহানি, মৃত্যু এগুলো আমাদের বিদেশি বিনিয়োগকারীদের বা পাশ্চাত্যের উন্নয়ন সহযোগীদের কি বার্তা দিচ্ছে? আমরা কি বিনিয়োগের ব্যাপারে সিরিয়াস? আমরা কি আন্তর্জাতিক মহলের সাথে ব্যবসায়ের ব্যাপারে প্রস্তুত?
এই ব্যাপারগুলো আমাদের অর্থনৈতিক অগ্রগতিকে ম্লান করে দিচ্ছে। ইউরোপ-আমেরিকায় অর্থনৈতিক মন্দার মধ্যেও আমাদের রফতানি গেল ১০ মাসে ১০.১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমাদের রেমিটেন্স-এর পরিমাণ গেল ১০ মাসে বৃদ্ধি পেয়েছে ১৬ শতাংশ। আমাদের অবকাঠামোগত উন্নয়নে সরকার এবং আমাদের উন্নয়ন সহযোগিদের অনেক বেশি আগ্রহ/ সিরিয়াসনেস আমরা দেখছি। ফ্লাইওভার হচ্ছে, ঢাকা-চট্টগ্রাম ডেডিকেটেড ট্রেড করিডোরের কথা ভাবা হচ্ছে, ব্রিজগুলোকে মেরামত করা হচ্ছে, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তার দিকেও আমরা অনেক অনেক এগিয়েছি ইত্যাদি। কিন্তু এসব কিছু ম্লান হয়ে যাচ্ছে এসব রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা এবং তা কমাতে সরকারের ব্যর্থতার কারণে।
আমরা শান্তিপূর্ণভাবে প্রতি পাঁচ বছরে একটি গণতান্ত্রিক সরকারের পালাবদল করতে পারছি না। আমাদের বিচার ব্যবস্থা আজ প্রশ্নের সম্মুখীন, আমাদের নির্বাচন কমিশন আজ সরকারের খেয়লিপনায় বিপর্যস্ত। আমরা জানি রোম একদিনে গঠিত হয়নি। একদিনে সবকিছু হবে না। এজন্য আমরা মনে করি কার্যকর সংলাপ রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পথকে সুগম করবে। হয়ত প্রয়োজনে আরো দুই একবার আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার প্রয়োজন হতে পারে। কারণ নির্বাচনে মাঠ পর্যায়ে প্রশাসন বা রিটার্নিং অফিসারের নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের সততা,নিষ্ঠার চেয়ে অনেক বেশি প্রয়োজন। প্রয়োজন নির্বাচনকালে সহিংসতা, হানাহানি বা মূল্যবান জীবন নাশ কমানোর প্রয়াস।
এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যদি কোন সরকারের নির্বাচিত মন্ত্রী থাকেন, সেক্ষেত্রে আমাদের মত দুর্বল সুশাসন বা বিচার ব্যবস্থার দেশে, জবাবদিহিতার অভাবের দেশে হয়তো মাঠ পর্যায়ে প্রশাসন বা রিটার্নিং অফিসাররা প্রভাবিত হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম কিছুটা হলেও ব্যাহত হবে যা আমরা কেউই চাই না। কারণ আমরা বিশ্বাস করি, গণতন্ত্রের পথেই নিশ্চিত হবে অর্থনীতির উন্নয়ন।
লেখক :ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক