নমনীয় ব্যাটারিতে নমনীয় গ্যাজেটের প্রতিশ্রুতি

নমনীয় ডিসপ্লে নিয়ে বেশ জোড়ালো গবেষণা চলছে প্রযুক্তি বিশ্বে। নমনীয় ডিসপ্লে’র কিছু প্রোটোটাইপ তৈরি হয়ে যাওয়ায় নমনীয় স্মার্টফোন, ট্যাবলেট পিসি কিংবা এই ধরনের ডিভাইস কেবল সময়ের ব্যাপার বলেও মন্তব্য করেন অনেকেই। তবে নমনীয় ডিভাইসের ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধাটি ছিল ব্যাটারি। তবে সেই প্রতিবন্ধকতাকেও দূর করতে এগিয়ে এসেছেন গবেষকরা। তারা এমন ধরনের ব্যাটারি তৈরিতে কাজ করছেন, যা হবে প্লাস্টিক বা পলিমারের তৈরি এবং এবং এগুলো হবে নমনীয়। আমেরিকান কেমিক্যাল সোসাইটির কেমিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিউজের সর্বশেষ সংখ্যায় (http://goo.gl/bmgb9) এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ইতোমধ্যেই নমনীয় ব্যাটারি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই এর ব্যবহারে নমনীয় গ্যাজেটস বাজারে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, জৈব পলিমার ব্যবহার করে তৈরি এই নতুন ধারার ব্যাটারিগুলো কেবল নমনীয়ই হবে না, এগুলো প্রচলিত ব্যাটারির চাইতে অনেক বেশি শক্তিশালী হবে এবং ওজনেও এগুলো হবে হালকা। প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলোর বদলে এই ব্যাটারিগুলোতে পলিমারের ব্যবহার এর ব্যবহারকে অনেক বেশি নিরাপদ এবং জনপ্রিয় করে তুলবে। ফ্লোরিডার সলিকোর নামক একটি প্রতিষ্ঠান ইতোমধ্যেই বাণিজ্যিকভাবে এর উত্পাদন শুরু করেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এ ছাড়া টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটির একদল গবেষকও এরকম নমনীয় ব্যাটারির প্রোটোটাইপ উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন।