পাঁচ বছরে প্রথম লাভের মুখ দেখল সনি
প্রকাশ : ০৯ মে ২০১৩, ১৯:৩৭
জাপানের টেক জায়ান্ট পাঁচ বছর পরে লাভের মুখ দেখেছে। এর আগে গত পাঁচ বছরে তারা একের পর এক ক্ষতির হিসাবই করে এসেছে। তবে সেই দুষ্টচক্রকে ভেঙে অবশেষে বেড়িয়ে আসতে পেরেছে তারা। চলতি বছরের ৩১ মার্চ সময় পর্যন্ত এক বছরে তাদের লাভের পরিমাণ ৪৩ বিলিয়ন ইয়েন (২৮০ মিলিয়ন পাউন্ড)। এর আগের বছরের একই সময়ে তাদের ক্ষতির পরিমাণ ছিল ৪৫৭ বিলিয়ন ইয়েন। বছরের শেষ চতুর্ভাগে এসে সনির গেম কনসোলের বিক্রির পরিমাণই তাদের এই লাভের মুখ দেখাতে সক্ষম করেছে বলে জানিয়েছেন সনির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নবুইউকি ওনেডা। পাশাপাশি গত বছরে সনির ১০ হাজার কর্মী ছাটাই আর ১ বিলিয়ন ডলারে নিউইয়র্কের সদর দপ্তর বিক্রিও তাদের এই লাভের মুখ দেখাতে সহায়তা করেছে বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা। সনি আশা করছে, এ বছরেও লাভেই থাকবে তারা।