টেলিফোনে পাঠকের মতামত
সংলাপের পরিবেশ আছে কি?
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২১:১৬
বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার সর্বশেষ পরিস্থিতি দেখলে মনে হয় না যে, এ মুহূর্তে সংলাপের কোন পরিবেশ আছে। বর্তমানে সহিংসতা এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের রেকর্ড অতিক্রম করেছে। বড় দুই রাজনৈতিক দলের মধ্যে হিংসা-বিদ্বেষ বেড়েই চলেছে। কোন অবস্থাতেই তারা নিজ অবস্থান থেকে সরে আসতে পারছেন না। দেশ ও জনগণের চেয়ে তাদের কাছে ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থ অনেক বড়। সরকারি দল বার বারই একটি কথা বলে আসছে যে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় আর ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ তা সংবিধান থেকে বাতিল হয়ে গিয়েছে। কিন্তু এ বিলটি বাতিল হওয়ার সময় হাইকোর্ট বলেছিল আরো দুু’টি নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে পারে। আর সংবিধান মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। তাই সরকার ইচ্ছা করলেই দেশ ও জনগণের স্বার্থে সংখ্যাগরিষ্ঠতার বলে সহজেই সংবিধান পরিবর্তন করতে পারে। একটি কথা বড় দুই রাজনৈতিক দলেরই মনে রাখা উচিত— নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রয়োজন বাংলাদেশ থেকে কখনোই ফুরাবে না। কারণ আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর একে অন্যের প্রতি আস্থা ও বিশ্বাস এতই কম যে, জাতীয় নির্বাচন নয় সাধারণ বিষয়েই কেউ কাউকে সহ্য করতে পারে না।
ডা. মর্জিনা আক্তার
বারিধারা পাইল্স কিউর সেন্টার,
গুলশান, ঢাকা
রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে তত্ত্ব্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়ার মধ্য দিয়ে। যুগপত্ সরকারবিরোধী আন্দোলন, দেশ-বিদেশের চাপে সরকার ‘সংলাপ’-এর আহ্বান করেন। সংলাপের এই আহ্বান দৃশ্যত কালক্ষেপণ ছাড়া কিছু না। সরকার প্রধান বলেছেন, বিরোধীদল বিচার মানে কিন্তু তালগাছটি ছাড়বে না। বিরোধীদলের ধারণা হচ্ছে, সরকার সালিসে বসবেন, তালগাছ না ছাড়ার প্রত্যয় নিয়ে। ঠিক এই মুহূর্তে মতিঝিলের ঘটনা পরিস্থিতিকে ক্রমান্বয়ে জটিল করে তুলছে। আলেম-সমাজ সামাজিক ও রাজনৈতিক শক্তি জেনেও সরকার ও শহুরে কিছু প্রগতিশীল মাথা মোটারা আলেম সমাজের চাওয়া-পাওয়াকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, ভেবে দেখার বিষয়টি ধর্তব্যে নিচ্ছেন না। যে কারণে সংলাপ তথা আলোচনার যুতসই মঞ্চ সৃষ্টি হচ্ছে না। জাহান্নামের আগুনে বসেও অনেকে যেখানে পুষ্পের হাসি হাসতে চান, সেখানে দেশে সংলাপে বসার মতো পরিস্থিতি এখনো উবে যায়নি। আমরা সাধারণ মানুষ সরকার ও রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো, গভীর অন্ধকার থেকে আমাদের আলো দেখাতে। আমরা সুড়ঙ্গের শেষে এক ঝলক আলো দেখতে চাই। প্রধানমন্ত্রী মদিনা সনদের ভিত্তিতে দেশ চালাবার ইচ্ছে ব্যক্ত করেছেন। সেক্ষেত্রে সংলাপে বসে দেশের বর্তমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখানো সত্যিকার অর্থে প্রধানমন্ত্রীর জন্য একটি সহজ কাজ। ক্ষমতা যেখানে চিরস্থায়ী নয়, সেখানে সবার জন্য ভাবাও অতি সহজ একটি বিষয়।
মুরাদ হোসেন
মধুখালী, ঝিকরগাছা, যশোর
দেশের সর্বশেষ পরিস্থিতিতে রাজনৈতিক আকাশে যে মহাদুর্যোগের আবির্ভাব ঘটেছে তাতে কারো কোন সন্দেহ নেই। গত ৬ এপ্রিল অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের অভূতপূর্ব অহিংস বিরাট জনসমাবেশের নির্বাচনী ফসল নিজ নিজ ঘরে তুলে নিতে কম-বেশি সকল রাজনৈতিক দলই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সচেষ্ট ছিলেন। পরবর্তী পর্যায়ে ৫ মে মহাসমাবেশকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল খুবই তত্পর হয়ে ওঠে। অথচ সবাই বেমালুম ভুলে গেছেন যে, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। এদের সমর্থক বিনামূল্যে থাকা, খাওয়া ও ধর্মীয় পড়ার বিনিময়ে এদেরই প্রতি শতভাগ আনুগত্যশীল কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এর নাবালক, এতিম এবং অসহায় ছাত্ররা। এই অসহায় শিশু, কিশোর ও যুবকদের ওয়াজ ও ধর্মীয় অনুষ্ঠানে শরিকের মিথ্যা আশ্বাস দিয়ে তাদের অনেকের কাছে অচেনা ঢাকা শহরে এনে মানব ঢাল হিসেবে ব্যবহার করে যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা চেঙ্গিস ও হালাকু খানের বর্বরতাকে হার মানিয়েছে। তাদের এই বর্বরতার হাত থেকে আশরাফুল মাকলুকাতই নয় বরং মুসলমানদের পবিত্র কোরআন, উদ্ভিদ কুল এবং জাতীয় ধন-সম্পদ পর্যন্ত রক্ষা পায়নি। অথচ সাভারের মহাকারবালার দিকে নজর না দিয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ হেফাজতে ইসলামের তথাকথিত মহাসমাবেশের দিকে তীর্থের কাকের মত তাকিয়ে ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই মহাসমাবেশের মূল নেতাই ঐ সমাবেশ স্থলে হাজির না হয়ে যে নজির স্থাপন করেছেন তার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নেই। মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত জনসমাবেশকে ধরে রাখার জন্য চার চারটি লাশ ইসলামি শরীয়ানুযায়ী দাফন না করে তাদেরকে তথাকথিত শহীদ আখ্যায়িত করে মঞ্চে নিয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়ে আল্লামা শফী সাহেবের অপেক্ষা ও তার গায়েবি হুকুমে সরকারকে দেওয়া নিজেদের সকল প্রতিশ্রুতি অমান্য করে সমাবেশ চালিয়ে যেতে থাকেন। ফলে মধ্যরাতে যা ঘটার তাই অনিবার্যভাবে ঘটে গেলো, আর মঞ্চের নেতারা এতিম ও অসহায় নাবালক শিশু, কিশোর ও যুবকদের রেখে মুহূর্তেই হাওয়া হয়ে গেলেন। হায় রে মোমিন মুসলমান! হায় রে ধর্মীয় মূল্যবোধ! হায় রে শাশ্বত মানবতা! এদিকে এই মহাসমাবেশ ও পরবর্তী ঘটনাকে পুঁজি করে বিভিন্ন রাজনৈতিক দল আবারও মাঠ গরম করা বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন। কিন্তু একথা কেউ ভেবে দেখলেন না যে, মাত্র এক মাসের ব্যবধানে হেফাজতে ইসলাম যে রূপ দেখালো তা কি তাদের আসল রূপ নয়? এঅবস্থায় উভয় রাজনৈতিক জোটের সংলাপ এক অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে বলে অভিজ্ঞমহল মনে করেন। কিন্তু সকল রাজনৈতিক দলকে স্মরণ রাখতে হবে যে, জনগণ যেমন অন্তর্বর্তীকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চায়, তেমনি উভয় জোটের আলাপ-আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক সমস্যারও সমাধান চায়। এর ব্যত্যয় ঘটলে জনগণ কাউকেই ক্ষমা করবে না।
ভুঁইয়া কিসলু বেগমগঞ্জী
৫-বিসিসি রোড, নবাবপুর, ওয়ারী, ঢাকা
সংলাপের কোন পরিবেশ নেই। আগে পরিস্থিতি, পরিবেশ সৃষ্টি করতে হবে।
আবদুস কুদ্দুস
মৌলভীবাজার, সিলেট
দিনক্ষণ আর বেশি নেই। বর্তমান সরকার রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে চলেছেন তাতে সংলাপের কোন পরিবেশ নেই। দেশ আজ নানা সমস্যায় জর্জরিত। ব্যাপক হুমকির মুখে অর্থনীতি। বিনিয়োগকারীরা নিরুত্সাহিত হয়ে ফিরে যাচ্ছেন। সে জন্য স্থিতিশীলতা ও সমঝোতার মাধ্যমে নির্বাচন কোন্ পদ্ধতিতে হবে তা বিরোধীদলকে আমন্ত্রণ জানিয়ে এখনই সংলাপ দরকার। আমরা আশা করছি, সরকার নমনীয়ভাব প্রকাশ করবেন।
লাডলা, আজিমপুর, ঢাকা
আমি মনে করি সরকার হচ্ছে দেশের জনগণের জানমালের হেফাজতকারী। অথচ এ সরকার জনগণের সম্পদ লুণ্ঠনকারী জান হরণকারী। এ সরকার বিরোধী দল এবং বিরোধী মত প্রকাশকারীদের ওপর ইতিহাসের ভয়াবহ দমন নিপীড়ন চালিয়ে যেভাবে তাদেরকে দমন করতে চাচ্ছে সে দলের সাথে আলোচনা করার কোন পরিবেশ আছে বলে আমি মনে করি না। আর আলোচনার যে প্রস্তাব দিয়েছেন সেটা হলো জনগণের তত্ত্বাবধায়ক দাবি এবং এ সরকারের শাসনকালে সকল ধরনের দমন, পীড়ন, লুটপাটের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলনকে বানচাল করার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য সরকারের এই আলোচনার প্রস্তাব বলে আমি মনে করি।
মো. আবদুল মমিন চৌধুরী,
সাবিক কোয়াটার, উত্তরা, ঢাকা
বাংলাদেশে বর্তমানে যে সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা চলছে তাতে সংলাপের কোন পরিবেশ নেই। অনেক সমস্যায় আজ জর্জরিত দেশ। ব্যাপক হুমকির মুখে অর্থনীতি। বিদেশি বিনিয়োগকারীরা নিরুত্সাহিত হয়ে যাচ্ছেন। শিক্ষা ব্যবস্থায় ভেঙে পড়ছে সুষ্ঠু শিক্ষা। বাংলাদেশে এখন চলছে ক্ষমতার লড়াই। আর এজন্য দিন দিন রাজনৈতিক অঙ্গনকে অসুস্থ করে তুলেছে। দেশের অবস্থা দেখে মনে হচ্ছে আজ কেউ আর মানবকল্যাণে নেই। কিন্তু এর মধ্যে থেকেও আমরা দেখতে চাই একটি সুন্দর বাংলাদেশ। তাই দুই বড় দল সমঝোতার মাধ্যমে আলোচনার টেবিলে বসুন। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশ রক্ষার স্বার্থে।
সৈয়দা নাসরিন সুলতানা
স্যানিসাইড, নিউইর্য়ক
দেশের সর্বশেষ পরিস্থিতি বিবেচনা করে বলা যায় যে, এই মুহূর্তে শান্তিপূর্ণ সংলাপের কোন পরিবেশ নেই। আর অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য সরকারের কার্যকলাপই দায়ী।
মো. শহীদুল রহমান, লালমনিরহাট
৫ ও ৬ মে ঢাকাসহ সারাদেশে ধ্বংসযজ্ঞ ও সহিংসতার দাবানলে যে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে সারাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্মীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের প্রধানসহ প্রশাসনের দায়িত্ব ও দেশের নিরাপত্তা রক্ষা করা সংলাপের মাধ্যমেই হোক, জাতিসংঘের সহযোগিতায় হোক, জরুরিভিত্তিতে হরতাল, অবরোধ বন্ধ করতে হবে। এই অমানবিক কার্যকলাপের মাধ্যমে একটি সমাধান সার্বভৌম গণতন্ত্র রাষ্ট্রে চলতে পারে না। মৃত ব্যক্তিদের আত্মার মঙ্গল কামনা করি।
আশা এলিজাবেত গোমেজ
লক্ষ্মীবাজার, ঢাকা ১১০০
দেশে বর্তমানে যে পরিস্থিতি এতে সংলাপের কোন পরিবেশ নেই।
মো. শফিউদ্দিন
ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
দেশের সর্বশেষ পরিস্থিতিতে এখন একান্ত অপরিহার্য হচ্ছে সংলাপ। দুই দলের এখন এক টেবিলে বসা উচিত। জনগণ আর হতাশার মধ্যে থাকতে চায় না। সংলাপের মাধ্যমে সমঝোতা অবশ্যই ফিরে আসবে। নতুবা কোন কিছুই হবে না।
বিপ্লব আলম
উর্দু রোড, লালবাগ, ঢাকা
দাবি আদায়ের প্রশ্নে বিএনপি এবং এর নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট মরিয়া হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। তা ছাড়া ভুলে গেলে চলবে না নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এখন জনদাবিতে পরিণত হয়েছে। তাই সরকারকে বাস্তবতা অনুধাবন করে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
খায়রুল ইসলাম (ফুল)
আরাপপুর, ঝিনাইদহ
সংলাপ কোন ধর্মগ্রন্থ নয় যে, এর কোন পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না। এগুলো চিন্তা বা ভাবনার কোন অবকাশ নেই। দেশের স্বার্থে জনগণের কল্যাণের জন্য যদি রাজনীতি হয়ে থাকে তবে এই মুহূর্তে সংলাপের পরিবেশ তৈরি করা ছাড়া বিকল্প নেই। সংসদীয় গণতন্ত্রের শাসনব্যবস্থায় সরকারের ভূমিকার সাথে সাথে বিরোধীদলের ভূমিকাকে খাটো করে দেখার অবকাশ নেই। যদি বাস্তব অবস্থায় সরকার একনায়কতন্ত্রের পথ ধরে দেশ পরিচালনায় নিয়োজিত থাকতে চায় তবে সেইক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থারই প্রতিফলন ঘটবে। আমরা সচেতন সমাজের রাজনীতির নামে হত্যা, খুন, জ্বালাও পোড়াও, রাতের অন্ধকারে পুলিশের হামলা, কথায় কথায় মামলা, গ্রেফতারের মতো রাজনৈতিক পদ্ধতিগুলো দেখতে চাই না। আমরা শান্তি চাই।
মনজু খন্দকার
চুয়াডাঙ্গা
বর্তমান সংলাপের কোন পরিবেশ নেই। দুই বৃহত্ দলকে কিছুটা ছাড় দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় নির্বাচন আয়োজন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য দুই পক্ষকেই ইগো প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে। তার আগে সকল হরতাল ধর্মঘট প্রত্যাহার করতে হবে এবং জাতীয় সংসদে বিরোধী দল তাদের দাবি অনুযায়ী বিল পেশ করতে পারে।
ফাহমিন আফরোজ
সড়ক ৪, বাসা ২৭, ধানমন্ডি, ঢাকা
রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আজ শিকলে বন্দী। আইন থেকেও আজ নেই। দুই ব্যক্তির রাজনৈতিক একগুঁয়েমি আর গোয়ার্তুমিতে সমাজে আজ দ্বন্দ্ব-সংঘাত চলছে। তাই এ থেকে বেরিয়ে আসতে সংলাপ এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে। এর পরিবেশ তৈরি করতে পারেন সরকারপ্রধান।
আক্তার জাহান
বারিধারা, ঢাকা
রাজনৈতিক অঙ্গনে সংকট ও অস্থিরতার সাথে সমঝোতার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। সুতরাং জনগণ আজ আশাবাদী—হতে পারছে না। কীভাবে কোন পদ্ধতিতে নির্বাচন হবে। তাই এখন সংলাপের পরিস্থিতি তৈরি করা জরুরি।
সোহাগ
ভাগলপুর, ঢাকা
সংসদীয় গণতন্ত্রের নামে দুই নেত্রীর জনগণের প্রতি অবহেলায় চরম অনিশ্চয়তায় দিন যাপন করছে ১৬ কোটি মানুষ। এ থেকে মানুষ মুক্তি চায় অচিরেই। মানুষ স্বস্তি চায়। শান্তি চায়। তাই আমরা আশা করছি, দুই নেত্রী তাদের দু’জন দু’জনার প্রতি আন্তরিক উদ্যোগ নিয়ে দেশবাসীর শুভ কামনায় এগিয়ে আসবেন।
মো. মেজবাহউদ্দিন সেলিম
শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা
সংলাপের আগে দরকার সরকারের সদিচ্ছা। আর এই সদিচ্ছা না থাকার কারণেই প্রধান দুই রাজনৈতিক দল সংলাপের পরিবেশ তৈরি করছে না। আর সংলাপ করে কী হবে যদি ছাড় দেবার মানসিকতা না থাকে। অতীতে আমরা দেখেছি আবদুল জলিল, মান্নান ভুঁইয়ার সংলাপ ব্যর্থ হয়েছে। তারপরও আমরা চাই সংলাপ হোক। এটা অতীব জরুরি।
ফয়সাল আহমেদ, উন্নয়নকর্মী, কিশোরগঞ্জ
দেশে অস্থিরতা, নাগরিকের অলিখিত জীবনযাপন, গার্মেন্টসশিল্প নিয়ে উদাসীনতা, ভালো নেই দেশ। সব মিলিয়ে অসহায় দেশ। দেশ চেয়ে আছে একজন ভালো শাসকের জন্য আর জাতি একজন আদর্শবান নেতা। সে রকমটাই পরিবেশ পরিস্থিতি। তাই আজ অতীব জরুরি হয়ে পড়েছে সংলাপ।
বজলুল করিম
রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার (রিক),
ধানমন্ডি, ঢাকা
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাত্ করেই যেন বরফ গলা শুরু হয়েও হলো না। দুই নেত্রীর এবার এক টেবিলে বসার কথা হয়েও হলো না। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী প্রশ্ন করা যায় কোথায় সংলাপ করার পরিবেশ?
শাহেদ, এলিফ্যান্ট রোড, ঢাকা
আমি মনে করি, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী দুই দলের বক্তাগণের মিথ্যাচারের ভিতরে রাজনীতির সমাধান সম্ভব নয়। মানুষের সততার বিকল্প নেই। যেমন সূর্যের বিকল্প নেই, তেমনি জনকল্যাণের জন্য রাজনীতিবিদদের সততা এবং রাজকর্মচারীদের সততার উপরই যেন সংলাপের সমাধান সম্ভব। তা না হলে মিথ্যাচারের দ্বারা কখনই কোন রাজনীতির সংকট সমাধান সম্ভব নয়।
শেখ জামসেদ হোসেন
পূর্ব নাখালপাড়া, ঢাকা ১২০২
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। এ সময়ের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি দেবার কথা বলেন। তিনি বলেছিলেন, আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে। এজন্য তিনি বিএনপির নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। সবকিছুর পরেও সংসদ ও সংসদের বাইরে যে কোন জায়গায় নির্বাচন ও সরকার পদ্ধতি নিয়ে আলোচনা হতে হবে।
আইরিন সুলতানা সন্জু
ধুপপুর, মাইজপাড়া, চট্টগ্রাম
রাজনৈতিক পরিস্থিতি এখন সংঘাতময়। প্রধান দুই দলের মধ্যে আলোচনার পরিবেশ কোথায়? বিড়ালের গলায় ঘণ্টা পরাবে কে?
মাসুম আহাম্মদ, যাত্রাবাড়ী, ঢাকা ১৩৬২
গত ২ মে বৃহস্পতিবার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সংসদ অথবা সংসদের বাইরে বা যে কোন জায়গায় আলোচনায় বসার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। কিন্তু এটা বলা পর্যন্তই রয়ে গেছে। বাস্তবে কিছু দেখছি না। রাজনীতি দেখছি এখন সংঘাতময় হচ্ছে দিন দিন।
নীলুফা আক্তার
টোলারবাগ, মিরপুর, ঢাকা
রাজনৈতিক পরিস্থিতি এখন সংঘাতময়, প্রধান দুই দলের মধ্যে আলোচনার সম্ভাবনার পরিবেশ কোথায়?
শিশির, আজিমপুর, ঢাকা
সম্প্রতি সাভারে রানা প্লাজা ধসের উদ্ধারকাজের স্বার্থে বিরোধী দলের ডাকা ২ মের হরতাল প্রত্যাহারের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া হরতাল প্রত্যাহার করেন। পাশাপাশি তিনি রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। কিন্তু ফলপ্রসূ এখন আর কিছু দেখছি না আমরা। আমরা চাই দু’নেত্রীর শীঘ্রই সংলাপ।
এস কে মো. রমিজউদ্দিন
কর্মসূচি সমন্বয়কারী
প্রশিকা কেন্দ্রীয় কার্যালয়, মিরপুর
দেশ ও জনগণের স্বার্থে আগামী নির্বাচনের আগেই চলমান রাজনৈতিক সংকটের সমাধান হওয়া প্রয়োজন।
আবুল হোসেন
মিরপুর ইলেকট্রিক প্লাজা, ঢাকা
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসার প্রস্তাব গ্রহণ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে শর্তহীন আলোচনা সম্ভব নয়, একথা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। তাহলে কীভাবে হবে এখন আর কিছু বোঝা যাচ্ছে না।
কাউছার আকন্দ
টাইমস আই বেঙ্গলী, মতিঝিল, ঢাকা
সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপের পরিবেশ তৈরি করতে হবে।
জাহাঙ্গীর খান বাবু, মুন্সীগঞ্জ
বাংলাদেশে সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলো এবং ধর্মীয় নেতাদের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি সব পক্ষকে সহিংসতা পরিহার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণভাবে মত প্রকাশের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান। তাই এ মুহূর্তে উচিত দু’দলকে নমনীয় হওয়া এবং দেশের স্বার্থে সংলাপে বসা।
শাহানারা ইয়াসমীন, মিরপুর, ঢাকা
যে কোন সংকট, সমস্যা সমাধানের জন্য প্রয়োজন উভয় পক্ষের সদিচ্ছা। মনে রাখা ভালো সংকট, সমস্যা, জটিলতা এক পক্ষ দ্বারা সৃষ্টি হয় না। তাই আমরা মনে করি রাজনীতিতে এখন যে দুটো পক্ষ রয়েছে তাদেরকেই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। এর জন্য শতভাগ সদিচ্ছা এবং আন্তরিকতা প্রয়োজন। তা না হলে সমস্যা, সংকট সমাধানের উপায় বের হবে না। আমরা দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা লক্ষ্য করছি তাতে মনে হয় না সংলাপে কেউ বসবে বা বসাতে পারবে। অথচ উচিত সংলাপে বসা, মুক্ত মনে আলোচনার টেবিলে একত্রিত হওয়া। গণজাগরণ মঞ্চ যে দাবি নিয়ে এতোদিন কথা বলেছে সেটারই পাল্টা হিসেবে দাঁড়ালো হেফাজত ইসলাম। তাদের দাবিগুলো সরকার কেন হেফাজত ইসলাম ক্ষমতায় গেলে তারাও পালন করতে পারবে না। কারণ আধুনিক বিশ্বে মধ্যযুগীয় চিন্তাধারা অচল। তাই আমরা খুব জোরালোভাবে বলতে চাই বিএনপির দাবি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে নির্বাচন। আর আওয়ামী লীগের দাবি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন। এই মূল সমস্যাটির সমাধান হলেই সমস্ত ঝামেলা চুকে যায়। আমরা জনগণ আন্দোলনের নামে যা পেলাম তা হলো ভাংচুর, জ্বালাও-পোড়াও, হরতাল, ধরপাকড় এবং সর্বশেষ জীবননাশ। আর নানাবিধ শঙ্কা এবং গুজব। এই অসহনীয় অবস্থা থেকে জনগণকে বের করার দায়িত্ব সরকারের। যত দ্রুত সরকার সেই ইচ্ছাটি প্রকাশ করবে এবং শর্ত ছাড়া বিএনপি আলোচনায় বসবে তাতেই দেশ ও জনগণের মঙ্গল।
ওয়াহিদ মুরাদ
নেসারাবাদ, পিরোজপুর
বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, তৃতীয় পক্ষের বা বাইরের কারোর হস্তক্ষেপ ছাড়াই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে হবে এবং তাদেরকে সহিংসতা পরিহার করতে হবে।
হোসনে আরা নীলু
এনায়েতগঞ্জ লেন, ঢাকা
এখন তত্ত্বাবধায়ক সরকারের জন্যই বিরোধী দলের এই সংগ্রাম। তবে আমরা মনে করি সংলাপের জন্য আন্তরিক উদ্যোগের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। আর সেজন্য প্রস্তাবিত সংলাপে তাদের দু’জনকেই বের করে আনতে হবে এমন এক সিদ্ধান্ত— যে সিদ্ধান্ত হবে বাস্তবসম্মত ও দেশবাসীর কাছে গ্রহণযোগ্য।
আবদুল মালেক মিয়া
মিরপুর, ঢাকা ১২১৬
২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ার পর সরকার ও বিরোধী দলের মধ্যে টানাপড়েন বেড়ে যায়। এরপর থেকে পরিস্থিতি ক্রমে সংঘাতময় হয়ে ওঠে। পরবর্তী সময়ে সংলাপের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছিল সব মহল থেকেই। সংলাপের জন্য দাবি নিয়ে হাইকোর্ট রিট পর্যন্ত হয়েছে। কিন্তু এরপরেও বাস্তবে কিছু হয়নি।
আলহাজ মোমেনউদ্দিন আহম্মেদ
বীর মুক্তিযোদ্ধা, পশ্চিম মনিপুর,
মিরপুর, ঢাকা
এ তাণ্ডব রুখতে হবে। রবিবার রাতে পুলিশ, র্যাব ও বিজিবি এক যৌথ অভিযান চালিয়ে হেফাজত ইসলামকে রাজধানী মতিঝিল থেকে উত্খাত করেছে। মতিঝিলে হেফাজতের সমাবেশ ও যৌথ বাহিনীর উত্খাত অভিযান ঘটনায় ১০ জন মারা গেছে, আহত হয়েছে কয়েক শ’। হেফাজতে ইসলাম জামায়াত-শিবির সহিংসতায় পল্টন, মতিঝিল ও এর আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। তারা বায়তুল মোকাররম এলাকায় কোরআন-হাদিস বইয়ের দোকানে হামলা চালায়। জঙ্গি-ক্যাডারদের আক্রমণে অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। এই তাণ্ডবে রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে।
উগ্র ধর্মীয় গোষ্ঠী ও ১৩ দফার সঙ্গে ১৮ দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম একই সূত্রে গাঁথা কিনা, কারা রাজনৈতিক ফায়দা লুটছে সব ধরনের ষড়যন্ত্রকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। হেফাজতে ইসলামের সহিংসতার পেছনে সরকারের নমনীয়তার ভ্রান্তনীতি যেমন দায়ী তেমনি বিরোধী দলগুলোর অন্ধ সমর্থনও দায়ী। হেফাজতের সহিংসতা সত্ত্বেও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া তার দলের নেতা-কর্মীদের হেফাজতের সঙ্গে থাকার নির্দেশ দিয়ে সহিংসতাকে উসকে দিয়েছেন। স্বাধীন বাংলায় যে তাণ্ডব চালায় তা হলো নজীরবিহীন। মূলত যুদ্ধাপরাধীদের বিচার সাঈদীসহ আটক রাজাকারদের বিচার বানচাল করার লক্ষ্যে রাতারাতি গজিয়ে ওঠা হেফাজতে ইসলাম এই তাণ্ডবের মাধ্যমে জঙ্গিবাদী চেহারা দেশবাসীর সামনে উন্মোচন করেছে। পাকিস্তানি ভাবাদর্শবাদী এই উগ্র সম্প্রদায় তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য কেবল ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করেনি। জাতীয় পতাকা হাতে দেশপ্রেমিক সাজারও চেষ্টা চালায়। তারা পরিণত হয়েছে অশুভ শক্তিতে। সংলাপের পথ করেছে রুদ্ধ। সংলাপের পথ আছে কিনা তা তারাই ভালো জানে।
ফারুক আহমেদ
বাগমারা, রাজশাহী
মানুষ মনে করছে যে, সংলাপের ক্ষীণতম সুযোগ সৃষ্টি হলেও বিরোধী দলের সেই সুযোগ গ্রহণ করা উচিত।
রিফাত, আরাপপুর, ঝিনাইদহ
প্রধানমন্ত্রী সংলাপের পক্ষে আন্তরিক নন। তিনি চাচ্ছেন লোক দেখানো নামমাত্র সংলাপ। বাস্তবে সংলাপে বসতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনতে হবে। তবেই সংলাপের পথ প্রশস্ত হতে পারে। বর্তমানে দেশে যত অরাজকতা চলছে এজন্য দায়ী বর্তমান প্রধানমন্ত্রী। তিনি যদি এরকম অবস্থানে এভাবে থেকে থাকেন সেজন্য ভবিষ্যতে তাকে কঠিন মূল্য দিতে হবে। কারণ পৃথিবীর কোন শক্তিশালী সরকার স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেনি। সুতরাং বর্তমান প্রধানমন্ত্রীর উচিত সহজ-সরল পথে থাকা। তাহলেই দেশ ও জাতি এবং তিনি নিজেও উপকৃত হবেন।
সাইফুল ইসলাম তানভীর
মোড়লগঞ্জ, বাগেরহাট
বর্তমান আওয়ামী লীগ সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়াই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাইছে। সেটি সম্ভব হবে কিনা তা নির্ভর করছে প্রস্তাবিত সংলাপের ফলাফলের ওপর।
মো. সেলিম, মহাখালী, ঢাকা
আমরা সাধারণ পাবলিক বিগত ২০ বছর ধরে তাদের এই মরণ খেলা দেখে আসছি। অথচ তাদের দু’জনার পক্ষে কোন কিছু করা সম্ভব নয়। কারণ বিগত ২০ বছর ধরে তারা সংসদকে অকার্যকর করে রেখেছে। পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই এক বিরল দৃষ্টান্ত। একটি জাতির আশা ভরসা জাতীয় সংসদ। আর বিগত ২০ বছর ধরে তারা এই সংসদকে অবজ্ঞা করে আসছে। অতএব তাদের রাজনীতি করার কোন যুক্তি নেই। আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি যে, দয়া করে বাংলাদেশকে মাফ করে দেবেন। অন্যদিকে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় নেবেন আশা করি।
মোহাম্মদ আবদুর রশীদ
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
দেশের মানুষ আগামী নির্বাচন অনুষ্ঠান প্রশ্নে বিদ্যমান এমন যে রাজনৈতিক সংকট অবসানের ব্যাপারে অনেকটা আশাবাদী হয়ে ওঠে। অনেকেই ভাবতে শুরু করেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাত্ করেই যেন বরফ গলাও শুরু হয়েছে। দু’নেত্রী এবার এক টেবিলে বসবেন— এটাই দেশবাসী এখন দেখতে চায়।
হাসান মোহাম্মদ হোসাইন চৌধুরী
কবিরহাট, নোয়াখালী
সত্যিকার অর্থে আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য মন-মানসিকতা গড়ে না ওঠা পর্যন্ত কোন সংলাপ-আলোচনা করেও লাভ হবে না।
ফারুক আলম, মালিবাগ, ঢাকা
কোন পূর্বশর্ত দিয়ে সংলাপকে সফল করা যাবে না। তাই আলোচনার আগে দাবি মেনে নেওয়ার আহ্বান থেকে সরে আসতে হবে দু’দলকেই।
মুন্সী মোহাম্মদ ওয়াহীদ উল্লাহ,
মিরপুর, ঢাকা
সরকার পক্ষ বিরোধী পক্ষকে সংলাপে আমন্ত্রণ জানান, মানুষ ভেবেছিল এবার রাজনীতিতে সুবাতাস বইতে শুরু করবে। কিন্তু বাস্তবে তার কোন নমুনা দেখা যাচ্ছে না।
মো. শওকত আলী
ডিওএইচএস, মহাখালী, ঢাকা
জাতীয় নির্বাচনের আরো প্রায় ৭/৮ মাস সময় আছে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংলাপ অবস্থার নিরিখে দেশের বৃহত্তম প্রয়োজন যে কোন সময়ে হতেই পারে।
নাছিরউদ্দিন সিদ্দিকী
৩৬১ খন্দকার রোড, জুরাইন মাজার শরীফ এলাকা, শ্যামপুর, ঢাকা
বাংলাদেশে রাজনীতি এখন তত্ত্বাবধায়ক ছাড়া কী আছে? দেশের দু’প্রধান রাজনৈতিক জোট তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে। ইতিমধ্যে দু’নেত্রী একজন অন্যজনকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু এই আহ্বান তারা নিজ নিজ অবস্থানে অনড় থেকে জানিয়েছেন। এই অবস্থায় সংলাপ হতে পারে না।
মুসা আমান, খিলগাঁও, ঢাকা
সরকারি দল এবং বিরোধী দল আলোচনায় বসবে। আলোচনার বিকল্প কিছু নেই। কিন্তু দুঃখজনক জ্বালাও পোড়াও যে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তা বোঝা দরকার। কুরআনকে যেভাবে পোড়ানো হয়েছে তা দুঃখজনক। হে আল্লাহ্ এ অন্যায় যারা করেছে তাদেরকে শাস্তি দিন। আর আমাদেরকে মাফ করুন।
সৈয়দ হায়দার আলী, মহাখালী, ঢাকা
সংলাপের পরিবেশ থাকুক আর না থাকুক, দুই প্রধান নেত্রী কথা বলুক বা না বলুক তাতে এখন আমাদের কিছু আসে যায় না। কারণ সর্বনাশ যা হবার তা হয়ে গেছে। দুই নেত্রী এখন তাদের আপন আপন জেদ পূরণে সুন্দরবনের হিংস্র ব্যাঘ্রের মতো অসুন্দর রূপ ধারণ করেছেন। জনকল্যাণের পরিবর্তে এখন তারা কারণে অকারণে অহেতুক রক্তের হোলি খেলায় খেলতে পারদর্শী হয়েছে। গ্রাম্য একটি প্রবাদ আছে ‘জিদের ভাত কুকুরকে খাওয়ানো’, আমরা লক্ষ্য করছি দুই নেত্রীর লক্ষ্য ও মনোভাবও তেমনি। তাই আমাদের অভিমত, আগামী জাতীয় নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হোক। এতে লজ্জার কিছুই নেই। কারণ আমাদের লজ্জা থাকলে তো।
মো. লত্ফুর রহমান
এলিফ্যান্ট রোড, ঢাকা
দেশের সর্বশেষ পরিস্থিতিতে আমরা দেখছি রাজনীতির ভয়াবহ সহিংসতায় আজ সারাদেশ ও জাতি আক্রান্ত। গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারকে উত্খাত করার কী ভয়ংকর প্রচেষ্ট! ক্ষমতায় যাওয়ার জন্য হত্যাকাণ্ড, রাষ্ট্রের সম্পদ বিনষ্ট, জনগণের সম্পদ ধ্বংস এবং নৈরাজ্যবাদ তালেবানি রাষ্ট্র বানানোর কী গভীর ষড়যন্ত্র চলছে। ভাবতেই সমগ্র জাতি আজ স্তম্ভিত। জামায়াত-শিবির এখন হেফাজতে পরিণত। আত্মঘাতী শর্ত দিয়ে সংলাপে বসতে চায় বিরোধী দল। এক্ষেত্রে সংলাপ বসার সুযোগ কোথায়? এখনও শেষ সুযোগ রয়েছে। দেশকে তালেবানি শাসন থেকে শাসক দল ও বিরোধী দল উদার মনোভাব নিয়ে এগিয়ে এলে সংলাপে বসা অসম্ভব কিছুই না। অনেক সময় আছে তাদের কাছে সমগ্র জাতি এতটুকু প্রত্যাশা করে।
শাহ্ মো. হেলালউদ্দিন হিরু
কালিহাতি, টাঙ্গাইল
সরকারের কর্মকাণ্ডের সাথে সংলাপের কোন মিল নেই। সংলাপের পরিবর্তে বিরক্ত আচরণ লক্ষ্য করা যাচ্ছে। রাতের আঁধারে যারা মানুষ মারে তাদের কাছে সংলাপ শুধুই তামাশা।
মো. ফখরুল ইসলাম টিপু
সেনবাগ, নোয়াখালী