পাকিস্তানের নির্বাচন

আজ বাদে কাল পাকিস্তানের সাধারণ নির্বাচন। পাকিস্তানের ইতিহাসে এই নির্বাচন যেমন বৈশিষ্ট্যপূর্ণ, তেমনই তাত্পর্যমন্ডিত। শেষ পর্যন্ত কি হয় না হয়, সেই দিকে কৌতূহলি দৃষ্টি বিশ্বসমাজের। রক্তাক্ত পথ পরিক্রমার মধ্য দিয়া অনুষ্ঠিত হইতেছে এই নির্বাচন। ইলেকশনের তফসিল ঘোষণার পর হইতে শুরু হইয়াছে রক্তপাত। সহিংস ঘটনায় এই পর্যন্ত প্রাণহানি ঘটিয়াছে প্রায় শত মানুষের। আহত হইয়াছেন তিন শতাধিক। সন্ত্রাস-সংঘাত ও রক্তপাত অব্যাহত থাকিলেও নির্বাচনী প্রচার-প্রচারণায় ঘাটতি নাই। অবশ্য, ইলেকশন ক্যাম্পেইনে পাকিস্তান পিপলস পার্টির তোড়জোড় তুলনামূলকভাবে কম। তাহার পশ্চাতে বড় কারণ এই যে, দলটির বর্তমান সভাপতি তরুণ নেতা প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো মৃত্যুর হুমকির মুখে দেশ ছাড়িয়াছেন। উল্লেখ্য, ইহার আগে বিলাওয়ালের মায়ের হত্যা-মামলার কৌঁসুলীকে হত্যা করা হয়। ফলে দলটি অনেকটাই নেতৃত্বশূন্য। সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ এই নির্বাচনে অংশগ্রহণ করিতে পারিতেছেন না। আদালত এবং নির্বাচন কমিশন উভয়ই অনমনীয় অবস্থান গ্রহণ করায় সাবেক সেনাশাসক পড়িয়াছেন কঠিন অবস্থার মধ্যে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিষয়টি পাকিস্তানের নির্বাচনে কিছুটা ছায়াপাত যে করিবে, তাহা সহজে অনুমেয়। প্রসঙ্গত বলা বাঞ্ছনীয় যে, পাকিস্তানের ৬২ বত্সরের ইতিহাসে এইবারই প্রথম একটি নির্বাচিত সরকার তাহার পূর্ণ মেয়াদ সম্পন্ন করিতে পারিয়াছে। সহিংসতা ও রক্তক্ষয় সত্ত্বেও নির্বাচন যথারীতি সম্পন্ন হইয়া গেলে এবং নূতন সরকার গঠনে কোনো বিঘ্ন না ঘটিলে ইহাই হইবে পাকিস্তানের ইতিহাসে প্রথম শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। সংঘাত সন্ত্রাস লাঞ্ছিত পাকিস্তানে অতীতে প্রায় সব নির্বাচনই সুষ্ঠুভাবে সম্পন্ন হইয়াছে। কিন্তু নির্বাচিত সরকার মেয়াদ পূরণ করিতে পারে নাই কখনও। সেনা অভ্যুত্থান কিংবা অন্য কোনো প্রকারে নির্বাচিত সরকারকে মাঝপথে বিদায় লইতে হইয়াছে। রাষ্ট্রপতি কর্তৃক সরকার ভাঙ্গিয়া দিবার ঘটনাও ঘটিয়াছে বহুবার। কিন্তু এইবার দেখা যাইতেছে তাহার ব্যতিক্রম। পক্ষান্তরে, গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ায় যাহাদের আস্থা নাই, তাহারাই মূলত পাকিস্তানে রক্তপাত ঘটাইয়া চলিয়াছে। তাহাদের উদ্দেশ্য নির্বাচন প্রক্রিয়া বানচাল করিয়া দেওয়া। কিন্তু পরিস্থিতিদৃষ্টে মনে হয়, পাকিস্তানের রাজনৈতিক সমাজ শত প্রতিকূলতার মধ্যেও নির্বাচন সম্পন্ন করিবার প্রশ্নে ঐক্যবদ্ধ। তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনও এই প্রশ্নে অবিচল। সার্বিক পরিস্থিতি শংকাপূর্ণ হইলেও যতদূর জানা যায়, ভোটার সাধারণের মধ্যে নির্বাচন লইয়া যথেষ্টই উত্সাহ-উদ্দীপনা রহিয়াছে। পর্যবেক্ষক মহলের ধারণা আগামীকালের নির্বাচনে তরুণ ভোটারদের আগ্রহ সমধিক। পাকিস্তানে এইবার মোট ভোটারের ৩১ শতাংশ তরুণ, যাহাদের বয়স তিরিশের নিচে। এক জরিপে এই মর্মে তথ্য প্রকাশ করা হয় যে, তরুণ ভোটারদের কমপক্ষে ৬২ শতাংশ এইবার ভোটকেন্দ্রে যাইবে। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর হইবে—ইহাই তাহাদের প্রত্যাশা। তথ্যাভিজ্ঞ মহল আশা করিতেছেন, পাকিস্তানের এইবারের সাধারণ নির্বাচনে গত ইলেকশনের তুলনায় ভোটার উপস্থিতি বেশি হইবে। ২০০৮ সালে ভোট দিয়াছিলেন দেশটির ৪১ শতাংশ ভোটার। বিঘ্নসংকুল পরিস্থিতির মধ্যেও ভোট প্রদানে পাকিস্তানের ভোটারদের যে আগ্রহের আভাস পাওয়া যাইতেছে, তাহাতে দেশটির গণতন্ত্রের ভবিষ্যত্ লইয়া আশান্বিত হইবার অবকাশ সৃষ্টি হয় বৈকি। এই নির্বাচনে কাহারা জনগণের ম্যান্ডেট পাইবেন, সময়ই তাহা বলিয়া দিবে। তবে বিভিন্ন মাধ্যমে আলামত যাহা পাওয়া যাইতেছে, তাহা এই যে, পিপলস পার্টি, নেওয়াজ শরীফের মুসলিম লীগ ও ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির মধ্যেই হইবে মূল প্রতিদ্বন্দ্বিতা। পাকিস্তানে গণতন্ত্রের পথ প্রসারিত হউক—ইহাই প্রত্যাশিত।