মর্মান্তিক
কুষ্টিয়ার সংগ্রামী মেয়ে শাহীনা
প্রফেসর মোহাম্মদ আবদুল হালিম
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২১:২২
সাভার রানা প্লাজার বিধ্বস্ত ধ্বংসস্তূপে অত্যন্ত বেকায়দা অবস্থায় আটকেপড়া দেড় বছর বয়সী শিশু সন্তানের মা শাহীনা। কুষ্টিয়ার মেয়ে, পেশায় একজন পোশাক শ্রমজীবী। উদ্ধার তত্পরতায় জীবিত উদ্ধারের সর্বশেষ ব্যর্থ প্রয়াস।
শাহীনাকে জীবিত অবস্থায় উদ্ধারের সকলের আন্তরিক প্রচেষ্টার কোন অভাব ঘাটতি বা ত্রুটি ছিল না কিন্তু তবুও শেষরক্ষা হলো না। নিজের জন্য যতটুকু নয় অবোধ শিশু সন্তানের জন্য বেঁচে থাকার তার করুণ আর্তি উদ্ধারকর্মীদের মর্মস্পর্শ করে ফলে উদ্ধার তত্পরতায় তারা আরো সক্রিয় ও সচেষ্ট হয়ে উঠেন এবং নিজ জীবন বিপন্ন করেও তাকে বাঁচানোর সর্বাত্মক প্রচেষ্টা চালান। কিন্তু বিধি বাম। জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মৃত উদ্ধারের পর উদ্ধারকর্মীদের কান্না ও উপস্থিত সকলের আহাজারি পরিবেশকে বিষাদে ভারাক্রান্ত করে তুলে। উদ্ধার কর্মে নিয়োজিত সাহসী সৈনিক লে. ক আশরাফুল, ফায়ার সার্ভিসের ডুবুরী আবুল খায়ের আপ্রাণ চেষ্টা করেও শাহীনাকে বাঁচাতে পারেনি বলে অঝোরে কেঁদেছেন।
উদ্ধারকর্মী রব, জলীল এবং হারুন নিজেরাই অসুস্থ হয়ে পড়েন। কান্না বিজড়িত কণ্ঠে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও তারা তাকে জীবিত উদ্ধার করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করছিলেন। আমরা যারা টেলিভিশনে দৃশ্যটি দেখেছি বা গণমাধ্যমে অবহিত হয়েছি তারা সবাই নীরবে নিভৃতে চোখের জল ফেলেছেন। বেদনাহত হয়ে আমি যাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সবাই বাকরুদ্ধ কণ্ঠে কথা বলছিলেন। সব মৃত্যুই মর্মান্তিক তবে শাহীনার মৃত্যুটি যেন একটু ব্যতিক্রম। শাহীনাকে আমি চিনি না, জানি না, শুনি না তবুও কেন জানি তার জন্য স্বতঃস্ফূর্তভাবে চোখের পানি পড়েছে; শুধু তাই নয় দোয়া করেছি আল্লাহর দরবারে তার আত্মার প্রশান্তির জন্য। আমার ধারণা, এমন কোন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না শাহীনার জন্য যার হূদয় বিগলিত হয়নি। পার্থিব মানুষের নিকট শাহীনার যতটুকু পাওয়ার তা সে পূর্ণ মাত্রায় পেয়েছে বলে আমার বিশ্বাস। শাহীনা মৃত নয় প্রত্যেকের অন্তরে সে ভাস্বর হয়ে আছে। তাকে বাঁচাতে গিয়ে যেসব উদ্ধারকর্মী অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন তাদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি ও দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করি।
যতটুকু জেনেছি, শাহীনা অত্যন্ত সাহসী সংগ্রামী মেয়ে। তার সাথে আটকে পড়া জীবিত অন্য তিন সঙ্গীর মৃত্যু সে তার এই বেহাল দশায় প্রত্যক্ষ করেছে। নিজে বেঁচে থাকার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এবং সংগ্রাম করেছে। কর্নেল আশরাফুলকে ভাই বলে সম্বোধন করে তাকে বাঁচানোর জন্য তার নিকট প্রতিশ্রুতি নিয়েছে এবং সকল উদ্ধারকর্মীকে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে ও নিজ হাতে কাটার দিয়ে রড কেটেছে, যার আকস্মিক স্ফুলিঙ্গে অক্সিজেন ভরা কোটরে সহজেই আগুন ধরে যায় এবং পরিণামে মৃত্যু টেনে আনে। জীবন সংগ্রামের জন্য একজন মানুষের যতটুকু সাধ্য ও শক্তি তা সবটুকু সে প্রয়োগ করেছে। কিন্তু নিয়তির কাছেই তার হার মানতে হয়েছে। লড়াই করে সে মরেছে সত্য তবে এ মৃত্যু গৌরবের মৃত্যু।
প্রতিটি মানুষের অন্তরেই সে একটি বিশেষ স্থান করে নিয়েছে। তার পরিবার, বিশেষ করে তার শিশু সন্তানের দায়িত্ব আমাদের উপর অর্পণ করে সে নির্বিঘ্নে চলে গেছে। এবার আমাদের দায়িত্বের পালা। আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুন এই প্রার্থনা।
বিশেষ দ্রষ্টব্যঃ এই লেখাটি তৈরি করার সময়েই জানতে পারি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ উদ্ধারকর্মী ইজাজউদ্দীন কায়কোবাদ সিঙ্গাপুরে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তার আত্মাকে শান্তি দান করুন।
লেখক :সাবেক অধ্যক্ষ, এম সি কলেজ, সিলেট