পেছনের কারণ অভিমান!

ভবিষ্যতে বাংলাদেশের কোনো অধিনায়ক জিম্বাবুয়ে সফরে যেতে আপত্তি করলে বা জিম্বাবুয়ের বিপক্ষে খেলার আগেই পদত্যাগ করে বসলে আর অবাক হওয়ার কিছু থাকবে না! জিম্বাবুয়ে এখন আর শুধু বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ দল নয়; বাংলাদেশি অধিনায়কদের জন্য এক মৃত্যুকূপেরও নাম হয়ে গেল। অন্তত মুশফিকুর রহিমের পদত্যাগের পর এটা স্বীকার করে নেয়া ছাড়া আর উপায় কী! নাঈমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসানের পথ ধরে এবার জিম্বাবুয়ের বিপক্ষে হারের ফলে বাংলাদেশকে আরও একজন অধিনায়ক হারাতে হচ্ছে বলেই মনে হচ্ছে! আর সবচেয়ে চমক জাগানিয়া খবর হল, খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, মুশফিক ‘টিমওয়ার্ক’ পাননি বলে অভিমানেই সম্ভবত দায়িত্বটা ছেড়ে দিয়েছেন! জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর মুশফিক সরাসরি বলে দিয়েছেন, তিনি এই সফরের পর আর অধিনায়কত্ব করছেন না। কারণ হিসেবেও বলেছেন, ‘আমি বিশ্বাস করি, আমি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারিনি। যেমন রান করা উচিত ছিল, তা করতে পারিনি। ফলে আমি সরে দাঁড়াচ্ছি।’ দৃশ্যত মুশফিকের এই ঘোষণার আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। কিন্তু এখন পর্যন্ত ভেতরের খবরাখবর যা বলছে, তাতে এরপরও কিছু ‘কিন্তু, যদি’ আছে মুশফিকের অধিনায়কত্বর ব্যাপারে। নাম প্রকাশ করে কেউ কিছু না বললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তা আশাবাদী যে, মুশফিকই এই দায়িত্ব চালিয়ে যাবেন। তাদের অভিমত, মুশফিক ‘মাথা ঠান্ডা’ হলে বুঝতে পারবেন; তিনি ভুল করেছেন। সে ক্ষেত্রে তিনি হয়তো তার এই ঘোষণা থেকে সরে আসবেন। ক্রিকেট কর্মকর্তা; এমনকি মুশফিকের কয়েকজন বিভিন্ন পর্যায়ের সতীর্থরও অনুমান—দলের খারাপ ফল এবং অভিমান থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। অভিমান! হ্যা, গতকাল মিরপুরে বোর্ড সভাপতি যা বললেন, তাতে এমনটা মনে করা যেতে পারে। বোর্ড সভাপতির কাছে মুশফিক সরাসরি ‘টিমওয়ার্ক’ নিয়ে নিজের অভিযোগের কথা বলেছেন। নাজমুল হাসান বলছেন, টিমওয়ার্ক না থাকার জন্য কোনো খেলোয়াড় দায়ী হলে তার বিপক্ষে ব্যবস্থাও নেবেন তারা, ‘আমি যখন কথা বলেছি, মুশফিক দুটো কথা বলেছে। প্রথমে তো কথাই বলতে পারছিল না; কান্নাজড়িত কণ্ঠ ছিল। পরে বললো, আমি লিড দিতে পারিনি। এরপর বললো, টিমওয়ার্ক না থাকলে জিতব কি করে? এটাই দল দেশে ফেরার পর জানতে চাইব। টিমওয়ার্ক কেন নেই, এটা জানা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা খুবই জরুরি। এখনই কিছু বলা তো খুব কঠিন। তবে যদি দেখা যায়, কেউ একজন বা কয়েকজন খেলোয়াড় কোনো কারণে দায়ী; তো দলের স্বার্থে সবচেয়ে কঠোর সিদ্ধান্তও নেওয়া হবে।’ অধিনায়ক হিসেবে যথেষ্টই সফল ছিল বাংলাদেশের এই ‘মুশফিক অধ্যায়’। তার অধীনে ১০টি টেস্টে বাংলাদেশ ১টি জয় পেয়েছে, ২টি ড্র হয়েছে এবং বাকী ৭টি পরাজয়। ওয়ানডেতে মুশফিকের অধীনে বাংলাদেশ ২১ ম্যাচ খেলে ৮টি জয় পেয়েছে। টি-টোয়েন্টিতে তার সাফল্যের হার অবশ্য বাকীদের চেয়ে অনেক ভালো। ১২ ম্যাচে ৫টি জয় পেয়েছেন মুশফিক। এমনিতে অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত মুশফিকের পারফরম্যান্সে বোর্ড খুবই সন্তুষ্ট বলে বলছেন সভাপতি। এমনও বললেন যে, মুশফিককে অধিনায়কত্ব থেকে সরানোর কোনোরকম পরিকল্পনা তাদের মাথায় কাজ করেনি। ফলে খবরটা শুনে তিনিও খুব বিস্মিত হয়েছেন, ‘হঠাত্ অধিনায়কত্ব ছাড়ার কথা সে কেন বললো জানি না। তবে এটা অপ্রত্যাশিত; খুবই অপ্রত্যাশিত। তার নেতৃত্বে এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা সফর দারুণ করেছে দল। তার নেতৃত্ব নিয়ে সমস্যা নেই। আমরা এখনও মনে করি না ওর নেতৃত্বে সমস্যা আছে। ওকে অধিনায়ক হিসেবে না রাখার কোনো কারণ আমরা খুঁজে পাইনি।’ আর এই কারণেই বোর্ড সভাপতির বিশ্বাস, আবেগকে পাশে রেখে মুশফিক হয়তো আবার দায়িত্বে ফিরে আসবেন। এটা পরিষ্কার না বললেও যথেষ্ট আশাবাদী ভঙ্গিতেই মুশফিকের প্রশংসা করছেন পাপন। এমনকি এই পদত্যাগের ঘোষণার মধ্যেও ইতিবাচক ব্যাপার খুঁজে পাচ্ছেন সভাপতি, ‘সম্ভবত ও খুব আবেগ থেকে সিদ্ধান্ত নিয়েছে। সবার মতো অধিনায়ক হিসেবে তারও আশা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে জিতবে। ফলে হেরে যাওয়ায় আবেগ থেকে এই সিদ্ধান্ত নিতে পারে। এরকম আচরণ একদিক থেকে কিছুটা পজেটিভও। একটা ছেলে যখন দলের খারাপ পারফরম্যান্সে নিজের দায়িত্ব ছেড়ে দিতে চায়, তার ইনভলবমেন্টটা বোঝা যায়। বোঝা যায় সে কতোটা মন দিয়ে খেলে। অনেকেই তো পারফরম না করেও, দল খারাপ করলেও দায়িত্বে থাকে। সেও এটা করতে পারতো। কিন্তু তা করেনি। তবে অবশ্যই বিদেশের মাটিতে আমাদের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়াটা বুদ্ধিমানের কাজ হয়নি। তারপরও আমি আশাবাদী, ও এলে পজেটিভ আলোচনাই করতে পারবো।’ তেমন হলে মুশফিক হয়তো আবার দলের ডাকেই ফিরে আসতে পারেন। তা না হলে এখানেই শেষ হয়ে যাবে কলম্বো টেস্টে ইতিহাস গড়া, এশিয়া কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়া বা ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়ে বিস্ময় তৈরি করা মুশফিকের অধ্যায়।