বাংলাদেশের ইংল্যান্ড সফর
প্রাথমিক দলে ইনজুরির ছড়াছড়ি
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২২:০৬
চ্যালেঞ্জ কাপ বাছাই পর্বের বাজে অভিজ্ঞতার কারণেই বালাদেশ দলের নতুন কোচ লুডভিক ডি ক্রুইফ বলে গেছেন, ইনজুরিতে থাকা কোনো খেলোয়াড়কে আর দলে নেবেন না তিনি; কিন্তু গতকাল ঘোষিত ইংল্যান্ড সফরের প্রাথমিক দলে কোচের এই কথার কোনো প্রতিফলন দেখা গেল না। উল্টো এই দলের এখনো ইনজুরি আছেন বা সেরে উঠছেন এমন খেলোয়াড় আছেন বেশ কয়েকজন।
আর এরকম সব খেলোয়াড়কে বিবেচনায় রেখেই গতকাল ইংল্যান্ড সফরের জন্য ২৯ খেলোয়াড়ের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই দলে ইনজুরিতে থাকা খেলোয়াড় নিতান্ত কম নয়।
শেখ জামালের ডিফেন্ডার আরিফুল ইসলাম মৌসুমটাই খেলতে পারেননি। লিগের শেষ দিকে এসে দুই-একটি ম্যাচে কয়েক মিনিটের জন্য নামলেও তার পারফরম্যান্স বলার মতো ছিল না। শেখ জামালের উইংগার শাকিলেরও চোট রয়েছে। শেখ রাসেলের রেজাউল করিম রেজারও এই অবস্থা। একই দলের নাসিরুল ইসলাম নাসির ক্লাব একাদশেই সুযোগ পাননি ঠিকমতো; কিন্তু জাতীয় দলে ডাকা হয়েছে তাকে। নাসির দলের অনুশীলনে থাকলেও তাকে সেরা একদাশে ঠেলে দিতে সাহস পাননি কোচ মারুফুল হক। আবাহনীর প্রাণতোষেরও চোট রয়েছে। শেখ জামালের গোলকিপার মাকসুদুর রহমান মোস্তাক ভুগছেন ইনজুরিতে।
খেলোয়াড়দের চোটের ব্যপারে বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর বায়েজিদ জুবায়ের নিপুর কাছে জানতে চাইলে তিনি শুধু জানালেন, গোলকিপার মোস্তাকের পরিবর্তে সুলতান অথবা জিয়াকে ডাকবেন। চোটগ্রস্ত ফুটবলাররা কিভাবে দলে ডাক পেলেন, সে ব্যাপারে নিপু কিছু জানেন না বলে জানিয়েছেন কাল। জাতীয় দলের প্রাথমিক তালিকায় চোটগ্রস্ত ফুটবলার ডাকলেও ডাকা হয়নি মোহামেডানের মিডফিল্ডার মারুফ আহমেদকে। চ্যালেঞ্জ কাপের স্কোয়াডে থাকা এই ফুটবলারকে বাদ দেয়া হয়েছে।
ডাচ কোচ নিজেই সেভাবে খেলা দেখেননি তাহলে কিভাবে নতুন মুখ পছন্দ করলেন। একটি সূত্র জানিয়েছে, বাফুফের বেতনভুক্ত কোচ নিজের পছন্দ-অপছন্দকে কোচের তালিকায় উঠিয়ে দিয়েছেন। অথচ বাফুফের কোচরা অনেকেই স্টেডিয়ামে খেলা দেখতেও আসেন না!
প্রাথমিক স্কোয়াড থেকে শেখ রাসেলের ডিফেন্ডার মামুন মিয়া বাদ পড়েছেন। অধিনায়ক মো. সুজন নেপালে বসেই জানিয়ে দিয়েছেন, তিনি জাতীয় দলে খেলবেন না। নতুন মুখ ডাক পেয়েছেন বিজেএমসির ওমর ফারুক বাবু এবং ব্রাদার্সের ইউসুফ সিফাত। ২৯ খেলোয়াড়ের মধ্যে প্রবাসী বাঙ্গালী ফুটবলার রয়েছেন তিন জন। এদেরকে ইল্যান্ডে বাছাই করেছেন জাতীয় দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ এবং রেনে কেস্তার।
এরা হলেন- ডেনমার্কের জামাল ভুঁইয়া, অস্ট্রেলিয়ার আনন্দ রহমান এবং জার্মানির রিয়াসাত। জামাল ভুঁইয়া আগেও ঢাকায় ট্রায়াল দিয়েছিলেন। চোটের কারণে নেপালে চ্যালেঞ্জ কাপে যেতে পারেননি ফুটবল মাঠের ঘনিষ্ঠ দুই বন্ধু এমিলি ও জাহিদ। তারা আবার ফিরেছেন। ২০ ফুটবলার যাবেন ইংল্যান্ডে। ১৫ মে বিকাল চারটায় রিপোর্ট করতে হবে ডাক পাওয়া খেলোয়াড়দের। ডাচ কোচরা আসবেন ১৮ মে সকালে। ইল্যান্ডে ১ জুন ভারতের বিপক্ষে এবং ৮ জুন পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৪ জুন ভারত-পাকিস্তান ম্যাচ।
বাংলাদেশের প্রাথমিক দল
আবাহনী: সোহেল, ওয়ালী ফয়সাল, মিশু, প্রানতোষ, কোমল, রনি
শেখ জামাল: গোলকিপার মোস্তাক, আরিফুল ইসলাম, নাসির,
শাকিল, রায়হান হাসান
মোহামেডান: গোলকিপার মামুন খান, মেজবাবুল হক মানিক, সোহেল রানা, তপু বর্মন
শেখ রাসেল: রেজাউল করিম রেজা, লিংকন, মামুনুল ইসলাম, নাসিরুল ইসলাম নাসির, এমিলি, মিঠুন, জাহিদ
বিজেএমসি: কেষ্ট কুমার বোস, তকলিস আহমেদ, ওমর ফারুক বাবু
প্রবাসী: জামাল ভুইয়া (ডেনমার্ক), আনন্দ রহমান (অষ্ট্রেলিয়া), রিয়াসাত (জার্মানি)।