রিয়াল-অ্যাথলেটিকোর জয়

কোপা ডেল রে টুর্নামেন্টের ফাইনালে আগামী ১৭ মে মুখোমুখি হওয়ার আগে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ দুই দলই তাদের প্রস্তুতি সেরে নিল। গত বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ৬-২ গোলে বিধ্বস্ত করে নয়জনের মালাগাকে। আর অ্যাটলেটিকো ৩-১ গোলে পরাজিত করে সেল্টা ভিগোকে। রিয়াল কোচ হোসে মরিনহো আগেই বলে রেখেছিলেন, পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকা মালাগার বিরুদ্ধে মোটেই সহজ হবে না ম্যাচটি। অধিকন্তু ইনজুরি সমস্যার কারণে দলে ছিলেন না নিয়মিত একাদশের তিনজন খেলোয়াড়। মালাগা তাই রিয়ালকে হারানোর স্বপ্ন দেখে থাকলে তাতে অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু স্বাগতিক স্ট্রাইকারদের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচের দুই অর্ধে দুটি লাল কার্ড সর্বনাশ ঘটায় সফরকারীদের। ম্যাচের নাটকীয় প্রথমার্ধে বার্নাব্যু দর্শকরা দেখেছেন ছয়টি গোল। মালাগার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন রাউল অ্যালবিওল। কিছুক্ষণ বাদেই সমতায় ফেরে মালাগা। ম্যাচের চতুর্দশ মিনিটে অ্যালবিওলের গোলটির পুনরাবৃত্তি করে কর্নার থেকে উড়ে আসা বলে প্যারাগুইয়ান স্ট্রাইকার সান্তা ক্রজ মাথা ছুঁইয়ে দলকে প্রথম গোলটি এনে দেন। ম্যাচের ২০ মিনিটে বক্সের ভেতরে রোনালদোকে সার্জিও সানচেজ অবৈধভাবে ফেলে দিলে লাল কার্ড দেখেন তিনি। তবে প্রাপ্ত পেনাল্টিকে কাজে পরিণত করতে পারেননি তিনি। তবে এর কিছুক্ষণ বাদেই ফ্রি-কিক থেকে গোল করে দায়মোচন করেন রোনালদো। রিয়ালের জার্সি গায়ে এটি ছিল তার ২০০ তম গোল। ৩৪ মিনিটে মেসুত ওজিল ৩-১ এ এগিয়ে দেন রিয়ালকে। তবে এরপরই অ্যান্টিউনসের গোলে ব্যবধান কমায় মালাগা। কিন্তু বিরতির আগেই রিয়ালকে ৪-২ গোলে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। বিরতির পরে আরো আক্রমণাত্মক হয়ে ওঠা রিয়াল তাদের পঞ্চম গোলটি পায় লুকা মডরিচের মাধ্যমে। দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তিনি। এরপরই মালাগা ডিফেন্ডার মার্টিন ডেমিকেলিচ দ্বিতীয় হলুদ কার্ড দেখলে নয়জনের দলে পরিণত হয় মালাগা। অতিরিক্ত সময়ে গোল করে অ্যাঞ্জেল ডি মারিয়া ছয় গোলের ব্যবধান নিশ্চিত করেন। রিয়ালের বড় জয়ের দিনে সহজ জয় পেয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকোও। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের এগিয়ে দেন ডিয়েগো কস্তা। ব্যবধান দ্বিগুণ করেন জুয়াফ্রান তোরেস। অবনমনের আশঙ্কায় থাকা সেল্টার পক্ষে ফার্নান্দেস একটি গোল পরিশোধ করলেও র্যাদামেল ফ্যালকাওয়ের গোলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাথলেটিকো।