শ্রেষ্ঠত্ব হারালেন সাকিব

খারাপ খবর নাকি একা আসে না। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারটাও সেরকম ‘একা’ আসেনি। সঙ্গে বাংলাদেশ প্রথমে মুশফিকুর রহিমের পদত্যাগের খবর পেয়েছে। এবার আইসিসি জানালো—ওয়ানডে অলরাউন্ডারদের সিংহাসন থেকে ছিটকে পড়েছেন সাকিব আল হাসান। সাকিবকে আবার দুই নম্বরে পাঠিয়ে শীর্ষে চলে এসেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ২০০৯ সালের ২১ জানুয়ারি প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডারের র্যাংকিংয়ের শীর্ষে চলে আসেন সাকিব। এরপর প্রায় দু বছর টানা এক নম্বর থাকার পর অল্প কিছুদিনের জন্য শীর্ষস্থান হারিয়েছিলেন শেন ওয়াটসনের কাছে। পরে আবার উদ্ধার করেন জায়গাটা। সবশেষ এ বছরই ৩ জানুয়ারি প্রকাশিত র্যাংকিংয়ে সাকিব শীর্ষস্থান হারান পাকিস্তানি অলরাউন্ডার হাফিজের কাছে। হাফিজ ৪৩৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যান। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে হাফিজ ৩৮ পয়েন্ট হারিয়ে নেমে যান দ্বিতীয় স্থানে। হাফিজের রেটিংয়ে কোনো উন্নতি না হলেও সাকিব এবার একসঙ্গে ৩৫ পয়েন্ট হারিয়ে ৩৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন! এদিকে টেস্ট শীর্ষ অলরাউন্ডারের জায়গা তিনি আগেই হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের কাছে। তবে এতো সব খারাপ খবরের মধ্যেও ওয়ানডে ব্যাটসম্যান হিসাবে ১১ ধাপ এগিয়েছেন নাসির হোসেন। ক্যারিয়ার সেরা র্যাংকিং ৩৩তম অবস্থানে তিনি। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ এগিয়েছেন ছয় ধাপ। ৪৯তম অবস্থানে তিনি। বোলার হিসাবে শীর্ষ ১০ জনে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ৬৬৩ পয়েন্ট নিয়ে তিনি সপ্তম।