বোর্ডে চতুর্থ ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ

ঢাকা শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ৪র্থ স্থান অধিকার করেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। গতবছর মেধা তালিকায় স্কুলটি ছিল পঞ্চম স্থানে। স্কুলের ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা আনন্দিত। অভিভাবকরা বলেন, শিক্ষকদের প্রতিটি শিক্ষার্থীর বিষয়ে বিশেষ নজর দেয়ায় ফলাফল আশানুরূপ হয়েছে। এবছর প্রথমবারের মতো ইংরেজি ভার্সনে পড়া ১১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ওই ১১০ জন শিক্ষার্থীসহ বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ মিলে মোট ৪৮৭ শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে। এরমধ্যে জিপিএ-৫ ৩৭৫ জন। বিজ্ঞান বিভাগে ৪১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪১৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৫৯ জন। ব্যবসায় শিক্ষায় ৪৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। মানবিক বিভাগে ২৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। স্কুল কর্তৃপক্ষ বলেছেন, প্রশংসনীয় ফলাফলের পেছনে রয়েছে সুযোগ্য নেতৃত্ব ও নিবিড় তত্ত্বাবধান। শিক্ষার্থীদের পাঠোন্নতির নিয়মিত পর্যবেক্ষণ, একাধিক মডেল টেস্ট এবং অপেক্ষাকৃত দুর্বল ছাত্রদের বিশেষ যত্ন ইত্যাদি বিষয় ছাড়াও ছাত্রদের নিষ্ঠা ও ঐকান্তিক প্রচেষ্টা এবছর শিক্ষার্থীদের ভালো ফলাফলে সহায়ক হয়েছে।