চট্টগ্রামে বেড়েছে পাসের
হার ও জিপিএ-৫
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২২:১৫
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাসের হার গতবারের তুলনায় প্রায় ৯ শতাংশ বেড়েছে। একইসাথে বেড়েছে জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যাও। চট্টগ্রাম বোর্ডে চলতি বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ৮৬ হাজার ৫৮৫ জন। এর মধ্যে ৮৬ হাজার ৩৬৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং কৃতকার্য হয় ৭৬ হাজার ৩৭ জন। এবার চট্টগ্রামে মেয়েদের তুলনায় ছেলেরা ভাল ফলাফল করেছে। পরীক্ষার্থীদের মধ্যে ৮৯ দশমিক ১৪ শতাংশ ছেলে পাস করেছে। মেয়েদের ক্ষেত্রে এ হার ৮৭ দশমিক ১০ শতাংশ। এবার বিজ্ঞান বিভাগে গড় পাসের হার সবচেয়ে ভাল। এ বিভাগে ৯১ দশমিক ৯৯ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এছাড়া মানবিক বিভাগে ৭৯ দশমিক ৭৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৯ দশমিক ৯৪ শতাংশ কৃতকার্য হয়েছে।
এ বছর চট্টগ্রাম বোর্ডে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৩৫৮ জন, যা গতবারের চেয়ে ২ হাজার ২৩৭ জন বেশি। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ৩ হাজার ৪৮৫ জন। সামগ্রিক ফলাফলে চট্টগ্রাম বোর্ডে এবার সেরা হয়েছে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৮ জনই কৃতকার্য হয়েছে। এ প্রতিষ্ঠানের ৩৮৯ পরীক্ষার্থী এবার জিপিএ ৫ পেয়েছে।
গতকাল বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সার্বিক ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ৮৮ দশমিক ০৪ শতাংশ। গতবার এ হার ছিল ৭৯ দশমিক ০১ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৫ হাজার ৩৭৯ জন ছাত্র এবং ৪০ হাজার ৬৫৮ জন ছাত্রী।