[ অ র্থ নী তি ]

অর্থনীতির স্বার্থে সহিংসতা পরিহার করা উচিত

বাংলাদেশের সামস্টিক ও ব্যস্টিক অর্থনীতি আজ ক্ষুরধার সূক্ষ্ম তরবারীর উপর দাঁড়িয়ে আছে। একদিকে জানুয়ারি থেকে চলে আসা একের পর এক হরতাল অবরোধ সহিংসতা অন্যদিকে ব্যক্তিকেন্দ্রিক লোভের বলী হয়ে বিল্ডিং ধসে মানুষের মৃত্যু ডেকে আনছে মানবিক বিপর্যয় এবং বিদেশে পোশাক রপ্তানির ক্ষেত্রে হুমকি। এদেশের সিংহভাগ বাংলাদেশি মানুষরা শান্তি চায় এবং অর্থনৈতিক চালিকাশক্তির অন্যতম উপাদান হচ্ছে শান্তি। দুর্ভাগ্য যে, এই শান্তি আজ ক্রমশ ঘোরাটোপের মধ্যে অদৃশ্যমান হতে চলেছে। বাংলাদেশের ভাবমূর্তি যখন বহির্বিশ্বে অসম্প্রদায়িকতার কারণে উজ্জ্বল হতে চলছিল এবং এর সুফল যখন আমাদের আমদানি রপ্তানি ক্ষেত্রে পড়েছিল তখন হঠাত্ করে অবরোধ, সহিংসতা, হরতালের নামে নৈরাজ্য দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। আবার নারীর ক্ষমতা কেড়ে নেয়া, তাদের প্রতি অনুদার মনোভাব, সমঅধিকার না দেয়ার প্রয়াসের মাধ্যমে রাষ্ট্রকে আফগানিস্তান বা পাকিস্তান বানানোর ইচ্ছের মাধ্যমে দেশে বিদেশে মানব অধিকার ভূলুণ্ঠিত করা হচ্ছিল এবং অর্থনীতির চাকা পেছানোর প্রয়াস গ্রহণ করা হয়েছে। ভীত-সন্ত্রস্ত অবস্থায় নাগরিক নিরাপত্তা যখন বিপন্ন, পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা যখন প্রাণহানির শিকার হচ্ছেন, আক্রান্ত হচ্ছে ফাঁড়ি-থানা সেখানে আর যাই হোক শিল্প-কলকারখানা, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানও আক্রান্ত হওয়া থেকে বিরত নেই। এমনকি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানও পছন্দ না হলে আক্রমণ করতে, মিথ্যাচরণ করে একের পর এক ব্যবস্থা নিতে থাকায় দেশে আজ অর্থনৈতিক উন্নয়ন-অগ্রগতি ও প্রগতি থমকে দাঁড়িয়েছে। একটি দেশের উন্নয়নের পূর্ব শর্তসমূহ হচ্ছে শান্তি-শৃংখলা এবং অসম্প্রাদয়িকতা মুক্তভাবে রাষ্ট্রের উন্নয়নে কাজ করে যাওয়া। এজন্য কোনরূপ বৈরিতা যেমন বিদেশে বাংলাদেশের গ্রহণযোগ্যতা হ্রাস করে দেয় তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নকে হুমকির মুখোমুখি করে দেয়। দেশের বৈরি রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে বিদেশি ক্রেতারা একের পর এক পণ্যের দাম হ্রাস করে চলেছে। ফলে পোশাক শিল্পের সাথে জড়িত কিছু মালিকেরাও বাধ্য হয়ে কর্মপরিবেশ নষ্ট করে অস্বাস্থ্যকর এবং হুমকির সম্মুখীন পরিবেশে পোশাক উত্পাদনের ব্যবস্থা করছেন। Global strategic Alliance-এর কারণে যে সমস্ত বিদেশি ক্রেতা দেশি ক্রেতাদের সাথে বাণিজ্য করছেন, অর্ডার প্লেইস করছেন তারাও তাদের খুচরো ক্রেতার কাছে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। সবসময়ে যে কোন মানব সৃষ্ট দুর্যোগ ও অপতত্পরতা দেশের জন্যে ক্ষতিকারক। যে পোশাক শিল্পখাত থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলার আয় হয় সেখানে সব উত্পানকারী যে ভাল হবেন তা নয়। কিছু অসাধু ও অতিলোভী বিক্রেতার জন্যে আজ আমাদের পোশাক শিল্প খাত হুমকির সম্মুখীন। পোপ স্বয়ং মন্তব্য করেছেন যে, বাংলাদেশের পোশাক শিল্প খাতের শ্রমিকদের অবস্থা ক্রীতদাসের মত। এটির কিন্তু মারাত্মক প্রভাব বিদেশে রয়েছে। বিভিন্ন বিদেশি পত্র-পত্রিকায় প্রকাশিত রিপোর্টে দেখা যায় যে, অনেক খুচরো ক্রেতাই পোশাকে বাংলাদেশের ট্যাগ থাকলে কিনতে আগ্রহী নয়। অবশ্য মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। কিছু সচেতন বিদেশি ক্রেতা অভিমত ব্যক্ত করেছেন যে, দারিদ্র্য-পীড়িত বাংলাদেশ থেকে তাদের দেশে আমদানিকৃত পোশাক না কিনলে বরং দারিদ্র্য আরো বাড়বে এবং দরিদ্র মানুষেরা মানবেতর জীবন যাপনে বাধ্য হবেন। এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা মন্তব্য করেছেন যে, জিএসপি ফ্যাসিলিটিজ বহাল থাকার বিষয়টি বিবেচনার সময় সাভারের ট্র্যাজেডির কথাটি উঠে আসবে। ইউরোপীয়ান ইউনিয়নও দাবি করে যে, পোশাক শিল্প খাতে বিশেষ সুযোগ-সুবিধা দেয়াতেই যে উত্থান ঘটেছে তা সত্ত্বেও কর্মপরিবেশ ঠিক না থাকায় যখন মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটছে তখন তা রহিত করার বিষয়টি ভেবে দেখার বিষয়। আসলে বাংলাদেশের পোশাক শিল্পের ৬০ শতাংশ ইউরোপে, ২৩ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ৫ শতাংশ কানাডায় রপ্তানি হয়। প্রত্যক্ষভাবে প্রায় চার কোটি শ্রমবজীবী এই খাতে কাজ করে থাকে। এই শ্রমজীবীদের ৮০ শতাংশ হচ্ছে নারী শ্রমিক। ইচ্ছে করলেই সকল মালিকের পক্ষেই কলকারখানা ভাল জায়গায় নেয়া সম্ভব নয়। এর মূল কারণ ছিল গ্যাস সংযোগ ও বিদ্যুত্ সংযোগ। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ভাল থাকা দরকার। তবে সম্প্রতি সরকার নতুনভাবে আবাসিক ভবনে গ্যাস সংযোগ দেয়ার অনুমোদন দিয়েছেন। এটি একটি শুভ পদক্ষেপ। কলকারখানাতেও নতুনভাবে গ্যাস সংযোগ দেবেন। সাভার ট্র্যাজেডির মধ্য দিয়ে যে পরিবার তাদের উপার্জনক্ষম সদস্যকে হারালেন, তাদের জন্যে বেসরকারি পর্যায়ে ধনী শ্রেণী ও এনজিওরা এগিয়ে আসবেন বলে আশা করি। একই সাথে আরেকটি উদ্বেগের কথা বলছি। কেবল ঢাকা নগরীতে নয়, দেশের গ্রাম থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে ও ভঙ্গুর পর্যায়ের বিল্ডিং রয়েছে। এককভাবে সরকারি প্রতিষ্ঠানের উপর দায়িত্ব না চাপিয়ে সামাজিকভাবে নেটওয়ার্ক গড়ে তোলে যে সমস্ত বিল্ডিং এর স্থায়িত্ব নেই বললেই চলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। এজন্য সত্ সিভিল ইঞ্জিনিয়ারদের দ্বারা টাস্কফোর্স এলাকা ভিত্তিক গঠন করে ঐ স্থানের ব্লিডিংসমূহ পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মনে রাখতে হবে, মানবিক বিপর্যয় অর্থনীতিকে হুমকির মুখোমুখি কেবল করে না বরং প্রশ্ন জাগায়, অর্থনীতি তো মানুষের উন্নয়নের জন্য। সম্প্রতি ঘটে যাওয়া ন্যক্কারজনক ধর্মীয় সহিংসতা দেশে-বিদেশে, বাংলাদেশের অভ্যন্তরে এক হিংস্র দাবানলের সৃষ্টি করেছিল। বিদেশেও এর তীব্র প্রতিক্রিয়া হয়েছে। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র শাপলা চত্বর ও মতিঝিল এলাকায় উগ্র ধর্মীয় মতবাদপুষ্ট হয়ে যে ধরনের অপতত্পরতা গ্রহণ করা হয়েছিল স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশে ইতঃপূর্বে এমনটি হয়নি। সরকার ও আইন-শৃংখলা বাহিনী অসীম ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন এবং দমনে সমর্থ হয়েছেন। এটি একটি উল্লেখযোগ্য ঘটনা হলেও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলো বিষয়টিকে কাজে লাগাবেন। পাশাপাশি সারা দেশে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে এবং এটিএন নিউজের রিপোর্টে দেখানো হয়েছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন পর্যন্ত আগুন লাগানো হয়েছে তা দুর্ভাগ্যজনক। দেশ যেভাবে চলছে এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতি কেবল বিপর্যয়ের মধ্যে পড়বে না বরং দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাবে এবং কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাবে। একটি বিষয় জরুরি ভিত্তিতে সকলের কাছে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে, উগ্র ধর্মীয় গোষ্ঠীর এই ব্যাপক উত্থানের পেছনে নিশ্চয়ই কয়েক সহস্রাধিক অর্থকড়ির লেনদেন হয়েছে এবং এই লেনদেনের অর্থ কারা দিয়েছেন দেশ থেকে না বিদেশ থেকে এবং যারা ও যে সমস্ত দেশ-বিদেশ থেকে দিয়েছেন তার জন্য একটি শক্তিশালী তথ্য অনুসন্ধানী কমিটি গঠন করে এই অর্থের অপব্যবহার ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি থেকে পরিত্রাণের ব্যবস্থা করতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে ধর্মকে সুন্দরভাবে পালন করাই শ্রেয়। আসলে এ দেশটির যে অগ্রগতি সাধিত হচ্ছে তা অনেক দেশের কাছেই হয়ত সহনীয় নয়। বিভিন্ন দেশের এজেন্ট বিভিন্ন সময়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে যেয়ে এক অসহনীয় পরিবেশের সৃষ্টি করে। প্রতারিত হয় দেশের সাধারণ মানুষ। দেশের অর্থনীতির স্বাস্থ্য হয়ে উঠে ভঙ্গুর। এই যে এক অসহনীয় পরিবেশ সৃষ্টি হচ্ছে তা কখনো দেশের জন্যে মঙ্গলবার্তা বয়ে আনতে পারে না। দেশের মোট জনসংখ্যার পঞ্চাশ শতাংশ হচ্ছে নারী আর এই নারীকে ঘরে বদ্ধ রেখে দেশ এগিয়ে যেতে পারে না। কর্মক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করার বিকল্প বিশ্বায়নের যুগে নেই। রাজনৈতিক সহিংসতার কারণে কেবল যে রপ্তানির ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় বরং আমদানীকৃত পণ্য খালাস করার সমস্যাও সৃষ্টি হচ্ছে। পণ্য পরিবহন খরচ যেমন বাড়ছে তেমনি আমদানী পণ্যের দামও বাড়ছে। এ ধরনের সংকট কাটিয়ে উঠতে হলে সর্বাগ্রে প্রয়োজন একগুয়েমি ত্যাগ করে সুস্থধারার রাজনীতির চিন্তা প্রবর্তন করা। আসলে দেশের কল্যাণের কথা নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করলে মধ্যযুগীয় কায়দায় রাজপথ দখলের প্রয়াস বাদ দিয়ে বরং শান্তিপূর্ণভাবে পাঁচ বছর মেয়াদ সমাপ্ত হলে পরে ক্ষমতার পালাবদল জনগণের ইচ্ছা অনুযায়ী পরিবর্তিত হওয়া বাঞ্ছনীয়। নচেত্ কল-কারখানায় আজ যেমন উত্পাদন থমকে যাচ্ছে, ব্যাংক বীমা প্রতিষ্ঠানেরও কিন্তু বারোটা বাজতে চলেছে। একটি গোষ্ঠী ব্যাংকের কার্যালয় ও এটিএম বুথে আগুন লাগিয়ে এটি প্রমাণ করেছে যে, ক্ষমতার মসনদে যাওয়ার বাসনায় দেশের অর্থনীতি রসাতলে গেলে কোন অসুবিধা নেই। একের পর এক যে হরতাল দেয়া হচ্ছে তাতে ইদানীং ১১,৫২৫ কোটি টাকা ক্ষতি হয়। এই যে বিশাল অংকের ক্ষতি হচ্ছে তা সমাধানের উপায় খুঁজতে হবে। ব্যবসায়ী শিল্পপতিরা যেমন সমস্যা সংকুল পরিবেশে রয়েছে তেমনি সাধারণ খেটে খাওয়া দিনমজুরেরা নানামুখী সমস্যায় জর্জরিত। সাধারণ দিনমজুরদের যেখানে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে তারা কিভাবে বাঁচবে সে ব্যাপারে কে ক্ষতিপূরণ দেবে —যারা হরতালকে বানিয়েছে ভয়তাল নাকি অন্যপথ ভেবে দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অসামাজিক কার্যকলাপ বাড়ছে, কর্মসংস্থানহীনতা বাধ্য করছে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ার পেছনে। কেউ কেউ আবার ভয়তালের পক্ষে কিছু টাকার আশায় জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছে। ৮ মের দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদে দেখা যায় যে, মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে যাত্রীবাহী বাসে আগুন লাগাতে গিয়ে ধরা পড়েছে এবং ভ্রাম্যমাণ আদালত শাস্তি দিয়েছে। এদিকে গত মঙ্গলবার চট্টগ্রামের সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে আগুন দেয়া হয়েছে। অথচ সেদিন কোন হরতাল ছিল না। কেবল হরতালের দিন নয়, হরতালের আগেরদিনও ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের অপতত্পরতায় মনে হয় সরকার নয় আমরা সাধারণ জনমানুষও কোন এক অজানা হিংস্রতার জালে আবদ্ধ। এই জাল কেটে বের হতে হলে সবাইকে কাজ করতে হবে। এক একটি ট্রেনের বগির দাম কত পড়ছে? যখন সরকার চেষ্টা করছে ট্রেনের আধুনিকতায়, নারায়ণগঞ্জ ঢাকার আধুনিক ট্রেনের ব্যবস্থা করছে তখন এই ট্রেনকে বন্ধ করার জন্যে অন্য কোন চক্র কাজ করছে কিনা তা খুঁজে বের করা দরকার হয়ে পড়েছে। একের পর এক হরতালের বলী হচ্ছে সমগ্র দেশবাসী এবং অর্থনীতির প্রবৃদ্ধি শ্লথ হয়ে যাচ্ছে। এই যে হরতাল তা কখনো মানুষের উপকারে আসে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ছাত্র-ছাত্রীরা ভুক্তভোগী হয়েছে। এখন ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের ছাত্রছাত্রীরা ভুক্তভোগী হচ্ছে। যেহেতু এই পরীক্ষাটি ক্যামব্রীজ ও এডেক্সেল গ্রহণ করে থাকে আন্তর্জাতিকভাবে সেহেতু তারা সুস্পষ্ট বলে দিয়েছে, যদি টানা হরতাল থাকে তবে সে পরীক্ষা আর Make-up নেয়া সম্ভব নয়। নচেত্ বিকেলের পরীক্ষা সন্ধ্যায় এবং সন্ধ্যার পরীক্ষা গভীর রাতে হবে। দেশের অভিভাবকেরা দিশেহারা হলেও হরতালকারীদের মায়াদয়া নেই। হয় তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়ে নচেত্ ‘তুই যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই’-এর অবস্থা। অথচ দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি হলে বুঝত, যার পায়ে পেরেক ঢুকে সে পেরেকের মর্মযাতনা অনুভব করতে পারে। এটি বাংলাদেশের জন্যে দুর্ভাগ্য যে, সদ্য যৌবনপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেয়ার অধিকারটুকু দিতে পারছি না। অভিভাবকদের যদি ৬/৭ মাস অপেক্ষা করতে হয় তার সন্তান-সন্ততিদের পরবর্তী পরীক্ষা দেয়ার জন্য, নিশ্চয়ই সচ্ছল অভিভাবক হলে বিদেশে সন্তান পাঠিয়ে দিতে সচেষ্ট হবেন। এতে হয়ত তার সন্তান সুন্দরভাবে গড়ে উঠতে পারবে, কিন্তু আমাদের দেশ থেকে চলে যাবে মূল্যবান বৈদেশিক মুদ্রা। বৈদেশিক মুদ্রা চলে যাওয়া কিন্তু দেশের জন্য ক্ষতিকারক। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। কতিপয় উচ্চাভিলাষীর জন্য দেশে যে অরাজক অবস্থা তা থেকে পরিত্রাণ পেতে হলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এতকিছুর পরও দেশে বৈদেশিক রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫.০৬ বিলিয়ন মার্কিন ডলার। আমদানি ও অভ্যন্তরীণ বিনিয়োগ কমে গেছে। অন্যদিকে সুন্দর পরিকল্পনার আওতায় কৃষি খাতে ব্যবস্থা নেয়ায় কৃষিজাত পণ্যের উত্পাদন বেড়েছে। তবে ঘন ঘন হরতাল দেয়ায় বেশকিছু পচনশীল কৃষিপণ্য পচে যাচ্ছে এবং কৃষকেরা যে টাকা বিনিয়োগ করেছিল সেই উত্পাদন খরচও উঠে আসছে না। এদিকে বৈদেশিক বিনিয়োগও কমে গেছে যা মোটেই সুখকর নয়। যে ভীতিকর ও নৈরাজ্যজনক পরিবেশ হরতালের মাধ্যমে সৃষ্টি হচ্ছে তা দেশের অর্থনীতিতে দেশীয় বিনিয়োগকারীরা যেখানে ভীত সেখানে বিদেশি বিনিয়োগকারীরা আসবেন কিভাবে? অর্থনৈতিক অগ্রগতির জন্যে দেশে সহিংসতা ও তাণ্ডবলীলা পরিহার করার উপায় খুঁজে বের করতে হবে। লেখক: উপাচার্য, প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয় এবং ম্যাক্রো ও ফিন্যান্সিয়াল ইকোনোমিস্ট ই-মেইল:pipulbd@gmail.com