সাভারের ট্র্যাজেডি, অতঃপর...

সাভারের ট্র্যাজেডির শোকের রেশ এখনো কাটেনি। রানা প্লাজা ধ্বংসস্তূপে লাশের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। জীবিত পাওয়ার আশা ছেড়ে দিয়ে লাশের অপেক্ষায় থাকা মানুষগুলো যেন কাঁদতেও ভুলে গেছে। সাভার অধর চন্দ্র স্কুল মাঠ, রানা প্লাজার আশ-পাশ ও হাসপাতালের বারান্দায় বারান্দায় এক কাপড়ে ১৮ দিন ধরে অবস্থান করছে এমন মানুষের সংখ্যাও কম না। ভবনটি ধসে পড়ার পর হাজার হাজার জনতা এর পাশে এসে দাঁড়ায়। জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকর্মীরা অতি অল্প সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে বহু জীবিত মানুষকে উদ্ধার করেছে। দুর্ঘটনার পর সেনাবাহিনী ও দমকল বাহিনীর নেতৃত্বে যে উদ্ধার অভিযান সংঘটিত হয়েছে তা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। শাহিনাকে উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ ইজাজউদ্দিন কায়কোবাদ শনিবার সিঙ্গাপুরে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। মারাত্মক দগ্ধ ইজাজকে প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। ইজাজউদ্দিন মরে গিয়েও চিরদিন বেঁচে থাকবে মানুষের মাঝে। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর মনে হয়েছে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক সত্যের উপর। বাংলাদেশ দাঁড়িয়ে আছে একের প্রতি অন্যের ভালবাসার উপর। বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রোগীদের জন্য বহু হূদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে শুকনো খাবার, রান্না করা খাবার, পানি ও ওষুধসহ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে নগদ লাখ লাখ টাকা তুলে দেয়ার খবরও পাওয়া গেছে। প্রতি সরকারের আমলেও ভবন ধসে ও নৌ দুর্ঘটনায় বহু প্রাণহানি হয়েছে। তখন এসব দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়েছে, তদন্ত দল গঠন করা হয়েছে। প্রত্যেক প্রাণীকুলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই নিয়ম কিন্তু দুর্ঘটনার মৃত্যু কখনো কাম্য নয়। একজন অসত্ ভবন মালিকের দায়িত্বহীনতার কারণে সাভারে রানা প্লাজায় ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এর দায়ভার সরকারের ঘাড়ে চাপানো যুক্তিসঙ্গত হতে পারে না। ঠিক এই মুহূর্তে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। অথচ ১ মে বুধবার নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে মে দিবসের জনসভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে উদ্ধার অভিযানকালে অনেক শ্রমিকের লাশ গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন। আমাদের মতো দেশে যেখানে মারাত্মক দুর্ঘটনা, রাজনৈতিক সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগ প্রায় নিত্যনৈমিত্তিক ব্যাপার, সেখানে বিরোধী দলের কাছ থেকে এ ধরনের বক্তব্য খুবই অপ্রীতিকর। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের পাশাপাশি বিরোধী দলেরও সমান ভূমিকা থাকে। ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে শিল্প-কারখানায় কোন দুর্ঘটনা ঘটেনি, শ্রমিক হতাহত হয়নি, তা নয়। শিল্প বিপ্লবের অন্যতম যোগান এসেছে যে খনি থেকে, সেখানে বহু দুর্ঘটনা ঘটেছে। মারা গেছে বহু শ্রমিক। যত দিন যাচ্ছে, ততই কারখানা-দুর্ঘটনা, খনি-দুর্ঘটনা কমিয়ে আনা হচ্ছে। নানা প্রতিরোধমূলক ব্যবস্থার উদ্ভাবন, প্রাক-সচেতনতা, সতর্কতা এবং সর্বোপরি যোগ্য-দক্ষ ব্যবস্থাপনার কারণে প্রাণহানির সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। বাংলাদেশ এখনো পুরোপুরি শিল্পোন্নত দেশ নয় এবং বৃহদাকার শিল্প-কারখানাও নেই। এর মধ্যে তৈরি পোশাক শিল্পের সম্ভাবনা এবং প্রসারের ফলে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শ্রমঘন এই শিল্পে খুব অল্প জায়গায় অনেক বেশি শ্রমিককে কাজ করতে হচ্ছে। এ কারণে ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও তার শিকারে পরিণত হয় অনেক শ্রমিক। আর দুর্ঘটনা যখন বড় আকারে ঘটে, তখন শ্রমিক হতাহত ও দুর্ভোগের মাত্রা বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। এমন পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ কমানোর জন্য আমাদেরকে পরস্পরিক সহযোগিতা ও সহমর্মিতায় কাজ করে যেতে হবে। বাংলাদেশের বার্ষিক রফতানির ৮০ শতাংশ আসে তৈরি পোশাক শিল্প থেকে। ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের উত্স এই শিল্প। পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশের উন্নয়নে উত্সাহ জোগাতে ‘যথাযথ ব্যবস্থা’ নেয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সাভারে ভবন ধসের ঘটনায় তৈরি পোশাক কারখানার কর্মীসহ ব্যাপক প্রাণহানির ঘটনায় তারা এ ব্যবস্থা নেয়ার কথা ভাবছে বলে জানিয়েছে। সাভার ট্রাজেডি শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বেই কর্মপরিবেশে নিরাপত্তা ও দায়িত্বশীলতার তাগিদ সৃষ্টি করছে। আমাদের বিবেচ্য বিষয় হল, বাংলাদেশের যে ইমেজ সংকট দেখা দিয়েছে, তা কাটিয়ে উঠা। ইমেজ সংকট কাটিয়ে উঠতে রোডম্যাপ তৈরি করে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন আইএলও’র বাংলাদেশ সফরকারী প্রতিনিধিদলের প্রধান গিলবার্ট হংবো। এই রোডম্যাপ তৈরি ও তা বাস্তবায়নের কাজটিই যথাযথভাবে করতে হবে এবং দ্রুততার সঙ্গে করতে হবে। ভবন ধসের পরে আমরা যে হাজার হাজার মানুষকে ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে দেখেছি, হাজার হাজার তরুণকে রক্ত দিতে দেখেছি, হাসপাতালের ডাক্তার-নার্সদের রাত-দিন নিরলস কাজ করতে দেখেছি, ঠিক এমনভাবেই এ দেশকে এগিয়ে নিয়ে যাব- সামনের দিকে। এটাই সকলের কাছে আমার প্রত্যাশা। লেখক :উপাচার্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ই-মেইলঃ msulla.sau@gmail.com