টি-টোয়েন্টিতেও
হতাশ করল
বাংলাদেশ
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:৫৫
‘জয়’ শব্দটি ক্রমশ বাংলাদেশ ক্রিকেট দলের কাছে অপরিচিত হয়ে উঠছে। ওয়ানডে সিরিজ হারানোর ক্ষত পুষিয়ে নিতে গতকাল শনিবার যখন প্রথম টি-টোয়েন্টিতে জয়ের মুখ দেখতে যাচ্ছিল বাংলাদেশ, ঠিক সেসময়ে তীরে এসে তরী ডুবল অধিনায়ক মুশফিকুর রহিমের দলের। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১০ রান অথচ আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী পারলেন না সেই রান টপকাতে। ছয় রানে হেরে গেল বাংলাদেশ। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষটি হবে আজ। আশা করা যায় সফরের শেষ ম্যাচটি জিততে মরিয়া হয়ে একই ভেন্যুতে নামবে মুশফিকরা। অধরা জয়ের দেখা মিলবে কিনা সে উত্তর খুঁজতে হলে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। কিন্তু অপেক্ষায় থাকা ‘জয়’ এর সন্ধানে ছুটে চলা বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল কাল। ১৬৮ রানের লক্ষ্যে ভালোভাবেই খেলছিলেন সাকিব আল হাসান ও শামছুর রহমান শুভ। ব্রায়ান ভিটোরির প্রথম ওভারে তামিম ইকবাল বোল্ড হয়ে ফিরে গেলেও তার অভাবটা বুঝতে দেননি এই দু’জন। মোহাম্মদ আশরাফুলের জায়গায় খেলতে নামা শুভ (৫৩) কাল পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি। তবে সাত রানের মাথায় স্টাম্পিং থেকে বেঁচে যান তিনি। প্রসপার উেসয়ার এক ওভারে ১৮ রান নিয়ে এলোমেলো করে দেন জিম্বাবুয়েন বোলারদের। দমে ছিলেন না সাকিবও। ওয়ানডে সিরিজে অফ-ফর্মে কাটানো সাকিব (৬৫) এদিন স্বরূপে ফেরেন। পেয়ে যান ক্যারিয়ারের তৃতীয় ফিফটিও। বাংলাদেশকেও এনে দেন লড়াই করার মানসিকতা। সাকিব ও শুভ’র ব্যাটিংয়ে হার মানা উেসয়া অবশ্য শেষ পেরেকটি ঠুকেছেন নিজের চতুর্থ ওভারে। দু’জনকেই ফিরিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন জিম্বাবুয়ের এই স্পিনার। এরপর ঘটল বাংলাদেশের ইনিংসে সবচেয়ে করুন দৃশ্য। পরপর দু’টি রানআউট ও জিয়াউর রহমানের বিদায়ে মুহূর্তের মধ্যে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬/১৪৩। এরপরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সফরকারীদের হাতে। অধিনায়ক মুশফিকের উপরই দায়িত্ব ছিল বেশি। কিন্তু দায়িত্বের চাপটা যেন একটু বেশিই হয়ে যায় তার জন্য। ১৪ বলে ২৮ রান করে পানইয়াঙ্গারার বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরেন আসেন অধিনায়ক। মুশফিকের বিদায়ে ভেঙ্গে যায় বাংলাদেশের জয়ের স্বপ্ন। তাদের ইনিংস থেমে যায় ১৬২ রানে। এর আগে জিম্বাবুয়ের ইনিংসে পুরোটা সময় আলো জ্বালিয়ে রেখেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা (৫৯) ও ব্রেন্ডন টেইলর (৪০) । ভূসি সিবান্দাকে ফিরিয়ে দিয়ে দলকে প্রথম উত্সবের সুযোগ করে দিলেও তা বেশিক্ষণ টেকেনি। মাসাকাদজা ও টেইলরকে ফিরিয়েছেন সাকিব। কিন্তু সেটিও জিম্বাবুয়ের রানের মেশিন থামাতে পারেনি।