ই ং লি শ প্রি মি য়া র লি গ
ওল্ড ট্রাফোর্ডে আজ আবেগঘন বিদায় ফার্গুসনের
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:৫৫
অ্যালেক্স ফার্গুসন অধ্যায়ের সমাপ্তি দেখতে যাচ্ছে আজ ওল্ড ট্রাফোর্ড। ব্রিটিশ ফুটবলের কিংবদন্তী এই কোচ সোয়ানসি সিটির বিরুদ্ধে দায়িত্ব পালনের মধ্য দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডের সাথে ২৭ বছরের সম্পর্কের সমাপ্তি টানবেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিমধ্যে শিরোপা নিশ্চিত করার কারণে রেড ডেভিলসদের জন্য খেলাটির তেমন গুরুত্ব নেই। এরপরও ফার্গুসনের শিষ্যরা চাইবেন নিজ মাঠে যেন প্রিয় ম্যানেজারের মধুর সমাপ্তি ঘটে।
চলতি মৌসুমে ২০তম লিগ শিরোপা নিশ্চিত করা ইউনাইটেডের শেষ ম্যাচটি আগামী ১৯ মে ওয়েস্টব্রমউইচ আলবিয়নের মাঠে। ওল্ড ট্রাফোর্ডে তাই এটাই শেষ ম্যাচ ফার্গুসনের। গত বুধবার তিনি ঘোষণা দেন যে, চলতি মৌসুম শেষে তিনি আর ইউনাইটেডের দায়িত্বে থাকছেন না। পরেরদিন বৃহস্পতিবার ইউনাইটেড কোচ হিসাবে বেছে নেয় এভার্টনের ডেভিড মোয়েসকে।
ডাগআউটে রাগান্বিত মুখ, ম্যাচ অফিসিয়ালদের তীব্র সমালোচনা, চিন্তিতভাবে বার বার ঘড়ি দেখা এবং জয়োত্সবের আনন্দে মাতোয়ারা ফার্গুসনকে দেখে এসেছে এতদিন ওল্ড ট্রাফোর্ডের দর্শকরা। তাই এমন ভঙ্গিতে ফার্গুসনকে দেখার শেষ সুযোগ বলে ৭৬ হাজার সমর্থক আজ তাকিয়ে থাকবেন ফার্গুসনের দিকে। ইউনাইটেডের সফলতার কাণ্ডারি ফার্গুসন আর ডাগআউটে আসবেন না। ইউনাইটেড সমর্থকরা তার অভাব অনুভব করবেন। সব মিলিয়ে আবেগঘন এক বিদায় হতে যাচ্ছে ব্রিটিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ম্যানেজার ফার্গুসনের।
প্রিমিয়ার লিগে ইউনাইটেডের ১৩তম শিরোপাটি আজই শোভা পেতে পারে ৭১ বছর বয়স্ক ফার্গুসনের হাতে। গতবার আকাশি-সাদা জার্সিধারী ম্যানচেস্টার সিটি এ শিরোপাটি জিতে নিয়েছিল। আবারো কালো-লাল-সাদা জার্সিদের হাতে ফিরে এসেছে লিগ শিরোপা।
ওল্ড ট্রাফোর্ডের এই আবেগ ছুঁয়ে যাবে গুডিসন পার্কেও। ফার্গুসনের স্থলাভিষিক্ত হচ্ছেন তারই স্বদেশি আরেক স্কটিশ মোয়েস যিনি ১১ বছর এভারটনের দায়িত্বে ছিলেন। আগামী ১ জুলাই তিনি দায়িত্ব নিতে পারেন ইউনাইটেডের। এভারটনের মাঠে আজ মোয়েসেরও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে যাতে প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম।
ফার্গুসন ও মোয়েসের আবেগময় বিদায়ের সপ্তাহে অবশ্য প্রিমিয়ার লিগে কিছু গুরুত্বপূর্ণ খেলাও রয়েছে। গতকাল তৃতীয় স্থানে থাকা চেলসি গেছে অ্যাস্টন ভিলা সফরে। চলতি মৌসুমের আর দুুটি করে ম্যাচ বাকি রয়েছে ক্লাবগুলোর। তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করতে চায় চেলসি। কেননা সেক্ষেত্রে পরবর্তী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলতে পারবে ব্লুজরা।
টটেনহ্যাম আজ লড়বে স্বাগতিক স্টোক সিটির সাথে। পঞ্চম স্থানে থাকা কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের দল টটেনহ্যামের কোনভাবেই পয়েন্ট হারানো চলবে না। আর্সেনাল ও চেলসির হুমকির কারণ এই টটেনহ্যাম। আর্সেনাল চতুর্থ স্থানে রয়েছে টটেনহ্যাম থেকে এক পয়েন্টে এগিয়ে থেকে। চেলসি তিন পয়েন্টে এগিয়ে রয়েছে টটেনহ্যাম থেকে। আর্সেনাল আগামী মঙ্গলবার লড়বে উইগানের বিপক্ষে। এই রাতেই দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ রিডিং।