ফার্গুসনের
সিদ্ধান্তে
বিস্মিত
মরিনহো
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:৫৫
হঠাত্ করেই আসে সিদ্ধান্তটা। গোটা ফুটবল বিশ্বকে অবাক করে অবসরের সিদ্ধান্ত নেন স্যার অ্যালেক্স ফার্গুসন। সমাপ্তি ঘটান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৭ বছরে ৩৮টি শিরোপা জয়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের। আর তার এই সিদ্ধান্তে অনেকের মতো বিস্মিত হয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ কোচ হোসে মরিনহো। তবে ফার্গুসন বিদায় নেয়ায় ব্যথিত ও বিস্মিত হলেও নতুন কোচ ডেভিড মোয়েসের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন মরিনহো। পোর্তো, চেলসি এবং ইন্টারমিলানের সাবেক কোচ মরিনহো আরো জানান ইউনাইটেডের কিংবদন্তী ফার্গুসন তাকে ব্যক্তিগতভাবে ফোন দেন এবং জানিয়েছেন তার সিদ্ধান্ত। প্রায় ২৭ বছর ওল্ড ট্রাফোর্ডের সাথে ছিলেন ফার্গুসন। অবশেষে ফার্গুসন অধ্যায়ের সমাপ্তি ঘটছে। গত বুধবার ইউনাইটেড ছাড়ার ঘোষণা দেন ৭১ বছর বয়স্ক এই স্কটিশ। স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাত্কারে মরিনহো বলেন, ‘যখন স্যার অ্যালেক্স আমাকে ফোন দিয়ে সিদ্ধান্তটি জানিয়ে সম্মানিত করল, আমি বিস্মিত হয়েছি এবং হয়েছি ব্যথিত। আমার জন্য এটা কঠিন হবে এবং আমি মনে করি সকল ম্যানেজারের জন্যও। ওল্ড ট্রাফোর্ডে যাওয়া এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে খেলার সময় থাকবেন না এই প্রবাদপুরুষ। একই সময়ে আমি খুশি তার আবেগ এবং অর্জনে। অসাধারণ ক্যারিয়ার তার।’ ইউনাইটেড আজ রবিবার প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটির মোকাবেলা করবে। ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড শেষবারের মত নামবে ফার্গুসনের অধীনে। মরিনহো জানান এই ম্যাচটি দেখার সময় তিনি আবেগতারিত হয়ে পড়তে পারেন। ম্যাচটি দেখবেন কিনা এই প্রশ্নে মরিনহো বলেন, ‘না ! অবশ্যই না। আমি কাঁদতে চাই না !’
মরিনহো নিজেও ইউনাইটেডের ব্যাপারে আগ্রহী ছিলেন। সেখানে ছয় বছরের জন্য ডেভিড মোয়েস চুক্তিবদ্ধ হয়েছে রেড ডেভিলদের সাথে। মরিনহো বলেন, ‘আমি মনে করি ডেভিড সেরা পছন্দ। আমি তাকে ব্যক্তি হিসেবে পছন্দ করি। ম্যানেজার হিসেবে তার চরিত্রও আমার ভাল লাগে। আমি বিশ্বাস করি ম্যানচেস্টার ইউনাইটেড তাকে সমর্থন দেবে। ভাল কাজ করার সকল যোগ্যতা রয়েছে তার। স্যার অ্যালেক্সের সুখী জীবন এবং ওল্ড ট্রাফোর্ডে ডেভিডের সফল ক্যারিয়ার কামনা করি।’
নিজের ক্যারিয়ারে দু’টি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য এক রেকর্ড গড়েন ৫০ বছর বয়সী মরিনহো। কাজ করেছেন পোর্তো, ইন্টার মিলান, চেলসির মতো নামিদামি ক্লাবের হয়ে। আবার গুজব উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছেন তিনি। সেটা হতে পারে নিজের সাবেক ক্লাব চেলসিতে। তবে তার গন্তব্যের কথা সময়ই বলে দিবে।