এএফসি প্রেসিডেন্টস কাপ
চূড়ান্ত পর্বে খেলা হলো না আবাহনীর
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:৫৬
আবাহনী লিমিটেডের এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন পূরণ হলো না। গতকাল শনিবার নেপালের কাঠমান্ডুতে মঙ্গোলিয়ার এরচিম এফসির কাছে ১-০ গোলে পরাস্ত হয়ে বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হয় দলটিকে।
এএফসি প্রেসিডেন্ট কাপের ‘এ’ গ্রুপে এটি ছিল গেলবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের তৃতীয় ও শেষ খেলা। কিন্তু আগের দুই ম্যাচে ড্র করা দলটি এদিন দশরথ স্টেডিয়ামে ৫৮ মিনিটে পিছিয়ে পড়ার পর আর খেলায় ফিরতে পারেনি।
নেপালের থ্রি স্টার ক্লাব ও তাইওয়ান পাওয়ার কোম্পানির সাথে আগের দুই খেলায় ১-১ গোলে ড্র করেছিল আবাহনী। সেজন্য কালকের খেলায় তাদের জয়ের বিকল্প ছিল না। এর মধ্যেই গোলশূন্য থাকে প্রথমার্ধ। এরপর খেলার ৫৮ মিনিটে পাল্টা আক্রমণে আবাহনী প্রহরী শহিদুলের ব্যর্থতায় বাতবিলগুন গোলটি করেন।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে আবাহনী এর আগে বেশকটি সুযোগ পেলেও সেসব থেকে গোল আদায় করতে পারেনি। এর মধ্যে ২৭ মিনিটে রনি বল নিয়ে ক্রস দিলেও তা ভেস্তে দেন বিপক্ষ ডিফেন্ডার। রনি ৫৫ মিনিটেও আরেকবার সুযোগ পেয়েছিলেন। এ দফায় মঙ্গোলিয়ান দলটির দুই ডিফেন্ডারকে কাটিয়েও পোস্টে বল পাঠাতে ব্যর্থ হন তিনি।
আবাহনীর সহকারী কোচ অমলেশ সেন খেলা শেষে সুযোগগুলো কাজে লাগাতে না পারার কারণে অনুতাপ করেন। তিনি অবশ্য এও দাবি করেন যে এরচিমের দেয়া গোলটি ছিল অফসাইড থেকে পাওয়া। অমলেশ বলেন, ‘এরচিমের গোলটি ছিল বিতর্কিত। এটাকে অফসাইড মনে হয়েছে। আমাদের স্ট্রাইকারদেরও দুষতে হবে। তারা গোলের তিনটি পরিষ্কার সুযোগ নষ্ট করেছে।
অপরদিকে এরচিম এফসির কোচ বায়াসগালান ছোইডোগজামটস জানান, খেলোয়াড়দের নৈপুণ্যে তিনি সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমি খুশি। আমার ছেলেরা পরিকল্পনা মাফিক খেলেছে। আমরা যেভাবে বলেছি তারা সেভাবেই খেলেছে।’
উল্লেখ্য স্বাগতিক থ্রি স্টার ক্লাব এরই মধ্যে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ থেকে অপর দলটি নির্ধারিত হবে গত রাতে অনুষ্ঠিত থ্রি স্টার ক্লাব ও তাইওয়ান পাওয়ার কোম্পানির খেলাটি শেষে। -গোলনেপাল