প্রোটিয়াদের নতুন কোচ রাসেল ডোমিংগো
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:৫৬
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে রাসেল ডোমিংগোকে নিয়োগ দেয়া হয়েছে। ডোমিংগো এতদিন সহকারি কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন আগামী ৪ জুলাই বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর চুক্তি নবায়ন করবেন না, এমন ঘোষণা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ডোমিংগোকে পদোন্নতি দিয়ে পূর্ণ কোচ করার ঘোষণা দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)।
কোচ হিসেবে নিজের কাজটা যে অনেক কঠিন ও চ্যালেঞ্জিং হবে সে বিষয়ে সচেতন ডোমিংগো। সম্প্রতি ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে স্যার এ্যালেং ফার্গুসনের জায়গায় ডেভিড মোয়েসের দায়িত্ব নেয়ার সঙ্গে কার্স্টেনের জায়গায় তার নিজের দায়িত্ব পালনের তুলনা করে ডোমিংগো বলেন, ‘ডেভিড ময়েস কি ভাবছেন আমি সেটা জানি।’
কার্স্টেনের সময়ে টেস্ট ক্রিকেটে যে শ্রেষ্ঠত্ব প্রোটিয়ারা অর্জন করেছে, তা ধরে রাখার অঙ্গীকার ঝরলো ডোমিংগোর কণ্ঠে। ডোমিংগো বলেন, ‘আশা করছি আরেকটি পর্যায়ে দলের উন্নতি অব্যাহত রাখতে পারবো। টেস্ট র্যাংকিংয়ে আমরা শীর্ষ স্থান অর্জন করেছি। তবে অন্য ক্ষেত্রে এখনো অনেক কাজ করা আছে। পাশাপাশি দল যে বিশ্বের সেরা অবস্থানে থাকার যোগ্য সেটা নিশ্চিত করবো।’
আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই হবে কার্স্টেনের শেষ এসাইনমেন্ট। আর জুলাই-আগস্টে শ্রীলংকা সফরে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্ব নেবেন ডোমিংগো। তবে নতুন কোচ আসলেও দল খেলবে কার্স্টেনের দেখানো পথেই। এমন কথা বললেন খোদ ডোমিংগোই। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জাতীয় দলের সঙ্গে ইতোমধ্যেই দুই বছর কাজ করার পর আমার জীবনে আজ অনেক বড় একটা দিন। গ্যারি কার্স্টেন ও এ্যালান ডোনাল্ডের (বোলিং কোচ) কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আশা করছি দলকে আমি আরেকটা অবস্থানে নিতে পারবো। গ্যারির কাঠামোটা আমি অব্যাহত রেখে সামনের দিকে এগুতে পারবো বলে আশা করছি।’ -বাসস