নিম্নমানের বীজে উত্পাদন ব্যাহত, প্রতারিত কৃষক

বীজ শিল্প আমাদের দেশে তেমন কোন আলোড়ন সৃষ্টি করতে পারেনি। তবে এর মধ্যেও রয়েছে নানা ধরনের দুর্নীতি। অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। প্রতারিত হচ্ছে গরিব কৃষক। ফলে ভেঙে পড়ছে বীজ শিল্প। কৃষকদের কাছে হারাচ্ছে বিশ্বাস। বীজ প্রত্যায়ন এজেন্সির নীতিমালা অনুযায়ী একজন অসাধু ব্যবসায়ীকে প্রাথমিক অবস্থায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে একই ব্যবসায়ী একই কাজে লিপ্ত থাকলে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা একজন অসাধু ব্যবসায়ীর কাছে খুবই সামান্য। যে ব্যক্তি বীজ নকল করে তার লাভ হয় লক্ষ লক্ষ টাকা কিন্তু জরিমানা হয় কম। গত শুক্রবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বাংলাদেশের বীজ খাতে সুশাসন শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। তারা এসব অসত্ ব্যবসায়ীদের জন্য শাস্তি বাড়ানোর দাবি জানান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। বক্তারা বলেন, বীজ প্রত্যায়ন এজেন্সিতে নানা রকমের দুর্নীতি এবং জটিলতার কথা শোনা যায়। এই এজেন্সির নীতিমালা থাকলেও নেই তেমন ব্যবহার। সঠিকভাবে জনবল ব্যবহার করা হচ্ছে না। নীতিমালা আরো প্রকট হওয়া দরকার। বীজ পরীক্ষা-নিরীক্ষার জন্য সঠিক প্রযুক্তি চালু করতে হবে। বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে বীজ গবেষণার জন্য গবেষণাগার থাকা দরকার। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হযরত আলীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বীজ প্রত্যায়ন এজেন্সির পরিচালক এ এইচ ইকবাল আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা। তিনি বলেন, বাংলাদেশের বীজ সেক্টরে নানা ধরনের দুর্নীতি হচ্ছে। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এজন্য নৈতিক শিক্ষায় শিক্ষিত না হলে যতই আইন করা হোক কোন কাজে আসবে না। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে বীজ নিয়ে কোর্স কারিকুলাম থাকতে হবে। তা না হলে বীজ সেক্টর ধীরে ধীরে বিলুপ্ত হবে। সেমিনারে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি সিড ইনস্টিটিউশন প্রতিষ্ঠার প্রস্তাব করেন তিনি। সেমিনারে বক্তারা বলেন, গুণগত মানসম্পন্ন বীজ ব্যবহার করলে উত্পাদন ২০ শতাংশ বেড়ে যায়। কিন্তু আমাদের দেশের কৃষকরা মাত্র ২০ শতাংশ গুণগত মানসম্পন্ন বীজ ব্যবহার করছেন বাকি ৮০ শতাংশ ব্যবহার হচ্ছে নিম্নমানের এবং কৃষকদের নিজেদের বীজ। এজন্য গুণগত মানসম্পন্ন বীজের সরবারহ বাড়াতে হবে। এজন্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একযোগে এগিয়ে আসতে হবে। এছাড়া অসত্ ব্যবসাকে বন্ধ করার জন্য কোম্পানির পাশাপাশি সরকারকেও সচেতন হতে হবে।