নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থিত ঢাকা নার্সিং কলেজে শিক্ষার্থীরা চারদফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার বিক্ষোভ করেছেন। সকালে ক্লাস বর্জন করে তারা এই বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—ইন্টার্নশিপ চালু, বৃত্তি পুনর্বহাল, বৃত্তি বৃদ্ধি ও অ্যাপ্রোন পরার অনুমতি দেয়া। শিক্ষার্থীরা জানান, দাবিগুলো মেনে না নেয়া হলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। পরে কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে দুপুরে তারা বিক্ষোভ বন্ধ করেন। ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ এরা দেব্রো জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি সরকারকে জানানো হয়েছে। দাবিগুলো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে।