ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার
পদক পেলেন ড. আনিসুজ্জামান
বুলবুল চৌধুরী ও
শুভাশীস সিনহা
প্রকাশ : ১১ মে ২০১৩, ২২:২৬
সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান এ বছরের ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১২ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে তিনটি শাখায় শ্রেষ্ঠ বিবেচনায় অধ্যাপক আনিসুজ্জামান, বুলবুল চৌধুরী এবং শুভাশীস সিনহাকে এ পদক দেয়া হয়। অধ্যাপক আনিসুজ্জামান তার ‘বাঙালি সংস্কৃতি ও অন্যান্য’ গ্রন্থের জন্য প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণীতে শ্রেষ্ঠত্বের সম্মাননা পান। কবিতা ও কথাসাহিত্য শাখায় ‘এই ঘরে লক্ষ্মী থাকে’ উপন্যাসের জন্য বুলবুল চৌধুরী এবং ‘কুলিমানুর ঘুম’ উপন্যাসের জন্য হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার পান শুভাশীস সিনহা।
গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই তিন সাহিত্যিকদের হাতে পুরস্কারের অর্থ, সম্মাননা স্মারক এবং ক্রেস্ট তুলে দেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর তিন সদস্য অধ্যাপক মুস্তাফা নুরুল ইসলাম, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, কবি আসাদ চৌধুরী এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। বাংলা সাহিত্যের মৌলিক সৃষ্টিকর্মকে উত্সাহিত করার জন্য ২০১১ সাল থেকে ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে চলতি বছর থেকে হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্য পুরস্কার সংযোজন করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি